১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪

“পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সহায়তায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে,” বলেন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার।

ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪

উদ্ধার করা অবিস্ফোরিত বোম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Oct 2026, 03:45 PM

Updated : 30 Oct 2026, 09:41 PM

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মঞ্জুরুল বাছিতের বাসার সামনে ককটেল বিস্ফোরিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের ঠিক আগে ধানমন্ডির কলাবাগান এলাকায় ওই বাসার সামনে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের চারজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, এ ঘটনার পর সেখান থেকে আরও ১৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারকের বাসার সামনে চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়েছে। অবিস্ফোরিতগুলো উদ্ধারের পর বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা নিষ্ক্রিয় করেছেন।

“পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সহায়তায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে,” বলেন তিনি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. নাজমুল হাসান (৪৯), মো. বিল্লাল হোসেন, মো. শামিনুর রহমান (৫৩) ও কামরুনাহার লিপি (৫০)।

পুলিশ বলছে, নাজমুল যুবলীগের তেজগাঁও থানার যুগ্ম সম্পাদক। অন্যরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

ঘটনার বিষয়ে বিচারকের এক স্বজন বলেছেন, জুমার নামাজের ঠিক আগমুহূর্তে তাদের বাসার সামনে দুর্বৃত্তরা তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে দুটি বিস্ফোরিত হয় এবং একটি অবিস্ফোরিত অবস্থায় ছিল।