১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জোলি-পিটের বিচ্ছেদে ৮ বছর লাগল কেন?

অভিভাকত্ব নিয়ে তিক্ত লড়াই এবং তাদের যৌথ মালিকানার ফ্রান্সের এস্টেট ‘শ্যাঁতো মিরাভাল’ এবং ওয়াইনারি নিয়ে আইনি জটিলতা বিচ্ছেদ প্রক্রিয়াকে দীর্ঘায়িত করেছে।

জোলি-পিটের বিচ্ছেদে ৮ বছর লাগল কেন?
অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2025, 03:33 PM

Updated : 10 Sep 2026, 12:28 PM

দীর্ঘ ৮ বছর ধরে আইনি লড়াই চালিয়ে আনুষ্ঠানিক বিচ্ছেদ নিয়ে অবশেষে ‘সমঝোতায় পৌঁছেছেন’ হলিউডের অস্কারজয়ী দুই তারকাভিনেতা  অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট।

বিবিসি লিখেছে বিচ্ছেদ সম্পর্কিত যাবতীয় হিসাবনিকাশের মিমাংসাপত্রে সই করেছেন এই তারকা জুটি।

বিচ্ছেদ নিয়ে জোলি-পিটের সমঝোতায় পৌঁছানোর এই তথ্য নিশ্চিত করেছেন জোলির আইনজীবী জেমস সাইমন; তবে পিটের আইনজীবী তাৎক্ষনিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। 

ফলে হলিউডের ইতিহাসে অন্যতম এই দীর্ঘ বিবাহবিচ্ছেদ প্রক্রিয়ার অবশেষে ইতি হতে চলেছে, এখন কেবল সময়ের অপেক্ষা।

জোলি ও পিট নামদুটো দীর্ঘ সময় একে অন্যের সঙ্গে জড়িয়ে থাকলেও, তারা বিয়ে করে এক ছাদের নিচে সংসার করেছেন মাত্র দুই বছর। 

দম্পতি তকমাটি ঝেড়ে ফেলতে পিট এবং জোলির কেন এত সময় লাগল সেই উত্তর খোঁজার চেষ্টা করেছে বিবিসি।

বলা হচ্ছে, হলিউডে এক সময়ের ‘পাওয়ার কাপল’ খ্যাত দুই অভিনয় শিল্পীর ছয় সন্তানের অভিভাকত্ব নিয়ে তিক্ত লড়াই এবং তাদের যৌথ মালিকানার ফ্রান্সের এস্টেট ‘শ্যাঁতো মিরাভাল’ এবং ওয়াইনারি নিয়ে আইনি জটিলতা বিচ্ছেদ প্রক্রিয়াকে দীর্ঘায়িত করেছে। 

বিবিসি বলেছে, তিক্ত বিবাহবিচ্ছেদের চিত্র উঠে এসেছে মামলার আইনি লড়াইয়ে। পিটের বিরুদ্ধে ‘প্রতিশোধমূলক যুদ্ধ’ চালানোর অভিযোগ তুলেছেন জোলি। 

অন্যদিকে পিটের অভিযোগ হল জোলি তার ব্যবসায়িক স্বার্থগুলো ‘শেষ করার’ চেষ্টা করছেন। 

বিখ্যাত আইনজীবী ক্রিস মেলচার বলেন, “বিবাহবিচ্ছেদ নিষ্পত্তিতে অন্য আর দশটি মামলার চাইতে অস্বাভাবিক সময় লেগেছে।

“২০১৬ সালে ব্যক্তিগত বিমানের ভেতরে জোলি এবং পিটের হাতাহাতির ঘটনা এবং তারপর আসে ‘শ্যাঁতো মিরাভাল’ নিয়ে সমস্যা। যা কয়েক বছর ধরে দুইজনের আইনি লড়াইয়ের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়।”

মেলচার বলেছেন, অনেক তারকা দম্পতিই আছেন যারা বিচ্ছেদ মামলার পর সেটি দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি চান।  

“আমরা সেক্ষেত্রে মামলাটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে পারি। বড়জোর এক বছর সময় লাগে।”

পিট-জোলির বিবাহবিচ্ছেদের এই মামলাটি গড়পড়তা বিবাহবিচ্ছেদের মামলা থেকে আলাদা বলে আখ্যা দিয়েছেন অনলাইন ডিভোর্স কোম্পানি অ্যামিকেবল’র সহ প্রতিষ্ঠাতা কেট ডালি।

