১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

চট্টগ্রামে বাসার সামনে যুবককে হত্যা, নারীসহ গ্রেপ্তার ২

হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশি বন্দুক, একটি দা ও একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 06:19 PM

Updated : 12 Nov 2026, 06:19 PM

চট্টগ্রামের বাকলিয়ায় নিজ বাসার সামনে যুবক খুনের ঘটনায় এক নারীসহ দুজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

ঘটনার পরপর পুলিশ ও এসআরবি’র যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন—আমির হোসেন ওরফে বুলেট (২৪) ও মোমেনা বেগম (৪৫)।

বাকলিয়া থানার ওসি শাহীনুর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে হত্যাকাণ্ডের পর পুলিশ বাকলিয়া এলাকায় অভিযানে নামে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বুলেট ও মোমেনাকে আটক করা হয়েছে।

ওসি বলেন, “আমাদের অভিযান চলমান আছে। এঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো মামলা করেনি। লাশ দাফনের কাজ শেষে হয়ত তারা রাতে মামলা করতে পারেন।”

হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশি বন্দুক, একটি দা ও একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়।

মঙ্গলবার গভীর রাতে বাকলিয়া তক্তারপুল এলাকায় নিজ বাসার সামনে কুপিয়ে খুন করা হয় সোবাহান নামে এক যুবককে।

নিহতের ভাবী রোকসানা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে বাসায় খাওয়া-দাওয়া করে গেইটের বাইরে বের হয়েছিলেন সোবহান।

“এ সময় বাসার পেছন থেকে ও সামনে কিছু লোকজন এসে আমাদের ঘরে ঢুকিয়ে গেইট আটকে দেয়। তারা সোবহানকে কুপিয়ে ফেলে রেখে চলে যায়।”

গত ৩ নভেম্বর রাতে একবার বাসায় হামলা করেছিল কিছু লোক। তারা বাসায় এসে গেইটে এবং ভবনের দরজায় ভাঙচুর এবং ধারালো অস্ত্র দিয়ে সেগুলো কোপান।

পুলিশ বলছে, মাদক ব্যবসার বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। সোবাহানের বিরুদ্ধে হত্যা, মারামারি, অস্ত্র, মাদকসহ ১৯টি মামলা আছে।

চট্টগ্রামে বাসার সামনে কুপিয়ে যুবককে হত্যা