লালবাগে বিপ্লব খুনের নেপথ্যে ইয়াবা? এলাকায় কত মাদক কারবারি?
“গ্রেপ্তারের পর খুব বেশি হলে দুই মাস লাগে তাদের জামিনে বের হতে। জামিনে এসে তারা আবার একই কাজ করে।”
পুরান ঢাকার লালবাগের শহীদনগর এলাকায় বিপ্লব হোসেন ওরফে ‘ফর্মা বিপ্লব’ খুনের ঘটনায় দুই আসামি গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। কেন তাকে হত্যা করা হয়েছে?
দুই আসামিকে জিজ্ঞাসাদ ও আদালতে তাদের জবানবন্দির বরাত দিয়ে পুলিশ বলছে, ইয়াবা নিয়ে বিরোধের জের ধরে ২৭ বছর বয়সি এ যুবককে হত্যা করা হয়েছে।
১ নভেম্বর দুপুরে রাজধানীর লালবাগের পশ্চিম শহীদনগর বউবাজারের আরএনডি রোডে একটি নির্মাণাধীন বাড়ির নিচতলায় কুপিয়ে হত্যা করা হয় বিপ্লবকে।
বিপ্লবের বাবার নাম নজরুল ইসলাম। তিনি শহীদনগরের ৬ নম্বর গলিতে খালার সঙ্গে ভাড়া বাসায় থাকতেন এবং একটি মাছের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
তবে মামলার বাদী বিপ্লবের খালা সুলতানা বেগম দাবি করেছেন, তার ভাগ্নে মাদকসেবন বা মাদক কারবারে জড়িত নয়। ‘পুলিশের হয়ে’ কাজ করতেন তিনি।
লালবাগ ও শহীদনগর এলাকার বাসিন্দাদের অভিযোগ, এলাকায় মাদকের ব্যাপক বিস্তারের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনও ব্যাহত হচ্ছে।
তারা বলছেন, প্রতিদিনই মাদক কারবারিদের দ্বন্দ্বে কোনো না কোনো ঝামেলা লেগেই থাকে। অনেক আগেই এসব মারামারির ঘটনা মাত্রা ছাড়িয়ে খুনোখুনির পর্যায়ে চলে গেছে।
স্থানীয় বাসিন্দাদের এ অভিযোগের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপ কমিশনার মোস্তাক সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তালিকাভুক্ত মাদক কারবারি ও সেবনকারীরা নিয়মিত গ্রেপ্তার হয়। গ্রেপ্তারের পর খুব বেশি হলে দুই মাস লাগে তাদের জামিনে বের হতে। জামিনে এসে তারা আবার একই কাজ করে।”
তিনি বলেন, “আমরা চেষ্টা করছি এই এলাকার মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখতে। যদিও আগের থেকে অনেকটাই এখন নিয়ন্ত্রণে আছে।”
হত্যাকাণ্ডের দিন বিপ্লবের খালা সুলতানা বেগম লালবাগ থানায় যে মামলা করেছেন, সেখানে দুই জনের নাম দিয়ে অজ্ঞাতনামা আরও দুই-তিন জনকে আসামি করা হয়েছে।
তিনি অভিযোগ করেছেন, আসামিরা পরিকল্পিতভাবে বিপ্লবক হত্যা করার জন্য ছুরি বা চাপাতি দিয়ে গুরুতর জখম করে।
এক পর্যায়ে তিনি প্রাণ বাঁচানোর জন্য দৌড় দেন। কিন্তু ওই বাসার (নির্মাণাধীন ভবনের) গেইটের সামনে এসে রাস্তায় লুটিয়ে পড়েন এবং সেখানে মারা যান।
৮ নভেম্বর লালবাগের লোহার ব্রিজ এলাকা থেকে দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন- ২৬ বছর বয়সি মো. মইনু ওরফে মইনুল ওরফে পিচ্চি মাইনু ও ২২ বছর বয়সি মো. আল আমিন ওরফে ডিপজল ওরফে স্বাধীন। দুজনের নামই এজাহারে রয়েছে।
মাইনু ও আল আমিন রাজধানীর গাউছিয়া মার্কেটে শাড়ির দোকানে বিক্রিকর্মী হিসেবে কাজ করতেন।
গ্রেপ্তারের পরদিন ঢাকা মেট্রোপলিটন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা।
আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, অন্যরা ইয়াবা সেবনের সময় কেড়ে নিতেন বিপ্লব। এছাড়া এলাকার বড় ভাই হিসেবে নানা সময়ে অন্যায্য প্রভাব খাটাতেন আর পকেটে হাত দিয়ে টাকা নিয়ে যেতেন তিনি।
এসব কারণে মাইনু ও আল আমিন তার ওপর ক্ষিপ্ত ছিলেন বলে জবানবন্দিতে বলেছেন তারা।
