০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জে ‘রাস্তা নিয়ে বিরোধের জেরে’ পিটিয়ে হত্যা

“লাঠিসোঁটা নিয়ে হামলা করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন”, বলেন নিহতের এক স্বজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Nov 2026, 07:21 PM

Updated : 07 Nov 2026, 07:23 PM

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘রাস্তা নিয়ে বিরোধের জেরে’ এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমলাই উত্তরপাড়া গ্রামে এ ঘটনার পর ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে পুলিশ জানিয়েছে।

নিহত মো. নাঈম খানের (৬০) বাড়ি শিমলাই উত্তরপাড়া গ্রামে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য এ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে বলা হয়েছে।

নাঈম খানের মেয়ের জামাই ইমরান বলেন, ‘রাস্তা নিয়ে বিরোধের জেরে’ বাড়ির সামনে রাস্তায় তার শ্বশুরের ওপর চড়াও হন প্রতিপক্ষের লোকজন। লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় বিকাল পৌনে ৩টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসার কথা তুলে ধরে ইমরান বলেন, চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।