বিবিসিকে ডালি বলেন, “আট বছর ধরে এ ধরনের মামলা টেনে নিয়ে যাওয়ার উদাহরণ কম।“

এই ঘটনাকে একটি ‘খারাপ উদাহরণ’ বর্ণনা করে ডালি বলেছেন, এ ধরনের প্রবণতা থেকে মানুষকে দূরে রাখতে হবে।

প্রেমের শুরু যেখানে 

৪৯ বছর বয়সী জোলি এবং ৬১ বছর বয়সী পিটের প্রথম পরিচয় ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমার সেটে। সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০০৫ সালে।

“সিনেমার জন্য এবং একসঙ্গে অনেক পাগলামি করার জন্য আমরা এক হয়েছিলাম। আমার ধারণা অদ্ভুত বন্ধুত্ব হয়েছে আমাদের মধ্যে”, সম্পর্কের দুই বছরের মাথায় ভোগ ম্যাগাজিনকে সাক্ষাৎকারে প্রেম নিয়ে উপলব্ধির কথা বলেছিলেন জোলি। 

জোলি-পিটের সংসারে একে একে ছয় সন্তান আসে। তারা হলেন- ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলো এবং যমজ ভিভিয়েন ও নক্স। 

ছয় জনের মধ্যে দত্তক নেওয়া সন্তান হলেন তিনজন। ম্যাডক্সকে ২০০২ সালে কম্বোডিয়া থেকে দত্তক নিয়েছেন জোলি, পরে তাকে দত্তক নেন পিটও। 

ইথিওপিয়া থেকে জাহারাকে তারা দত্তক নিয়েছেন। আর প্যাক্সকে দত্তক নেওয়া হয় ভিয়েতনাম থেকে।

জোলি-পিটের মেয়ে অভিনেত্রী শিলো নুভেল গত ২৭ মে নিজের আঠারোতম জন্মবার্ষিকীতে লস অ্যাঞ্জেলেসের আদালতে নিজের নামের সঙ্গে বাবার পদবি বাদ দিতে আবেদন করেন।

ছেলেমেয়েরা বর্তমানে জোলির অভিভাবকত্বে রয়েছে।

দীর্ঘ সময় প্রেম করে ২০১৪ সালে বিয়ে করে ঘর বাঁধেন জোলি ও পিট। এটি ছিল পিটের দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি ফ্রেন্ডস তারকা জেনিফার অ্যানিস্টনকে বিয়ে করেছিলেন। 

অন্যদিকে জোলি এর আগে অভিনেতা বিলি বব থর্নটন এবং জনি লি মিলারকে বিয়ে করেছিলেন। 

জোলি-পিটের সংসার জীবনের স্থায়ীত্বকাল মাত্র দুবছর।

২০১৬ সালে পিটের সঙ্গে সংসার ভাঙার পর বিচ্ছেদের আবেদন করেন জোলি। যে ঘটনা রীতিমত আলোড়ন তোলে ওই সময়। 

একটি ব্যক্তিগত জেট বিমানে ঝগড়ার জেরে মূলত সম্পর্কের ভাঙন বিচ্ছেদে গড়ায়।তবে সন্তানের অভিভাবকত্ব, সম্পত্তির ভাগাভাগিসহ নানা বিষয়ের মতবিরোধে বিচ্ছেদ প্রক্রিয়া ঝুলে যায়। 

শেষের শুরু

২০১৫ সালের নভেম্বরে এই দম্পতি ‘বাই দ্য সি’ সিনেমায় এক সঙ্গে কাজ করেছিলেন। এবং সিনেমা নিয়ে প্রচারের সময় জোলি ‘দ্য টেলিগ্রাফ’কে বলেছিলেন “পিট এবং আমার মধ্যে সমস্যা আছে।“

দাম্পত্য সমস্যা নিয়ে তারকা দম্পতিরা সাধারণত মুখ খোলেন না। 

সেই প্রচলনের বাইরে গিয়ে জোলি বলেন, “অন্যান্য দম্পতির মত আমাদেরও কিছু সমস্যা আছে, আমাদের ঝগড়া হয়। এমনও দিন আসে, যেদিন ঝগড়া করে আমরা একে অন্যেকে পাগল করে দেই।“

