বাকলিয়ায় বাসার সামনে যুবক খুন: কুমিল্লা থেকে গ্রেপ্তার ৩
হত্যাকাণ্ডের পর গ্রেপ্তারকৃতরা চট্টগ্রাম ছেড়ে কুমিল্লায় আত্মগোপনে চলে যায়।
চট্টগ্রামের বাকলিয়ায় ‘মাদক ব্যবসার বিরোধে’ নিজ বাসার সামনে যুবককে কুপিয়ে খুনের ঘটনায় এক নারীসহ আরও ৩ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে এসআরবি।
কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে বুধবার তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. নাছির, হাজেরা ও মো. ফারুক। তাদের মধ্যে মামলার এজাহারে নাছির ও হাজেরার নাম রয়েছে। অন্যদিকে ফারুক মামলার তদন্তে পাওয়া আসামি বলে এসআরবি জানায়।
এসআরবি-৭ এর বৃহস্পতিবারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হত্যাকাণ্ডের পর গ্রেপ্তারকৃতরা চট্টগ্রাম ছেড়ে কুমিল্লায় আত্মগোপনে চলে যায়। বুধবার রাতে এসআরবি-১১ এর সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়।
বাকলিয়ার তক্তারপুল এলাকায় গত ১১ নভেম্বর গভীর রাতে নিজ বাসার সামনে সোবাহান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পুলিশ বলেছে, মাদক ব্যবসার বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। সোবাহানের বিরুদ্ধে হত্যা, মারামারি, অস্ত্র, মাদকসহ ১৯টি মামলা আছে।
ওইদিনই নিহতের স্ত্রী বাদি হয়ে ১৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও কয়েক জনকে আসামি করে একটি মামলা করেন বাকলিয়া থানায়। পুলিশ ও এসআরবি যৌথ অভিযান চালিয়ে সে দিন বাকলিয়া এলাকা থেকে এক নারীসহ ২ জনকে গ্রেপ্তার করেছিল।
