২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

এআই পরাশক্তি হতে ডেটা সেন্টার নির্মাণে গতি বাড়াচ্ছে ইসরায়েল

জুন মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির এআই উন্নয়নে বড় পরিকল্পনা ঘোষণা করেন। তখন তিনি বলেন, ‘আমরা ইসরায়েলকে বৈশ্বিক এআই পরাশক্তিতে পরিণত করব।’

এআই পরাশক্তি হতে ডেটা সেন্টার নির্মাণে গতি বাড়াচ্ছে ইসরায়েল

ইসরায়েলে বর্তমানে ৬৭টি ডেটা সেন্টার রয়েছে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 02:12 PM

Updated : 29 Nov 2026, 02:12 PM

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির প্রতিযোগিতা তীব্র হচ্ছে। এই দৌড়ে নিজেদের অবস্থান শক্ত করতে এবার ডেটা সেন্টার নির্মাণে গতি বাড়াচ্ছে ইসরায়েল। দেশটি চায়, এআই প্রযুক্তির বৈশ্বিক অবকাঠামো ও গবেষণায় গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে।

এ লক্ষ্য অর্জনে নতুন ডেটা সেন্টার নির্মাণের অনুমোদন প্রক্রিয়া সহজ করছে ইসরায়েল সরকার। একই সঙ্গে জাতীয় অবকাঠামোর অংশ হিসেবে এসব কেন্দ্রকে বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলছে, ইসরায়েল এআই প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগিয়ে নিজেদের ভূরাজনৈতিক প্রভাবও বাড়াতে চায়।

জুন মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির এআই উন্নয়নে বড় পরিকল্পনা ঘোষণা করেন। তখন তিনি বলেন, ‘আমরা ইসরায়েলকে বৈশ্বিক এআই পরাশক্তিতে পরিণত করব।’

এআই প্রযুক্তিতে ইসরায়েলের অবস্থান অবশ্য আগে থেকেই শক্তিশালী। যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া ২০২০ সালের এপ্রিলে প্রায় ৭০০ কোটি ডলারে ইসরায়েলি কোম্পানি মেলানক্স অধিগ্রহণ করে। কম্পিউটার নেটওয়ার্কিং পণ্য সরবরাহকারী এই কোম্পানির অধিগ্রহণ এনভিডিয়ার ব্যবসা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মেলানক্সকে কেন্দ্র করে গড়ে ওঠা এনভিডিয়ার নেটওয়ার্কিং ব্যবসা ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে ২ হাজার ১০০ কোটি ডলারের বেশি আয় করেছে। এনভিডিয়ার ওই প্রান্তিকের মোট আয়ের প্রায় ১৮ শতাংশ এসেছে এই ব্যবসা থেকে।

যুক্তরাষ্ট্রের বাইরে এনভিডিয়ার সবচেয়ে বড় গবেষণা ও উন্নয়ন কার্যক্রম এখন ইসরায়েলে। গত তিন বছরে সেখানে কর্মীর সংখ্যা দ্বিগুণ করে ৬ হাজারে উন্নীত করেছে কোম্পানিটি। দেশটির সাতটি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে এসব কর্মী কাজ করছেন। হাইফার কাছে কিরিয়াত তিভোনে নতুন একটি বড় গবেষণা ও উন্নয়ন ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনাও রয়েছে এনভিডিয়ার। সেখানে সর্বোচ্চ ১০ হাজার কর্মীর কাজের সুযোগ হবে।

সেপ্টেম্বরে ইসরায়েলি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু দেশটির এআই উন্নয়নের লক্ষ্যমাত্রা তুলে ধরে বলেন, ‘পাঁচ বছরের মধ্যে আমরা এআইয়ের তৃতীয় শক্তি হয়ে উঠব।’

বিশ্লেষকদের মতে, ডেটা সেন্টার নির্মাণে ইসরায়েলের এই উদ্যোগ দেশটির দ্রুতগতিতে তথ্য প্রক্রিয়াকরণের সক্ষমতা বাড়াবে। এর প্রভাব সামরিক শক্তি ও আন্তর্জাতিক ভূরাজনীতিতেও পড়তে পারে।

