২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

বেলজিয়ামে অবৈধ নির্মাণ বন্ধ করল গুগল

গুগল ডেটা সেন্টারের শীতলীকরণ ব্যবস্থা বাতাসের পরিবর্তে কাছের সামব্র নদীর পানি ব্যবহার করে পরিচালনার পরিকল্পনা করেছিল। তবে কর্তৃপক্ষ সেই আবেদন প্রত্যাখ্যান করেছে।

বেলজিয়ামে অবৈধ নির্মাণ বন্ধ করল গুগল

কর্তৃপক্ষ নির্মাণকাজকে ‘অবৈধ’ বলে অভিযোগ তোলার পর প্রকল্পটি স্থগিত করেছে কোম্পানিটি। ছবি: গুগল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 05:37 PM

Updated : 29 Nov 2026, 05:37 PM

বেলজিয়ামে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ডেটা সেন্টার নির্মাণকাজ বন্ধ রেখেছে গুগল। দেশটির কর্তৃপক্ষ নির্মাণকাজকে ‘অবৈধ’ বলে অভিযোগ তোলার পর প্রকল্পটি স্থগিত করেছে কোম্পানিটি।

গুগল বলেছে, স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে আরও নির্দেশনা না পাওয়া পর্যন্ত ফারসিয়েনে নির্মাণকাজ বন্ধ থাকবে বলে উঠে এসেছে বিবিসি’র প্রতিবেদনে।

পরিকল্পনা অনুযায়ী নির্মাণের অনুমতি না থাকার অভিযোগে গুগলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে বেলজিয়ামের ওয়ালোনিয়া অঞ্চলের প্রশাসন। তাদের মুখপাত্র নিকোলা ইয়ারনো এ ঘটনাকে ‘গুরুতর অপরাধ’ হিসেবে উল্লেখ করেছেন।

এক বিবৃতিতে গুগল বলেছে, ‘আমরা ১৫ বছরের বেশি সময় ধরে বেলজিয়ামে কাজ করছি এবং স্থানীয় আইন মেনে চলার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।’

এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে বিশ্বজুড়ে ডেটা সেন্টার নির্মাণ বাড়ছে। তবে এসব কেন্দ্র পরিচালনায় বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহারের কারণে পরিবেশগত উদ্বেগও বাড়ছে। এ নিয়ে বিভিন্ন দেশে ডেটা সেন্টার নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ দেখা যাচ্ছে।

ফারসিয়েনের প্রকল্পটি নিয়েও কয়েক মাস ধরে আইনি বিরোধ চলছে। গুগল নির্মাণের অনুমতির শর্ত পরিবর্তনের আবেদন করার পর এ বিরোধ শুরু হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গুগল ডেটা সেন্টারের শীতলীকরণ ব্যবস্থা বাতাসের পরিবর্তে কাছের সামব্র নদীর পানি ব্যবহার করে পরিচালনার পরিকল্পনা করেছিল। তবে আঞ্চলিক কর্তৃপক্ষ সেই আবেদন প্রত্যাখ্যান করেছে।

এরপরও নির্মাণকাজ চলতে থাকায় স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদী সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়।

গ্রিনপিস বেলজিয়ামের জোরি থাইস বলেন, ‘অনুমতি ছাড়াই গুগলের নির্মাণকাজ চালিয়ে যাওয়া পরিবেশ, স্থানীয় বাসিন্দা ও আইনের প্রতি অসম্মান।’

তিনি আরও বলেন, ‘জলবায়ু সংকটের পরিণতি আরও বাড়বে। এমন পরিস্থিতিতে বিপুল জ্বালানি খরচ করা ডেটা সেন্টার নির্মাণের বিষয়টি নজরের বাইরে থাকতে পারে না।’

নতুন বছরের শুরুতে এ মামলার শুনানির দিন ধার্য করেছে আদালত।

ডেটা সেন্টারের সংখ্যা নিয়ে কাজ করা ডেটা সেন্টার ম্যাপের তথ্য অনুযায়ী, বিশ্বে বর্তমানে প্রায় ১৩ হাজার ৫০০ ডেটা সেন্টার রয়েছে। এর মধ্যে ৫৪টি বেলজিয়ামে। এসব কেন্দ্রের মধ্যে চালু এবং চালুর আগের পর্যায়ে থাকা কেন্দ্রগুলোও রয়েছে।

সবচেয়ে বেশি ডেটা সেন্টার রয়েছে যুক্তরাষ্ট্রে, দেশটিতে এ সংখ্যা ৫ হাজার ২০০টির বেশি। এসব কেন্দ্রের বিস্তার নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনেও আলোচনা হয়েছে। নির্বাচনে তিনটি রাজ্যে ডেমোক্র্যাটরা এমন সিনেটর ও গভর্নর নির্বাচিত করেছেন, যারা ডেটা সেন্টারের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণের পক্ষে অবস্থান নিয়েছেন।