‘মাতাল’ পিট চড়াও হয়েছিলেন জোলির ওপরে

জোলির আইনজীবী পল মারফির এক বিবৃবতিতে জানা গিয়েছিল, ২০১৬ সালে ব্যক্তিগত বিমানের ভেতরে জোলির ওপরে ‘মাতাল’ পিট চড়াও হয়েছিলেন। দুই সপ্তাহের ছুটি কাটিয়ে সেদিন ছয় বাচ্চাকে নিয়ে ব্যক্তিগত বিমানে চড়ে ফ্রান্স লস অ্যাঞ্জেলেসে ফিরছিলেন জোলি ও ব্র্যাড। 

হঠাৎই জোলির উপর ক্ষেপে যান পিট। শুরুতে ছেলে ম্যাডক্সকে পিট আঘাত করেন।

সে সময় পিটকে থামানোর চেষ্টা করে শারীরিকভাবে ‘হেনস্তার শিকার’ হন বলে জোলির অভিযোগ। 

এছাড়া লস অ্যাঞ্জেলসে পৌঁছানোর পরও পিট তার স্ত্রী জোলি এবং বাচ্চাদের বিমান থেকে নামতে দেননি, সেখানে বাচ্চাদের নিয়ে জোলি অন্তত ২০ মিনিট আটকে ছিলেন।

জোলির অভিযোগ, পিট সেসময় তাকে ‘গালাগাল’ করেন এবং তার এবং সন্তানদের শরীরে অ্যালকোহল ঢেলে দেন।

ওই ঘটনার পর পিটের বিরুদ্ধে এফবিআইয়ের কাছে অভিযোগ করেন জোলি; 

এফবিআইয়ের কাছে সাবেক স্ত্রীকে নির্যাতনের কথা অস্বীকার করলেও মদ্যপানের অভ্যাসের কথা স্বীকার করেন পিট।

২০২০ সালে ভোগ ম্যাগাজিনকে জোলি বলেছিলেন, তিনি তার পরিবারের সুস্থতার জন্য পিটকে ছেড়ে আলাদা থাকছেন। 

‘আমি মনে করি আমার সিদ্ধান্ত সঠিক’।

জোলির বিবাহবিচ্ছেদের আবেদেনের পর পিট বলেছেন, তারা ঘৃণার পথ ছেড়ে দেওয়ার জন্য এবং তাদের মধ্যকার সমস্যা সমাধানের জন্য একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। 

“আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে থাকব এবং ব্যক্তিগতভাবে বিষয়গুলো সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ।”

সন্তানের অভিভাকত্ব পেতে যুদ্ধ

মামলার পর ছয় সন্তানের অভিভাকত্ব পেতে জোলি ও পিটের আইনি লড়াই সময়ের সাথে তীব্র হয়েছে। যা মামলা প্রক্রিয়াকে করেছে তরান্বিত। 

২০১৮ সালে সন্তানের অভিভাকত্ব নিয়ে জোলি ও পিট একটি সমঝোতা চুক্তিতে পৌঁছালেও, পরবর্তীতে সেটি কার্যকর হয়নি। 

২০১৯ সালে মামলার এক বিচারক বলেছিলেন, এই দম্পতি আনুষ্ঠানিকভাবে অবিবাহিত কিন্তু বিবাহবিচ্ছেদ হয়নি, যা চূড়ান্ত করা দরকার। 

২০২১ সালে, আদালত তাদের সন্তানের যৌথ অভিভাবকত্বের সিদ্ধান্ত দেয়। পরে মামলাটি তত্ত্বাবধানকারী ব্যক্তিগত বিচারককে সরিয়ে দেওয়া হয়। কারণ পিটের আইনজীবীর সঙ্গে ওই বিচারকের লেনদেনের সম্পর্ক সামনে আসে। 

পরে সন্তানের অভিভাকত্ব ফের এককভাবে জোলির ওপর বর্তায়।

এরপর সামনে আসে ফ্রান্সের এস্টেট ‘শ্যাঁতো মিরাভাল’ এবং ওয়াইনারি নিয়ে নতুন করে আইনি জটিলতা। যে সম্পত্তি জোলি-পিটের যৌথভাবে কিনেছিলেন ২০০৮ সালে। 

