০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

লালবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিহত বিপ্লব খালার সঙ্গে ভাড়া বাসায় থাকতেন; কাজ করতেন মাছের দোকানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Nov 2026, 06:41 PM

Updated : 01 Nov 2026, 06:41 PM

পুরান ঢাকার লালবাগে এক যুবককে কুপিয়ে হত্যা করার তথ্য দিয়েছে পুলিশ।

রোববার দুপুরে শহীদনগর এলাকার ৪ নম্বর গলির বায়তুল ফালাহ জামে মসজিদ রোডের পাশের একটি সরু গলিতে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম বিপ্লব ওরফে ‘ফর্মা বিপ্লব’।

ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মোস্তাক সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লালবাগের শহীদনগরে একজনকে কুপিয়ে হত্যার ঘটনা আছে।”

ঘটনাস্থলে থাকা লালবাগ থানার উপপরিদর্শক আব্দুস সেলিম মিয়া বলেন, খবর পেয়ে দুপুর ২টার দিকে তারা ঘটনাস্থলে যান। সেখানে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে থাকতে দেখা যায়।

তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, “দুপুরে কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করে সেখানে ফেলে রেখে গেছে।”

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, পথচারীরা ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। তার বুকের বাম পাশে, বাম পায়ের হাঁটুর নিচে এবং ডান হাতের কবজিতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

হাসপাতালের নথি অনুযায়ী, বিপ্লবের বাবার নাম নজরুল ইসলাম। বিপ্লব শহীদনগরের ৬ নম্বর গলিতে খালার সঙ্গে ভাড়া বাসায় থাকতেন এবং একটি মাছের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।