২৪ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩

টেস্ট দলে ফিরলেন সালমান, বাদ মাসুদ-নোমান-সাজিদ

ইংল্যান্ড সফরের ব্যাটিং ব্যর্থতায় টেস্ট দলে জায়গা হারিয়েছেন আবদুল্লাহ শাফিকও।

টেস্ট দলে ফিরলেন সালমান, বাদ মাসুদ-নোমান-সাজিদ

পাকিস্তানের সাবেক অধিনায়ক শান মাসুদ। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Oct 2026, 09:43 PM

Updated : 24 Oct 2026, 09:43 PM

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করার পুরস্কার পেয়েছেন সালমান আলি আগা। ইংল্যান্ড সফরের মাঝপথে দেশে পাঠিয়ে দেওয়া এই ক্রিকেটারকে টেস্ট দলে ফিরিয়েছে পাকিস্তান। ঘরের মাঠে অনুষ্ঠেয় শ্রীলঙ্কা সিরিজের জন্য সাবেক অধিনায়ক শান মাসুদকে রাখেনি তারা।

লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য শনিবার ১৪ জনের দল ঘোষণা করে পাকিস্তান। স্পিন-সহায়ক উইকেট তৈরির কৌশল নেওয়ার পর সম্ভবত এই প্রথম ঘরের মাঠে টেস্ট সিরিজের দলে অফ স্পিনার সাজিদ খান ও বাঁহাতি স্পিনার নোমান আলিকে রাখেনি তারা। ইংল্যান্ডে দলের সঙ্গে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি সাজিদ।

প্রায় তিন বছর পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক ছিলেন মাসুদ। ইংল্যান্ড সফরে বাবর আজমের নেতৃত্বেও খেলেন তিনি। কিন্তু তেমন ভালো করতে পারেননি। ছয় ইনিংসের তিনটিতেই দুই অঙ্ক ছুঁতে পারেননি, ফিফটি কেবল একটি।

পাকিস্তানের প্রথম শ্রেণির ঘরোয়া টুর্নামেন্ট প্রেসিডেন্টস ট্রফি চলাকালে সামান্য চোট পাওয়ার পর ফিটনেস ফিরে পেতে লড়াই করছেন ৩৭ বছর বয়সি মাসুদ। পড়তি ফর্মের জন্য নাকি ফিট না হওয়ায় তাকে দলে রাখা হয়নি, সে বিষয়ে কিছু জানায়নি পাকিস্তান।

ইংল্যান্ড সফরের মাঝপথে বাদ পড়া মোহাম্মাদ রিজওয়ান, ইমাম-উল-হাক জায়গা পাননি শ্রীলঙ্কা সিরিজের দলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ে অপরাজিত ১৮৪ রান করার পর নির্বাচকদের আস্থা অর্জন করেছিলেন আবদুল্লাহ শাফিক। ইংল্যান্ড সফরে চরম ব্যর্থতার পর দলে জায়গা হারালেন তিনি।

ইংল্যান্ড থেকে ফিরে প্রেসিডেন্টস ট্রফিতে অপরাজিত ৩০০ রানের ইনিংস খেলেন সালমান। এরপর আরেকটি সেঞ্চুরি করেন তিনি এই টুর্নামেন্টে। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পান এই ক্রিকেটার। ব্যাট হাতে এসব পারফরম্যান্স তার টেস্ট দলে ফেরার দুয়ার খুলে দিয়েছে।

লিডস টেস্টের একমাত্র ইনিংসে ৫ উইকেট নেওয়া আলি উসমানকেও তখন দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। বাঁহাতি এই স্পিনারকে আবার ফেরানো হলো দলে। তার সঙ্গে ডাক পেলেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার আরাফাত মিনহাস। চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে হারানোর পথে ৫৯ রান করার পর বল হাতে ৬ উইকেট নেন তিনি।

আগ্রাসী ব্যাটিং দিয়ে নজর কাড়া মিনহাসের ছোট ভাই সামির মিনহাসও টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে দলে জায়গা পেয়েছেন। প্রেসিডেন্টস ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহক মোহাম্মাদ তাহাকেও দলে ডাকা হয়েছে। পাশাপাশি জায়গা পেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মাদ সুলেমান।

টেস্ট দলে আপাতত স্রেফ দুই জন পেসার মোহাম্মাদ আব্বাস ও রাজাউল্লাহকে রেখেছে পাকিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ শেষে দলে আরও দুই পেসারকে যুক্ত করবে তারা। প্রস্তুতি ম্যাচটি শুরু আগামী ৪ নভেম্বর।

রাওয়ালপিন্ডিতে আগামী ৯ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। লাহোরে দ্বিতীয় টেস্ট শুরু ১৭ নভেম্বর।

পাকিস্তান টেস্ট দল: বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ ফাজাল, আলি উসমান, আরাফাত মিনহাস, আজান আওয়াইস, মোহাম্মাদ আব্বাস, মোহাম্মাদ গাজী ঘোরি, মোহাম্মাদ সুলেমান, মোহাম্মাদ তাহা, রাজাউল্লাহ, সাদ বেগ, সালমান আলি আগা, সামির মিনহাস, সাউদ শাকিল।