২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

দীর্ঘ আইনি যুদ্ধের ইতি টেনেছেন জোলি-পিট

জোলি-পিটের সংসার জীবনের স্থায়ীত্বকাল মাত্র দুবছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 09:32 PM

Updated : 28 Nov 2026, 09:32 PM

হলিউডের অস্কারজয়ী দুই তারকাভিনেতা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের আট বছরের দীর্ঘ আইনি লড়াই শেষে বিচ্ছেদ হলেও, তাদের মধ্যকার তিক্ততা থামছিল না।

ফ্রান্সের এস্টেট ‘শ্যাঁতো মিরাভাল’ এবং ওয়াইনারি নিয়ে নতুন করে আইনি জটিলতা যে তিক্ততার মূল কারণ। এই সম্পত্তি নিয়ে একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করে যাচ্ছিলেন তারা।

অবশেষে, আদালতের বাইরেই সেই বিরোধের মীমাংসা করেছেন হলিউডের এই দুই তারকা।

এক যৌথ বিবৃতিতে জোলি ও পিটের প্রতিনিধিরা জানিয়েছেন, পারিবারিক স্বার্থে তারা আদালতের বাইরেই মীমাংসা করে নিয়েছেন এবং এ বিষয়ে আর কোনো মন্তব্য করবেন বলেও জানিয়ে দিয়েছেন।

পাশাপাশি কোনো গুজবে কান না দেওয়ারও অনুরোধ জানিয়েছেন দুই তারকা অভিনয় শিল্পী।

বিবিসি জানিয়েছে, জোলি ও পিট নামদুটো দীর্ঘ সময় একে অন্যের সঙ্গে জড়িয়ে থাকলেও, তারা বিয়ে করে এক ছাদের নিচে সংসার করেছেন মাত্র দুই বছর। তারা আনুষ্ঠানিক বিচ্ছেদ নিয়ে ‘সমঝোতায় পৌঁছান’ ২০২৫ সালে। দীর্ঘ ৮ বছর ধরে আইনি লড়াই চালিয়ে সেই বিচ্ছেদের সিদ্ধান্ত তারা নিতে পেরেছিলেন।

হলিউডে এক সময়ের ‘পাওয়ার কাপল’ খ্যাত দুই অভিনয় শিল্পীর ছয় সন্তানের অভিভাকত্ব নিয়ে তিক্ত লড়াই এবং তাদের যৌথ মালিকানার ফ্রান্সের এস্টেট ‘শ্যাঁতো মিরাভাল’ এবং ওয়াইনারি নিয়ে আইনি জটিলতা বিচ্ছেদ প্রক্রিয়াকে দীর্ঘায়িত করেছে।

৫১ বছর বয়সী জোলি এবং ৬৩ বছর বয়সী পিটের প্রথম পরিচয় ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমার সেটে। সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০০৫ সালে।

“সিনেমার জন্য এবং একসঙ্গে অনেক পাগলামি করার জন্য আমরা এক হয়েছিলাম। আমার ধারণা অদ্ভুত বন্ধুত্ব হয়েছে আমাদের মধ্যে”, সম্পর্কের দুই বছরের মাথায় ভোগ ম্যাগাজিনকে সাক্ষাৎকারে প্রেম নিয়ে উপলব্ধির কথা বলেছিলেন জোলি।

জোলি-পিটের সংসারে একে একে ছয় সন্তান আসে। তারা হলেন- ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলো এবং যমজ ভিভিয়েন ও নক্স।

ছয় জনের মধ্যে দত্তক নেওয়া সন্তান হলেন তিনজন। ম্যাডক্সকে ২০০২ সালে কম্বোডিয়া থেকে দত্তক নিয়েছেন জোলি, পরে তাকে দত্তক নেন পিটও।

ইথিওপিয়া থেকে জাহারাকে তারা দত্তক নিয়েছেন। আর প্যাক্সকে দত্তক নেওয়া হয় ভিয়েতনাম থেকে। ছেলেমেয়েরা বর্তমানে জোলির অভিভাবকত্বে রয়েছে।

দীর্ঘ সময় প্রেম করে ২০১৪ সালে বিয়ে করে ঘর বাঁধেন জোলি ও পিট। এটি ছিল পিটের দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি ফ্রেন্ডস তারকা জেনিফার অ্যানিস্টনকে বিয়ে করেছিলেন। অন্যদিকে জোলি এর আগে অভিনেতা বিলি বব থর্নটন এবং জনি লি মিলারকে বিয়ে করেছিলেন।