শুক্রবার লালবাগ থানার ওসি জামিল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হত্যাকাণ্ডটি মাদক নিয়ে বিরোধ ও আধিপত্যের জেরে ঘটানো হয়েছে। এটি আমরা ঘটনার দিনই বুঝতে ও জানতে পেরেছিলাম।”
তিনি বলেন, হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেপ্তার হয়েছে। তারা আদালতে যে জবানবন্দি দিয়েছেন, সেখানেও এ বিষয়গুলোই উঠে এসেছে।
পুলিশ ও স্থানীয়রা বলছেন, বিপ্লব নিজেও একজন মাদক কারবারি। আর যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা এলাকার চিহ্নিত মাদকসেবী।
তবে শুক্রবার মামলার বাদী সুলতানা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সে (বিপ্লব) পুলিশের হয়া কাজ (তথ্যদাতা) করতো বইলা আমরা মনে করি। আর যারা মারছে তারা এলাকার সন্ত্রাসী। যে দুইজনের নাম আছে মামলায় তারা ছাড়াও আরও অনেকেই ছিল মারার সময়।
“আমরা এসব নিয়ে আর কথা বলতে চাই না। আমরা গরীব ও মূর্খ মানুষ, এগুলা নিয়া কথা বলতে চাই না। আসামিরা ছাড়া পাইলে, আইসা আমার আপন পোলাডারেও মাইরা ফেলবো। আপনেরা আমাগো আর এডি জিগাইয়েন না।”
জবানবন্দিতে কী আছে?
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জবানবন্দির একটি কপি পেয়েছে, তাতে আল আমিন বলেছেন, ঘটনার দিন দুপুর ২টার দিকে তারা নির্মাণাধীন ওই বাড়িতে যাওয়ার পাঁচ থেকে সাত মিনিট পর বিপ্লব সেখানে আসেন। এ সময় তার কাছ থেকে ইয়াবা কেড়ে নিয়ে তাকে চড়-থাপ্পড় মারেন তিনি। পরে আল আমিন ইয়াবা ফেরত চাইলে তাকে গালাগাল করেন এবং সেখান থেকে চলে যেতে বলেন।
মাইনুর জবানবন্দিতেও একই ঘটনার বর্ণনা রয়েছে। তিনি বলেছেন, আল আমিনের কাছ থেকে ইয়াবা ও সেবনের সরঞ্জাম কেড়ে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া ও মারধরের কারণে দুজন বিপ্লবের ওপর চড়াও হন।
আল আমিন বলেছেন, নির্মাণাধীন ভবনে থাকা ছোট ধারালো রডের টুকরো ও কর্নি (ইট গাঁথা ও সিমেন্ট লাগানোর সরঞ্জাম) দিয়ে তারা বিপ্লবের হাত, পা ও কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।
মাইনুও বলেছেন, তিনি রড দিয়ে বিপ্লবের দুই পায়ে আঘাত করেন এবং এলোপাতাড়ি মারতে থাকেন। একপর্যায়ে বিপ্লব দৌড় দিলে নির্মাণাধীন সিঁড়ির খুঁটি থেকে বেরিয়ে থাকা খাড়া রডের ওপর পড়ে যান। এতে তার বুকে রড ঢুকে যায় বলে জবানবন্দিতে দাবি করেন মাইনু।
তার ভাষ্য, এরপর বিপ্লব আবার উঠে দৌড় দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে নির্মাণাধীন বাড়ির গেইটের সামনে বায়তুল ফালাহ মসজিদের কাছে পড়ে যান।
‘নদীতে ফেলে দেন’ রড, কর্নি ও পোশাক
হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার বিষয়ে দুই আসামির জবানবন্দিতে হত্যায় ব্যবহৃত রড ও কর্নি নদীতে ফেলে দেওয়ার কথা এসেছে। তবে এসব আলামত পুলিশ এখনো উদ্ধার করতে পারেনি।
আল আমিন বলেছেন, বিপ্লব দৌড়ে বাড়ির বাইরে চলে গেলে তারা সেখান থেকে চলে যান এবং নৌকায় করে নদী পার হন। এ সময় তাদের পরনের গেঞ্জি, রড ও কর্নি নদীতে ফেলে দেন।
মাইনুর ভাষ্য, আলীঘাট এলাকায় নৌকা থেকে তিনি ও আল আমিন রড নদীতে ফেলে দেন। এরপর কয়েক দিন বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন।
জবানবন্দিতে দাবি তিনি করেন, বিপ্লবকে মারার কোনো পরিকল্পনা তাদের ছিল না। এ জন্য কোনো প্রস্তুতিও ছিল না। এ ঘটনায় তারা দুজন ছাড়া আর কেউ ছিলেন না বলেও দাবি করেন মাইনু।
লালবাগে কারা মাদক কারবারি?