২০২২ সালে ফেব্রুয়ারিতে পিট তার সাবেক স্ত্রীর বিরুদ্ধে ‘শ্যাঁতো মিরাভাল’ নিয়ে মামলা করেন। 

পিটের ভাষ্য ছিল, যখন তারা দুজনে মিলে এই সম্পত্তিটি কিনেছিলেন, তখন তারা ঠিক করেছিলেন, একে অপরের সম্মতি ছাড়া কেউ এটি বিক্রি করতে পারবে না। কিন্তু জোলি ‘বেআইনিভাবে’ ‘শ্যাঁতো মিরাভাল’র নিজের অংশ বিক্রি করেছেন।

পিটের ওই মামলার জবাবে ওই বছরের সেপ্টেম্বরে একটি পাল্টা মামলা করেন জোলি। যেখানে তিনি বলেন, এ ধরনের কোনো চুক্তি তাদের মধ্যে হয়নি। তিনি আর্থিক ‘স্বাধীনতা পেতে এবং তার সন্তানদের জীবনে কিছুটা ‘নিশ্চয়তা ও শান্তি ফিরিয়ে’ আনতে তার অংশটি বিক্রি করেছেন।

এছাড়া পিটের বিরুদ্ধে শ্যাঁতো মিরাভালের ওয়াইন ব্যবসার নিয়ন্ত্রণ ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা ‘ অভিযোগ আনা হয় ওই মামলায়। পিট ও তার সহযোগীদের কাছে ৩৫ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করা হয় মামলায়।

এই অভিনেত্রীর মামলার অভিযোগে বলা হয়েছে, পিট শ্যাঁতো মিরাভালের সম্পদ নষ্ট করেছেন। সুইমিং পুল সংস্কার, চারবার সিঁড়ি নির্মাণ ও পুনর্নির্মাণ এবং রেকর্ডিং স্টুডিও সংস্কারের কাজে লাখ লাখ ডলার অপচয় করেছেন। 

তবে বিবাহবিচ্ছেদের চুক্তি শ্যাঁতো মিরাভালের মামলাকে কোনোভাবে প্রভাবিত করবে কিনা তা এখনও স্পষ্ট না।

সন্তানদের মনের ওপরে ছাপ ফেলেছে

বিবাহবিচ্ছেদ প্রক্রিয়ার কিছু বিবরণ প্রকাশ হয়েছে। গোপনীয়তা বজায় রাখতে বিবাহবিচ্ছেদ চাওয়া তারকাদের বিরোধ মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র প্রায়ই ব্যক্তিগত বিচারক নিয়োগ দিয়ে থাকে। 

বিনোদন সাংবাদিক জিন উলফ জোলি ও পিটের সন্তানের বয়সের বিষয়টি নিয়ে বলেছেন, তাদের ছেলেমেয়েদের বয়স ১৬ থেকে ২৩ এর মধ্যে। বাবা-মায়ের বিচ্ছেদের বিষয়টা তাদের মনের ওপরে ছাপ ফেলতে পারে।

উলফ বলেন, “একটি আবেগপূর্ণ এবং জটিল বিবাহবিচ্ছেদ প্রক্রিয়া নিষ্পত্তি হয়েছে। এই বিষয়ে বেশি তথ্য যাতে ফাঁস না হয় সে বিষয়ে জোলি এবং পিট আপ্রাণ চেষ্টা করেছেন।”

জোলির আইনজীবী বলেন, “আট বছর আগে শুরু হওয়া দীর্ঘ চলমান প্রক্রিয়া শেষ হয়েছে। সত্যি বলতে জোলি ক্লান্ত কিন্তু শেষ করতে পেরে জোলি স্বস্তি পেয়েছেন।”

'শ্যাঁতো মিরাভালনিয়ে ফের আইনি জটিলতায় পিট

ব্র্যাড পিটের বিরুদ্ধে পাল্টা মামলা অ্যাঞ্জেলিনা জোলির

বাচ্চাদের ব্যবহার করছে জোলিব্র্যাড পিট

বিচ্ছেদের আগে 'বেলস পালসি'তে আক্রান্ত হয়েছিলেন জোলি

নাম থেকে বাবার পদবি বাদ দিতে আদালতে জোলি-পিট কন্যা

'মাতাল পিট মারতে এসেছিল', আদালতে জোলির অভিযোগ