নতুন জাতীয় অবকাঠামো

ইসরায়েলের এআই অবকাঠামো সম্প্রসারণ পরিকল্পনার অন্যতম বড় প্রকল্প ‘ওফেক’ ডেটা সেন্টার। আশদোদ বন্দরের উত্তরে নির্মাণাধীন এই কেন্দ্র ২০২৯ সালের দ্বিতীয়ার্ধে চালু হওয়ার কথা। এটি চালু হলে ইসরায়েলের সবচেয়ে বড় তথ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র হবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ডিজিটাল অবকাঠামো কোম্পানি সার্ভারফার্ম ও ইসরায়েল ইনফ্রাস্ট্রাকচার ফান্ডসহ কয়েকটি বিনিয়োগকারীর অর্থায়নে প্রকল্পটি নির্মিত হচ্ছে। প্রাথমিক নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৫০ কোটি ডলার। ভবিষ্যতে এর সক্ষমতা বাড়াতে আরও ৫০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

ডেটা সেন্টারটি সমুদ্রের নিচ দিয়ে যাওয়া ফাইবার অপটিক কেবলের মাধ্যমে ইউরোপের বাজারের সঙ্গে সরাসরি যুক্ত হবে। এতে এনভিডিয়ার ডেটা সেন্টার জিপিইউ ব্যবহার করা হবে, যা সার্ভারের তথ্য প্রক্রিয়াকরণের গতি বাড়াবে। প্রাথমিকভাবে ১৩০ মেগাওয়াট বিদ্যুৎ সক্ষমতা নিয়ে চালু হবে কেন্দ্রটি। পরে তা বাড়িয়ে ২০০ মেগাওয়াট করার পরিকল্পনা রয়েছে।

গবেষণা সংস্থা ডেটা সেন্টার ম্যাপের হিসাব অনুযায়ী, ইসরায়েলে বর্তমানে ৬৭টি ডেটা সেন্টার রয়েছে। নতুন কেন্দ্র নির্মাণে বাধা দূর করতে নেতানিয়াহু সরকার বিভিন্ন নিয়মকানুনও শিথিল করছে।

ফেব্রুয়ারিতে এআই ডেটা সেন্টারকে জাতীয় অবকাঠামোর মর্যাদা দেওয়ার উদ্যোগ নেয় সরকার। এর ফলে স্থানীয় পর্যায়ের বিভিন্ন বিধিনিষেধ পাশ কাটিয়ে নতুন প্রকল্প দ্রুত বাস্তবায়নের সুযোগ তৈরি হবে।

তবে দ্রুত সম্প্রসারণের পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ সরবরাহ। গত মাসে ইসরায়েলের বিদ্যুৎ কর্তৃপক্ষ দেশটির নতুন সব ডেটা সেন্টারের বিদ্যুৎ সংযোগ সক্ষমতা সর্বোচ্চ ২০০ মেগাওয়াটে সীমিত করে দেয়। বিদ্যুৎ গ্রিডে সংযোগের জন্য অতিরিক্ত চাহিদা তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, আধুনিক ডেটা সেন্টার পরিচালনার সবচেয়ে বড় ব্যয় বিদ্যুৎ। বিদ্যুৎ সরবরাহ কতটা নির্ভরযোগ্য এবং সহজলভ্য, তার ওপর নতুন কেন্দ্র নির্মাণের গতি ও মুনাফা নির্ভর করে।

লন্ডনভিত্তিক স্বাধীন গবেষক ও এআই পরিচালন সক্ষমতা বিষয়ক পরামর্শক রাজীব দালাল আল জাজিরাকে বলেন, ‘অনুমোদন দ্রুত দেওয়ার বিষয়টি সরকারের সিদ্ধান্ত। কিন্তু নির্মিত অবকাঠামো চালানোর জন্য বিদ্যুৎ নিশ্চিত করা হলো পরিচালন সক্ষমতার প্রশ্ন। এই দুইয়ের মধ্যবর্তী জায়গাতেই প্রকল্পের অর্থনৈতিক যৌক্তিকতা যাচাই হয়।’