জোলি-পিটের সংসার জীবনের স্থায়ীত্বকাল মাত্র দুবছর।

২০১৬ সালে পিটের সঙ্গে সংসার ভাঙার পর বিচ্ছেদের আবেদন করেন জোলি। যে ঘটনা রীতিমত আলোড়ন তোলে ওই সময়।

একটি ব্যক্তিগত জেট বিমানে ঝগড়ার জেরে মূলত সম্পর্কের ভাঙন বিচ্ছেদে গড়ায়।তবে সন্তানের অভিভাবকত্ব, সম্পত্তির ভাগাভাগিসহ নানা বিষয়ের মতবিরোধে বিচ্ছেদ প্রক্রিয়া ঝুলে যায়।

এরপর সামনে আসে ফ্রান্সের এস্টেট ‘শ্যাঁতো মিরাভাল’ এবং ওয়াইনারি নিয়ে নতুন করে আইনি জটিলতা। যে সম্পত্তি জোলি-পিটের যৌথভাবে কিনেছিলেন ২০০৮ সালে।

২০২২ সালে ফেব্রুয়ারিতে পিট তার সাবেক স্ত্রীর বিরুদ্ধে ‘শ্যাঁতো মিরাভাল’ নিয়ে মামলা করেন।

পিটের ভাষ্য ছিল, যখন তারা দুজনে মিলে এই সম্পত্তিটি কিনেছিলেন, তখন তারা ঠিক করেছিলেন, একে অপরের সম্মতি ছাড়া কেউ এটি বিক্রি করতে পারবে না। কিন্তু জোলি ‘বেআইনিভাবে’ ‘শ্যাঁতো মিরাভাল’র নিজের অংশ বিক্রি করেছেন।

পিটের ওই মামলার জবাবে ওই বছরের সেপ্টেম্বরে একটি পাল্টা মামলা করেন জোলি। যেখানে তিনি বলেন, এ ধরনের কোনো চুক্তি তাদের মধ্যে হয়নি। তিনি আর্থিক ‘স্বাধীনতা পেতে এবং তার সন্তানদের জীবনে কিছুটা ‘নিশ্চয়তা ও শান্তি ফিরিয়ে’ আনতে তার অংশটি বিক্রি করেছেন।

এছাড়া পিটের বিরুদ্ধে শ্যাঁতো মিরাভালের ওয়াইন ব্যবসার নিয়ন্ত্রণ ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টার’ অভিযোগ আনা হয় ওই মামলায়। পিট ও তার সহযোগীদের কাছে ৩৫ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করা হয় মামলায়।

এই অভিনেত্রীর মামলার অভিযোগে বলা হয়েছে, পিট শ্যাঁতো মিরাভালের সম্পদ নষ্ট করেছেন। সুইমিং পুল সংস্কার, চারবার সিঁড়ি নির্মাণ ও পুনর্নির্মাণ এবং রেকর্ডিং স্টুডিও সংস্কারের কাজে লাখ লাখ ডলার অপচয় করেছেন।

এসব ঘটনার কয়েক বছর পর শ্যাঁতো মিরাভাল নিয়ে বিরোধ মেটানের খবর দিলেন জোলি ও পিট।

পুরনো খবর:

বান্ধবী র‍্যামনের সঙ্গে ব্র্যাড পিট ‘ভালোই আছেন’
জোলি-পিটের বিচ্ছেদে ৮ বছর লাগল কেন?
‘শ্যাঁতো মিরাভাল’ নিয়ে ফের আইনি জটিলতায় পিট
ব্র্যাড পিটের বিরুদ্ধে পাল্টা মামলা অ্যাঞ্জেলিনা জোলির
বাচ্চাদের ব্যবহার করছে জোলি: ব্র্যাড পিট
বিচ্ছেদের আগে ‘বেলস পালসি’তে আক্রান্ত হয়েছিলেন জোলি
নাম থেকে বাবার পদবি বাদ দিতে আদালতে জোলি-পিট কন্যা
‘মাতাল পিট  মারতে এসেছিল’, আদালতে জোলির অভিযোগ