২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবল ছেড়ে ক্রিকেটকে বেছে নেওয়া ম্যাককিনি এখন ইংল্যান্ড টেস্ট দলে

দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে দীর্ঘদেহী এই বাঁহাতি আগ্রাসী ব্যাটসম্যানকে রেখেছে ইংল্যান্ড।

ফুটবল ছেড়ে ক্রিকেটকে বেছে নেওয়া ম্যাককিনি এখন ইংল্যান্ড টেস্ট দলে

বেন ম্যাককিনি। ছবি: ডারহাম ক্রিকেট ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Nov 2026, 11:01 PM

Updated : 21 Nov 2026, 11:01 PM

একসময় প্রতিভাবান ফুটবলার ছিলেন বেন ম্যাককিনি। কিশোর বয়সে সান্ডারল্যান্ডের একাডেমিতে মিডফিল্ডার হিসেবেও খেলেন তিনি। কিন্তু পরে ক্রিকেটকে পেশা হিসেবে বেছে নেন। সেই পথচলায় এবার ইংল্যান্ডের জাতীয় দলেও জায়গা করে নিলেন ২২ বছর বয়সি এই ক্রিকেটার।

দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য শনিবার ১৫ জনের দল ঘোষণা করে ইংল্যান্ড। সেখানে ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার বাঁহাতি ব্যাটসম্যান ম্যাককিনিকে রেখেছে তারা।

মূলত জেকব বেথেল চোট থেকে সেরে না ওঠায় সুযোগ পেয়েছেন ম্যাককিনি। সাবেক সহ-অধিনায়ক অলি পোপকে টপকে টপ অর্ডারে ব্যাটিংয়ের বিকল্প হিসেবে দলে জায়গা করে নিয়েছেন তিনি।

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া ম্যাককিনি শুরুতে ফুটবলে ক্যারিয়ার গড়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ১৬ বছর বয়সে ভাবনা বদলে ক্রিকেটের পথে হাঁটা শুরু করেন তিনি। সিদ্ধান্ত নেন ঘরোয়া ক্রিকেটে ডারহামের হয়ে খেলার।

২০২৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ডকে নেতৃত্ব দেন ম্যাককিনি। ওই বছরই ইংল্যান্ড লায়ন্সের হয়ে অভিষেক হয় তার।

২০২৫ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম বিভাগ থেকে ডারহামের অবনমন হয়। ওই মৌসুমে ধারাবাহিকতার অভাবে ভোগেন ম্যাককিনি। ৩১.৩৮ গড়ে করেন ৫৬৫ রান। দুটি সেঞ্চুরি করলেও আর কোনো ইনিংসে ৪০ রানের বেশি করতে পারেননি।

তবে দ্বিতীয় বিভাগে ফিরে ছন্দ খুঁজে পান ম্যাককিনি। ডারহামের হয়ে এ মৌসুমে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ৫২.২০ গড়ে ১ হাজার ৪৪ রান করেন, যার মধ্যে ছিল তিনটি সেঞ্চুরি। তার পারফরম্যান্সে দ্বিতীয় বিভাগের শিরোপাও জেতে ডারহাম।

সম্প্রতি ইংল্যান্ড লায়ন্সের হয়ে সেন্ট কিটস সফর করেন ম্যাককিনি। সেখানে দ্বিতীয় ওয়ানডেতে ৬৫ বলে ১৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তার ১৫টি চার ও ১০টি ছক্কায় সাজানো ইনিংসের সৌজন্যে ৫ উইকেটে ৪৮৭ রান তোলে ইংল্যান্ড লায়ন্স।

এখন পর্যন্ত ৪০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে সাত সেঞ্চুরিতে দুই হাজার ৩৮৯ রান করেছেন ম্যাককিনি। এই সংস্করণে তার ব্যাটিং গড় ৩৭.৯২।

পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে খেলা ব্যাটিং লাইনআপই ধরে রাখার পরিকল্পনা ইংল্যান্ডের। এমিলিও গে ও বেন ডাকেট ওপেন করবেন বলে ধারণা করা হচ্ছে। তিন থেকে পাঁচ নম্বরে থাকবেন জর্ডান কক্স, জো রুট ও হ্যারি ব্রুক। ছয় নম্বরে স্পিনের বিকল্প হিসেবে খেলতে পারেন ড্যান লরেন্স। আর কিপিংয়ের পাশাপাশি সাত নম্বরে ব্যাট করবেন জেমি স্মিথ।

সাদা বলের সিরিজে অস্ট্রেলিয়া সফরে না থাকা ইংল্যান্ডের টেস্ট দলের প্রথম বহর আগামী সপ্তাহে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হবে। বাকি খেলোয়াড়রা এক সপ্তাহ পর দলের সঙ্গে যোগ দেবেন।

৯ থেকে ১১ ডিসেম্বর ডারবানে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। এরপর ১৭ ডিসেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে শুরু হবে প্রথম টেস্ট। সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্ট শুরু ২৬ ডিসেম্বর। কেপ টাউনে তৃতীয় ও শেষ টেস্ট শুরু ৩ জানুয়ারি।

ইংল্যান্ড টেস্ট দল: জো রুট (অধিনায়ক), জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার, হ্যারি ব্রুক, স্যাম কুক, জর্ডান কক্স, বেন ডাকেট, এমিলিও গে, ড্যান লরেন্স, বেন ম্যাককিনি, লিয়াম প্যাটারসন-হোয়াইট, ওলি রবিনসন, জেমি স্মিথ, জশ টাং।