তার মতে, ‘ইসরায়েল ছোট দেশ, বিদ্যুৎ গ্রিডের সক্ষমতা সীমিত এবং আমদানি করা হার্ডওয়্যারের ওপর নির্ভরশীল। পরাশক্তি হতে হলে গিগাওয়াট পর্যায়ের সক্ষমতা, নির্ভরযোগ্য বিদ্যুৎ এবং উন্নত চিপের ধারাবাহিক সরবরাহ প্রয়োজন।’

অর্থাৎ, এআই নিয়ে বড় পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে বিপুল বিদ্যুৎও প্রয়োজন।

ডেটা সেন্টারে বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ইসরায়েলের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী এলি কোহেন পারমাণবিক শক্তির বিকাশের ওপর গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি পূর্ব ভূমধ্যসাগরের তামার, লেভিয়াথান ও কারিশ গ্যাসক্ষেত্র থেকে প্রাকৃতিক গ্যাস ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এসব গ্যাসক্ষেত্রের কিছু লেবাননের সঙ্গে বিরোধপূর্ণ সামুদ্রিক এলাকার কাছাকাছি। এ ছাড়া কাটলান নামের আরেকটি গ্যাসক্ষেত্র ২০২৭ সালে উৎপাদনে আসার কথা।

ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওফেক ডেটা সেন্টার আশদোদ বন্দরের পাশে নির্মিত ৮৫০ মেগাওয়াট ক্ষমতার গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে সরাসরি বিদ্যুৎ পাবে।

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বার্কম্যান ক্লেইন সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটির জননীতি গবেষক মার্ক এসপোসিতো মনে করেন, ডেটা সেন্টার নির্মাণের যুক্তি কেবল ব্যবসায়িক লাভের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে ভূরাজনৈতিক ও কৌশলগত স্বার্থও জড়িত।

তিনি আল জাজিরাকে বলেন, ‘শুধু বাজার দক্ষতার দিক থেকে বিবেচনা করলে দেশের ভেতরে এআই ডেটা সেন্টার নির্মাণের যুক্তি অনেক সময় দুর্বল। কিন্তু কৌশলগত এআই উচ্চাকাঙ্ক্ষা থাকা একটি দেশের জন্য নিজস্ব ডেটা সেন্টার তৈরি করা তাৎক্ষণিক মুনাফার চেয়ে ভবিষ্যতের শিল্পে গুরুত্বপূর্ণ একটি নিয়ন্ত্রণকেন্দ্র নিজেদের হাতে রাখার বিষয়।’

নিজস্ব ডেটা সেন্টার থাকলেই কোনো দেশ এআই পরাশক্তি হয়ে যায় না। তবে এ ধরনের অবকাঠামো ছাড়া সেই অবস্থানে পৌঁছানো কঠিন।

এসপোসিতোর ভাষায়, ‘এগুলো এআই শক্তির ভৌগোলিক ভিত্তি।’

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এসব অবকাঠামো ক্লাউড সেবা সরবরাহকারী, এআই গবেষণাগার, সেমিকন্ডাক্টর প্যাকেজিং, শীতলীকরণ প্রযুক্তি এবং জ্বালানি অবকাঠামোর বিভিন্ন কোম্পানিকে আকৃষ্ট করবে। এতে দক্ষ কর্মী, বিনিয়োগ ও তথ্য একে অপরকে শক্তিশালী করে এমন একটি প্রযুক্তি পরিবেশ গড়ে উঠবে।

বিশ্বজুড়ে ‘বিশাল ক্ষমতা’ অর্জনের লক্ষ্য

ফেব্রুয়ারিতে জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে এআই ডেটা সেন্টার দ্রুত নির্মাণের পরিকল্পনা অনুমোদন করে নেতানিয়াহু সরকার। সে সময় তিনি বলেন, এই উদ্যোগ দেশের ক্ষমতা আরও বাড়ানোর ক্ষেত্রে ‘নির্ণায়ক ভূমিকা’ রাখবে।

