০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

‘ভয়াবহ, জঘন্য’, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ধুয়ে দিলেন ওয়ার্নার

অস্ট্রেলিয়ার সাবেক ওপেনারের মতে, অস্ট্রেলিয়ার ক্রিকেটের সঙ্গে এমন পারফরম্যান্স একদমই যায় না।

‘ভয়াবহ, জঘন্য’, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ধুয়ে দিলেন ওয়ার্নার

ক্যামেরন গ্রিনকে বোল্ড করে সাইমন হার্মারের (বাঁয়ে) উল্লাস। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 31 Oct 2026, 11:00 PM

Updated : 31 Oct 2026, 11:00 PM

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টের শেষ দিন যেভাবে মুখ থুবড়ে পড়েছে অস্ট্রেলিয়ার ব্যাটিং, তা দেখে ভীষণ ক্ষুব্ধ ডেভিড ওয়ার্নার। রান তাড়ায় চাপের মুখে এভাবে ভেঙে পড়ায় স্বদেশি ব্যাটসম্যানদের তীব্র সমালোচনা করেছেন তিনি। এমন পারফরম্যান্সকে ‘ভয়াবহ, জঘন্য ও অস্ট্রেলিয়াসুলভ নয়’ বলে আখ্যা দিয়েছেন দেশটির সাবেক এই ওপেনার।

সিরিজ নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের লক্ষ্য দেয় দক্ষিণ আফ্রিকা। শনিবার সেই চ্যালেঞ্জে ব্যাটিংয়ে নেমে বালির বাঁধের মতো ভেঙে পড়ে সফরকারীদের ব্যাটিং। কাগিসো রাবাদার করা দিনের প্রথম ওভারেই দুই উইকেট হারায় তারা। সেই ধাক্কা সামলে আর ঘুরে দাঁড়াতে পারেনি প্যাট কামিন্সের দল।

রাবাদার পর সাইমন হার্মারের ছোবলে একের পর এক উইকেট হারায় অস্ট্রেলিয়া। একটা সময় তাদের স্কোর দাঁড়ায় ৬২ রানে ৮ উইকেট। সেখান থেকে প্যাট কামিন্স ও ন্যাথান লায়নের জুটিতে কোনোমতে একশ পার করে দলটি। শেষ পর্যন্ত ১১১ রানে গুটিয়ে ১৭৬ রানের বড় পরাজয়ের তেতো স্বাদ পায় তারা।

অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের এমন হতশ্রী পারফরম্যান্সের পেছনে তাদের নিজেদেরও দায় ছিল। মার্নাস লাবুশেন, জশ ইংলিস, অ্যালেক্স কেয়ারি একরকম উইকেট বিলিয়ে আসেন। থিতু হয়ে ফেরেন ক্যামেরন গ্রিন। আত্মবিশ্বাসী শুরুর পর অনেক বাইরের বলে ব্যাট চালিয়ে বিদায় নেন ট্রাভিস হেড।

৬০ রানে ৭ উইকেট হারিয়ে যখন লাঞ্চ বিরতিতে যায় অস্ট্রেলিয়া, ওই সময় ফক্স স্পোর্টসে স্বদেশিদের ধুয়ে দেন ২০২৪ সালের জানুয়ারিতে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া ওয়ার্নার।

“ভয়াবহ দৃশ্য। কোনোভাবেই অস্ট্রেলিয়াসুলভ ক্রিকেট নয়। লড়াইয়ের কোনো মানসিকতাই দেখা যায়নি। জঘন্য।

“পুরো সিরিজেই ব্যাটসম্যানরা সতীর্থ বোলারদের হতাশ করেছে। প্রথম টেস্টে (ম্যাট) রেনশ লড়াইয়ের মানসিকতা দেখিয়েছিল। কিন্তু আমার মনে হয়, ব্যাটসম্যানরা একেবারেই জঘন্য পারফরম্যান্স করেছে।”

জয় দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করা অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে যায়। তাতে টেস্ট র‍্যাঙ্কিংয়ে এবং আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানও হারায় তাসমান সাগর পারের দলটি।