চট্টগ্রামে বাসার সামনে কুপিয়ে যুবককে হত্যা
পুলিশের ভাষ্য, মাদক ব্যবসার বিরোধের জেরে এ ঘটনা ঘটে।
চট্টগ্রামের বাকলিয়ায় বাসার সামনে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার রাতে তক্তারপুল এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্য, মাদক ব্যবসার বিরোধের জেরে এ ঘটনা ঘটে।
নিহত সোবহান (৩০) ওই এলাকার নূর ইসলামের ছেলে।
নগর পুলিশের সহকারী কমিশনার (চকবাজার জোন) মোহাম্মদ সাজ্জাদ হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে আমরা জেনেছি, মাদক ব্যবসার বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
“ওই এলাকায় মাদক কারবারিদের কয়েকটি পক্ষ আছে। সে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহত সোবহানের বিরুদ্ধে অন্তত ১৫টি মামলা আছে; যেগুলোর বেশিরভাগ মাদকসংক্রান্ত।”
নিহতের ভাবী রোকসানা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে বাসায় খাওয়া-দাওয়া করে গেইটের বাইরে বের হয়েছিলেন সোবহান।
“এ সময় বাসার পেছন থেকে ও সামনে কিছু লোকজন এসে আমাদের ঘরে ঢুকিয়ে গেইট আটকে দেয়। তারা সোবহানকে কুপিয়ে ফেলে রেখে চলে যায়।”
তিনি বলেন, গত ৩ নভেম্বর রাতে একবার বাসায় হামলা করেছিল কিছু লোক। তারা বাসায় এসে গেইটে এবং ভবনের দরজায় ভাঙচুর এবং ধারালো অস্ত্র দিয়ে সেগুলো কোপান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নূরে আলম আশেক জানান, রাত ১টার দিকে সোবহানকে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে আসেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