তিনি বলেন, ‘তবে এটি শুধু ক্ষমতা প্রদর্শন বা ক্ষমতা গড়ে তোলার বিষয় নয়। বিশ্বজুড়ে বিপুল ক্ষমতার সুবিধা অর্জনের বিষয়ও এটি। আমাদের এটি করতে হবে, কারণ আমরা একটি ছোট ও হুমকির মুখে থাকা দেশ।’

ইসরায়েলের জাতীয় এআই অধিদপ্তরের প্রধান এরেজ আসকালও একই ধরনের বক্তব্য দিয়েছেন।

তিনি বলেন, ‘আগামী কয়েক বছরে স্পষ্ট হয়ে যাবে, কোন দেশগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বৈশ্বিক অগ্রভাগে নিজেদের অবস্থান তৈরি করতে পারবে এবং কোন দেশগুলো অন্যদের তৈরি প্রযুক্তি, অবকাঠামো ও সক্ষমতার ওপর নির্ভর করতে বাধ্য হবে।’

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক এসপোসিতোর মতে, এআই এখন আর শুধু সফটওয়্যার নয়। এটি এমন গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো, যা কোনো দেশের ভূরাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি নির্ধারণ করে।

তিনি বলেন, ‘নিজস্ব এআই অবকাঠামো থাকা দেশগুলো তা না থাকা দেশগুলোর ওপর অর্থপূর্ণ দর-কষাকষির ক্ষমতা অর্জন করবে। এই অসমতা আগামী এক দশকে বাণিজ্য আলোচনা, নিরাপত্তা জোট এবং প্রযুক্তিতে প্রবেশাধিকারের ক্ষেত্রে প্রভাব ফেলবে।’

দেশের ভেতরে এআই অবকাঠামো গড়ে তুললে বিদেশি বাধা ও সরবরাহ সংকট থেকে প্রযুক্তি খাতের কিছু অংশ সুরক্ষিত রাখা সম্ভব। তবে এআই প্রযুক্তির পুরো ব্যবস্থায় কাঁচামাল, চিপ, মৌলিক এআই মডেল, অ্যাপ্লিকেশন ও ক্লাউড অবকাঠামোও পরস্পরের সঙ্গে যুক্ত এবং গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিভিত্তিক ব্রুকিংস ইনস্টিটিউশনের কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদীয়মান প্রযুক্তি উদ্যোগের জ্যেষ্ঠ গবেষক মার্ক মুরো মনে করেন, স্থানীয়ভাবে এআই চালানোর সক্ষমতা বাড়লেও এর সুবিধা পাওয়া যাবে।

প্রশিক্ষিত এআই মডেলে তথ্য প্রয়োগ করে ফলাফল তৈরির প্রক্রিয়াকে ইনফারেন্স বলে। মুরোর মতে, স্থানীয়ভাবে নির্ভরযোগ্য ইনফারেন্সের সক্ষমতা ব্যবসা, বিদ্যুৎ গ্রিড ও সামরিক সুবিধার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

গাজা ও পশ্চিম তীরে সামরিক অভিযানে ইসরায়েল এআই প্রযুক্তি ব্যবহার করেছে বলে জানা গেছে।

মুরো বলেন, এআই মডেল প্রশিক্ষণের জন্য বিশাল ডেটা সেন্টার নির্মাণের তুলনায় স্থানীয় ইনফারেন্সের জন্য ছোট কেন্দ্র নির্মাণ বেশি গুরুত্বপূর্ণ। এতে দেশের এআই প্রযুক্তির ব্যবহার অব্যাহত রাখা ও গুরুত্বপূর্ণ সেবা সচল রাখা সহজ হবে।

