আহত যুবকের ভিডিও নিচ্ছিল সবাই, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক বললেন ‘মৃত’
হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাত কোন গাড়ি রাজিবকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকার মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। গাড়ির ধাক্কায় আহত ৪০ বছর বয়সি রাজিবকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজিব একটি পেট্রোল পাম্পে কাজ করতেন। তিনি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার শিকদার বাড়ি গ্রামের আফতাবের ছেলে। তিনি রাজধানীর যাত্রাবাড়ীর রসুলপুর এলাকায় থাকতেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী রায়হান বলেন, "আমি নারায়ণগঞ্জ থেকে বেগম বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলাম। ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় দেখতে পাই, একজন গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন এবং তাকে ঘিরে সবাই ছবি তুলছে ও ভিডিও করছে, কিন্তু কেউ তাকে ধরছে না।
“বিষয়টি আমার কাছে খুব খারাপ লাগে। পরবর্তীতে আমি তাকে উদ্ধার করি এবং সবাইকে অনুরোধ করে আমার মত আরেকজন পথচারীর সহযোগিতায় তাকে ট্রাকে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। সে সময় তাকে নিয়ে আসার জন্য ট্রাক ছাড়া অন্য কোনো যানবাহন পাচ্ছিলাম না।"
রায়হান আরও বলেন, "আমরা ধারণা করছি, রোববার দুপুর আনুমানিক ১টার দিকে হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাত কোন গাড়ি রাজিবকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
“পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"
ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন পরিদর্শক হাবিবুর রহমান।
