২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ দুই বলে ছক্কা-চারে ‘টাই’, সুপার ওভারে শেষ বলে ছক্কায় জয়

মূল ম্যাচে আট ছক্কা ও সুপার ওভারে শেষ বলে ছক্কা মেরে এমআই এমিরেটসকে জেতালেন নিকোলাস পুরান।

শেষ দুই বলে ছক্কা-চারে ‘টাই’, সুপার ওভারে শেষ বলে ছক্কায় জয়

জয়ের পর নিকোলাস পুরানকে (বাঁয়ে) জড়িয়ে ধরেন অধিনায়ক কাইরন পোলার্ড। ছবি: এমআই এমিরেটস ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 09:41 PM

Updated : 28 Nov 2026, 09:41 PM

রোমাঞ্চকর, রুদ্ধশ্বাস এক লড়াইয়ের সাক্ষী হলো আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়াম। রান তাড়ায় শেষ দুই বলে খুজাইমা তানভিরের ছক্কা ও চারে ম্যাচ ‘টাই’ হয়ে লড়াই গড়াল সুপার ওভারে। সেখানে বল হাতে নায়ক হতে গিয়েও পারলেন না তিনি। শেষ বলে ছক্কা মেরে দলকে জেতালেন নিকোলাস পুরান।

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) শনিবার ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে এই জয় পেয়েছে এমআই এমিরেটস।

কাইরন পোলার্ডের নেতৃত্বাধীন এমিরেটস ২০ ওভারে করে ১৮৬ রান। তিন নম্বরে নেমে আট ছক্কা ও তিন চারে ৫৭ বলে অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলেন পুরান। ওপেনার কুসাল পেরেরা ৪৫ বলে করেন ৭৬ রান।

লক্ষ্য তাড়ায় ভালো শুরু প্রায় ভাইপার্স। ১৪ ওভারে ২ উইকেটে ১১৯ রানের সুবিধাজনক অবস্থানে ছিল তারা। কিন্তু ১৫তম ওভারে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ক্রিস জর্ডান। ১৭তম ওভারে দুটি শিকার ধরেন রাশিদ খান।

শেষ ওভারে ভাইপার্সের প্রয়োজন ছিল ২০ রান, হাতে উইকেট ৩টি। পেসার জাহুর খানের প্রথম বলে চার মেরে, পরের বলে আউট হয়ে যান ভ্রিতিয়া আরাভিন্দ। তৃতীয় বলে চার মেরে আশা জিইয়ে রাখেন মুজিব উর রাহমান। পরের বলে তিনি নেন এক রান।

শেষ ২ বলে চাই ১১। পঞ্চম বল অফ স্টাম্পের বাইরে হাফ ভলি পেয়ে লং-অফের ওপর দিয়ে ছক্কায় উড়িয়ে দেন খুজাইমা। শেষ বল ছিল অফ স্টাম্পের বাইরে কিছুটা ফুল লেংথ ডেলিভারি। সজোরে ব্যাট চালান খুজাইমা। বল ব্যাটের বাইরের কানায় লেগে থার্ড ম্যান ফিল্ডারের মাথার ওপর দিয়ে হয়ে যায় চার, ম্যাচ টাই!

সুপার ওভারে জর্ডানের দ্বিতীয় বলে শূন্য রানে আউট হন শিমরন হেটমায়ার। শেষ বলে টম কারানের চারে ভাইপার্স তুলতে পারে ৭ রান।

সেই রান নিয়ে দলকে প্রায় জিতিয়েই দিচ্ছিলেন সুপার ওভারে নিয়ে যাওয়ার কারিগর খুজাইমা। সংযুক্ত আরব আমিরাতের এই পেসার প্রথম চার বলে দেন কেবল ৩ রান। পঞ্চম বলে তিনি বোল্ড করে দেন শেরফান রাদারফোর্ডকে।

শেষ বলে এমিরেটসের প্রয়োজন পড়ে ৫ রান, ব্যাটিংয়ে নামেন পুরান। এবার ভুলটা করে বসেন খুজাইমা। মিডল স্টাম্পে তার উঁচু ফুল টস ডেলিভারি ডিপ মিডউইকেটের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে এমিরেটসকে জেতান পুরান। খুজাইমা যেন বিশ্বাসই করতে পারছিলেন না। হতাশায় দুই হাত হাঁটুতে চেপে মাথা নিচু করে থাকেন তিনি।

মূল ম্যাচে দুর্দান্ত ইনিংসের পর সুপার ওভারে ছক্কায় দলকে জিতিয়ে ম্যান অব দা ম্যাচ হন পুরান।

আর পোলার্ড টি-টোয়েন্টি ক্রিকেটে এই নিয়ে ১২টি ‘টাই’ ম্যাচের অংশ হলেন, যা রেকর্ড।