ইউরোপের সংকট

ইসরায়েল যেখানে ডেটা সেন্টার নির্মাণে গতি বাড়াচ্ছে, সেখানে বিদ্যুৎ গ্রিডের সীমাবদ্ধতা, ধীর অনুমোদন প্রক্রিয়া এবং স্থানীয় মানুষের বিরোধিতার কারণে ইউরোপ পিছিয়ে পড়ছে।

ইউরোপীয় ইউনিয়ন বিদেশি নিয়ন্ত্রণাধীন ডেটা সেন্টার ও ক্লাউড অবকাঠামোর ওপর অনেকটাই নির্ভরশীল। বিশ্লেষকদের মতে, এই নির্ভরতা আরও বাড়ছে।

বিশ্বের মোট ডেটা সেন্টারের প্রায় ৫১ শতাংশ যুক্তরাষ্ট্রে। ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন কোম্পানি তাদের কম্পিউটিং কার্যক্রম যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশে সরিয়ে নিতে পারে। এসব দেশের মধ্যে ইসরায়েলের ওফেক ডেটা সেন্টারও ভবিষ্যতে বিকল্প হতে পারে। স্থানীয় সার্ভারে চাপ বেশি থাকলে কিংবা বিদ্যুৎ ব্যবহারের চাহিদা বেড়ে গেলে এ ধরনের ব্যবস্থা বাড়তি সুবিধা দেবে।

অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের সীমানার ভেতরে তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ করতে হলে অন্তত ৩০ শতাংশ বেশি ব্যয় হতে পারে বলে ইউরোপীয় কমিশনের হিসাব। তবে এতে তথ্য ইউরোপের প্রাইভেসি আইন অনুযায়ী সুরক্ষিত থাকে এবং বিদেশি নজরদারি থেকে নাগরিক, ব্যবসা ও সরকারি সংস্থাগুলোকে সুরক্ষা দেওয়া সম্ভব হয়।

ইউরোপের ভেতরে সার্ভার থাকলে সামরিক, গোয়েন্দা ও সরকারি সংস্থাগুলোও সংবেদনশীল তথ্য বিদেশে না পাঠিয়ে নিজেদের সীমানার মধ্যে প্রক্রিয়া করতে পারে।

বেলজিয়ামের ব্রাসেলসভিত্তিক গবেষণা সংস্থা ব্রুগেলের জ্যেষ্ঠ গবেষক বের্তিন মার্টেনস বলেন, ‘রাজনৈতিক ও নিরাপত্তার দিক থেকে সংবেদনশীল কাজের ক্ষেত্রে আপনি চান না বিদেশি শক্তিগুলো আপনার যোগাযোগ ও তথ্য প্রক্রিয়াকরণে আড়ি পাতুক। এ কারণেই সংবেদনশীল কাজের জন্য দেশের ভেতরে ডেটা সেন্টার প্রয়োজন।’

ফ্রান্সের নিস শহরের ইউনিভার্সিটি কোত দাজ্যুরে এআই ও উদ্ভাবনের অর্থনীতির অধ্যাপক সিমোন ভানুচ্চিনি মনে করেন, কম্পিউটিং সক্ষমতার জন্য ইসরায়েল বা অন্য কোনো বিদেশি শক্তির ওপর নির্ভরতা ভূরাজনীতিতে নতুন ঝুঁকি তৈরি করতে পারে।

তিনি বলেন, ‘হয়তো আমরা কোনো বিষয়ে সমালোচনা করার ক্ষেত্রে কম আগ্রহী হয়ে উঠব। আর সেটিই সম্ভাব্য ঝুঁকি।’

বর্তমানে ইসরায়েলের হাতে বড় ধরনের প্রভাব বিস্তারের সক্ষমতা নেই। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্মিলিতভাবে বিবেচনা করলে তাদের গুরুত্ব বাড়ে।

ভানুচ্চিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের হাতে বড় একটি অস্ত্র রয়েছে। ইসরায়েলের হাতেও একটি অস্ত্র রয়েছে, তবে সেটি কিছুটা ছোট।’