১৫ বছর পর বাদ পড়া লায়নকে ভবিষ্যৎ নিয়ে ‘তাড়াহুড়া না করার’ পরামর্শ বেইলির
ভারত সফরের টেস্ট দলে অভিজ্ঞ এই স্পিনারের জায়গা পাওয়া যে প্রায় নিশ্চিত, সেটার ইঙ্গিত দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক।
টেস্ট অভিষেকের পর প্রথমবারের মতো এই সংস্করণের দল থেকে বাদ পড়লেন ন্যাথান লায়ন। এমন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই কঠিন সময় পার করছেন অভিজ্ঞ স্পিনার। পরিস্থিতি বিবেচনায় ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন তিনি, বুঝতে পারছেন জর্জ বেইলি। তাই লায়নকে কিছুটা সময় নিয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বেইলি বলেছেন, এখনও জাতীয় দলে ফেরার দরজা খোলা রয়েছে লায়নের জন্য। এমনকি ভারতের বিপক্ষে আগামী টেস্ট সিরিজের দলে তার জায়গা পাওয়া প্রায় নিশ্চিত বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
২০১১ সালে টেস্টে অভিষিক্ত লায়ন এখন পর্যন্ত এই সংস্করণে ১৪৫ মাচ খেলে ৫৭৭ উইকেট নিয়েছেন। টেস্ট ইতিহাসে তার বেশি উইকেট নিতে পেরেছেন কেবল পাঁচজন বোলার। যার মধ্যে অস্ট্রেলিয়ার কেবল একজন, কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন।
এমন অভিজ্ঞ একজন বোলারকে নিউ জিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের দলে রাখেনি অস্ট্রেলিয়া। লায়নের জায়গায় ২৯ বছর বয়সি অফ স্পিনার কোরি রোকিচলিকে প্রথমবারের মতো দলে নিয়েছে তারা। অভিষেকের অপেক্ষায় থাকা রোকিচলি এখন পর্যন্ত ৫৯ প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২০৫ উইকেট নিয়েছেন। ছয়বার পেয়েছেন ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ।
প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন জ্যাক ক্লেটনও। ২৭ বছর বয়সি বাঁহাতি ব্যাটসম্যান এখন পর্যন্ত ৪৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২ হাজার ৭৩২ রান করেছেন ৪০.১৭ গড়ে, নামের পাশে সেঞ্চুরি সাতটি।
লায়ন ছাড়াও এবারের সিরিজের দলে জায়গা হয়নি মার্নাস লাবুশেন, বাউ ওয়েবস্টার, কুপার কনোলি, ম্যাথু কুনেমানের। তবে লায়নের বাদ পড়াটাই সবচেয়ে বড় চমক। যেটা বড় ধাক্কা হয়ে এসেছে ৩৯ বছর বয়সি লায়নের জন্যও।
বেইলি জানিয়েছেন, লায়নের সঙ্গে আলোচনাটি তার জন্য ছিল ভীষণ কঠিন। তবে লায়নের ক্যারিয়ারের শেষ দেখছেন না তিনি। তাই তাকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন বেইলি।
“আলোচনাটা চ্যালেঞ্জিং ছিল। নির্বাচক প্যানেলের পক্ষ থেকে আমাদের মূল কথা ছিল, আমরা আশা করি না যে এটাই তার শেষ। আমরা সামনে এগোনোর একটা পথ দেখছি। আমার মনে হয়, ভারতের বিপক্ষে সফরে সে এখনও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ওই সফরে তার অভিজ্ঞতা ও দক্ষতার অনেক মূল্য আছে।
“তবে বুঝতেই পারছেন, তার জন্য কথাটা মেনে নেওয়া কঠিন ছিল। আমার মনে হয়, সে কিছুটা সময় নিচ্ছে। কিন্তু আমাদের দিক থেকে অবশ্যই আশা করি, এটাই তার শেষ নয়।”
ভারত সফরের দলে লায়নের জায়গা নিশ্চিত না হওয়ার কোনো পরিস্থিতি আছে কি না, এমন প্রশ্নে বেইলি ইঙ্গিত দেন, তেমন সম্ভাবনা খুবই কম।
“সেখানে তার রেকর্ড, অভিজ্ঞতা, ভারত সম্পর্কে জ্ঞান এবং জায়গাটি সফরের জন্য কতটা কঠিন, বিশেষ করে সেখানে আমাদের পাঁচটি টেস্ট খেলতে হবে, সবকিছু বিবেচনায় নিলে, না, আমার মনে হয় না তেমন কিছু ঘটবে।”
গত বছরের মাঝামাঝি সময় থেকেই অস্ট্রেলিয়ার একাদশে লায়নের জায়গা কিছুটা অনিশ্চিত হয়ে পড়ে। তবে অভিষেকের পর কোনো সিরিজের স্কোয়াডে এই প্রথম জায়গা পেলেন না তিনি।
জ্যামাইকায় দিবা-রাত্রির টেস্টে লায়নকে বাদ দেয় অস্ট্রেলিয়া। এরপর অ্যাশেজে গ্যাবা টেস্টেও একাদশে জায়গা হয়নি তার। দলের ওই সিদ্ধান্তে বেশ ‘ক্ষুব্ধ’ হয়েছিলেন তিনি। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গেবেখা টেস্টেও একাদশে ছিলেন না এই ক্রিকেটার।
গত কয়েকটি টেস্টে দলের প্রত্যাশা পূরণ করতে পারেননি লায়ন। দল থেকে বাদ পড়ার পেছনে তার পড়তি ফর্ম যে দায়ী, সেটা ফুটে উঠল বেইলির কথায়।
“দুর্ভাগ্যজনকভাবে, শেষ কয়েকটি ম্যাচে আমরা তার কাছ থেকে যে ধরনের প্রভাব আশা করেছিলাম, সে তা রাখতে পারেনি।”
লায়নের সঙ্গে প্রাথমিক আলোচনায় ভবিষ্যৎ নিয়ে খুব বেশি কথা হয়নি বেইলির। বরং তাকে কিছুটা সময় নিতে এবং আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নিতে পরামর্শ দিয়েছেন তিনি।
“এই টেস্ট দলে যে তার জায়গা হচ্ছে না, সেটি জানানোর বাইরে আমাদের মূল বার্তা ছিল, তাকে কিছুটা সময় নিতে বলা এবং এই সিদ্ধান্তের পরপরই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া। তবে আমার মনে হয়, প্রথম আলোচনায় একজন খেলোয়াড় সবার আগে শুধু এটুকুই শোনেন যে দলে তার জায়গা হয়নি। আশা করি, বিষয়টি নিয়ে ভাবার জন্য সে কিছুটা সময় নেবে। পরে আমরা আবার এ নিয়ে কথা বলব।”
পার্থে আগামী ৯ ডিসেম্বর শুরু অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের প্রথম টেস্ট। পরের তিনটি ম্যাচ হবে অ্যাডিলেইড, মেলবোর্ন ও সিডনিতে।
অস্ট্রেলিয়ার টেস্ট দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেয়ারি, জ্যাক ক্লেটন, ক্যামেরন গ্রিন, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মাইকেল নিসার, ম্যাথু রেনশ, কোরি রোকিচলি, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক।