গত ১৪ মে শহীদনগরে অনলাইনে টি–শার্ট বিক্রেতা রাফি হোসাইনকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ২২ মে তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন-শাহাবুদ্দিন, রেজাউল ও মো. ইমন ওরফে বাবুর্চি ইমন।
তাদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সে সময় পুলিশ বলেছিল, শহীদনগরের মাদক কারবারি মনিরের সঙ্গে বিরোধের জের ধরে তার সহযোগীরা রাফিকে গুলি করে হত্যা করেছেন।
ওই এলাকার মাদক কারবারের নিয়ে প্রায় ঝামেলা হওয়ার কথা বলেছেন স্থানীয় বাসিন্দারাও। সেখানে কতজন মাদক কারবারি সক্রিয় তার একটি তালিকাও আছে পুলিশের হাতে।
ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির হালনাগাদ এ তালিকায় রাজধানীর ৫০ থানার ৩৬৩ জন ‘মাদক কারবারির’ নাম রয়েছে।
গত মার্চের দিকে তৈরি করা ওই তালিকা অনুযায়ী, লালবাগ থানা এলাকায় সক্রিয় ১৯ জন ‘মাদক কারবারির’ নাম ও ঠিকানা উঠে এসেছে।
ডিএমপির ভাষ্য, তালিকায় থাকা এসব ‘কারবারির’ অধিকাংশই বিপ্লব হত্যাকাণ্ডের ঘটনাস্থল সংলগ্ন এলাকা শহীদনগরে বিভিন্ন গলিতে বাসা ভাড়া নিয়ে ‘মাদক কারবার চালিয়ে যাচ্ছেন’।
পুলিশের তালিকা অনুযায়ী, শহীদনগর ৩ নম্বর গলিকে কেন্দ্র করে সক্রিয় রয়েছেন অন্তত ছয়জন ‘কারবারি’। তারা হলেন, মো. রেজাউল, মো. তুহিন, শাওন, স্বপন, রোজিনা আক্তার ও মামুন মিয়া।
একই এলাকার ৪ নম্বর গলির মো. মিজান ও মো. জুয়েল, ৫ নম্বর গলির মো. সোহেল রানা ও মো. আরিফ ওরফে ‘পিশাচ’ আরিফ এবং ৮ নম্বর গলির মো. হায়দার হোসেনের নাম রয়েছে তালিকায়।
এছাড়া শহীদনগরের বউবাজার এলাকার শুঁটকির গলি ও ধারের গলির মো. সোহেল রানা ও মো. মহিনের নাম ডিএমপির তালিকায় রয়েছে।
ডিএমপি বলছে, শহীদনগরের বাইরে লালবাগ রোড এলাকায় মো. বাবুল ওরফে টাইগার বাবুল ওরফে জাজি বাবু ও মো. ইয়াছিন কারবার নিয়ন্ত্রণ করেন।
আরএনডি রোড এলাকার মো. শাকিল ও মো. সাব্বিরের নাম রয়েছে পুলিশের তালিকায়।
এছাড়া হোসেন উদ্দিন খান দ্বিতীয় লেনের রোজিনা বেগম, নবাবগঞ্জ লেনের মো. খলিল এবং জে এন সাহা রোডের মো. সজলের নাম রয়েছে।
শহীদনগর এলাকার বাসিন্দা মেজবাহ উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের উৎপাত এ এলাকায় মাত্রা ছাড়িয়ে গেছে।
“মাদকের অবাধ বিস্তারে এসব হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারলে এটা মহামারি আকার ধারণ করবে।”
আগের খবর:
