১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

অ্যাপলকে বাংলাদেশে আনার ‘প্রাথমিক কথা’ হয়েছে: রেহান আসিফ

“সরকারের মূল লক্ষ্য হল, এআই অবকাঠামো গড়ে তোলা,” বলেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক এ উপদেষ্টা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 12:30 AM

Updated : 11 Nov 2026, 12:30 AM

মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপলকে বাংলাদেশে আনতে প্রাথমিক আলাপ হওয়ার তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

তিনি বলছেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পোশাক বা তৈরি খাতগুলোতে আমরা যা অর্জন করেছি, আগামী পাঁচ বছরে আমাদের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্পকেও আমরা সেই উচ্চতায় নিয়ে যেতে পারব।”

মঙ্গলবার গ্রামীণফোনের এক অনুষ্ঠানে গিয়ে এসব কথা বলেন রেহান আসিফ আসাদ। তরুণদের নিয়ে 'ফিউচারমেকার্স' নামে একটি প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কারও তুলে দেন উপদেষ্টা।

দেশব্যাপী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ধারণা নিয়ে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘এআই ফর সোশ্যাল গুড’।

এবার দেশের প্রায় ৭০টি বিশ্ববিদ্যালয় থেকে অন্তত সাত হাজার শিক্ষার্থী ১ হাজার ১০৩টি ধারণা জমা দেন।

অনুষ্ঠানে রেহান আসিফ বলেন, সরকার এআই নিয়ে কাজ করছে। কিন্তু ‘এআই ইনফ্রাস্ট্রাকচার’ এবং ‘এআই মডেল’ দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়, যা নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

“আমাদের সরকারের উদ্দেশ্য আরেকটি চ্যাটজিপিটি তৈরি করা বা অ্যানথ্রপিকের মতো কোড লেখা নয়। শীর্ষ চারটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এআই মডেল তৈরিতে প্রায় ৭৫০ থেকে ৮০০ বিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় এক ট্রিলিয়ন ডলার ব্যয় করছে। বাংলাদেশ সরকারের উদ্দেশ্য এটি নয়, এমনকি আমার মনে হয় না বিশ্বের অন্য কোনো সরকারও এ ধরনের বিষয়ে মনোযোগ দিচ্ছে।”

তিনি বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো এআই অবকাঠামো গড়ে তোলা— জিপিইউ সক্ষমতা, মেমোরি সক্ষমতা, উচ্চমানের এনপিইউ ও ইনফারেন্স সক্ষমতা বাড়ানো। সেই সঙ্গে এই অবকাঠামো উন্মুক্ত করে দেওয়া, যেন আপনারা এর ওপর ভিত্তি করে বিভিন্ন উদ্ভাবনী সেবা এবং প্রয়োজনীয় অ্যাপ তৈরি ও পরিচালনা করতে পারেন। কাজেই সরকারের মূল কাজ হবে এই অবকাঠামো তৈরি করা, যেন জিপিইউ সক্ষমতা পেতে আপনাদের বিশাল অঙ্কের অর্থ খরচ করতে না হয়।“

অ্যাপল আসছে?

সরকারপ্রধানের এ উপদেষ্টা বলেন, বিএনপি সরকারের অগ্রাধিকারের আরেকটি ক্ষেত্র হচ্ছে সরাসরি কনজিউমার ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর ও ডিভাইস উৎপাদন শিল্প।

“আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পোশাক বা তৈরি খাতগুলোতে আমরা যা অর্জন করেছি, আগামী পাঁচ বছরে আমাদের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্পকেও আমরা সেই উচ্চতায় নিয়ে যেতে পারব। বিগত বাজেটের পরিবর্তনের পর ইলেকট্রনিক্স উৎপাদনে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছি। আমি আপনাদের জানাতে পারি যে, অ্যাপল ছাড়া বর্তমানে উন্নতমানের প্রায় সব অ্যান্ড্রয়েড ফোনই বাংলাদেশে তৈরি হচ্ছে।”

তিনি বলেন, অন্যান্য কোমানির মতো অ্যাপলও কোনো দেশে যাওয়ার আগে দুই-তিন বছর সময় নিয়ে বাজার বিশ্লেষণসহ নানা বিষয় যাচাই করে।

“তাদের যাত্রায় বাংলাদেশ কীভাবে অংশীদার হতে পারে, বাংলাদেশ কীভাবে তাদের সহায়তা করতে পারে, কিংবা তাদের ভবিষ্যৎ উদ্ভাবন ও ভবিষ্যৎ উৎপাদনের কেন্দ্র হিসেবে বাংলাদেশ কীভাবে কাজ করতে পারে, তা নিয়ে আমাদের প্রাথমিক আলোচনা হয়েছে।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিটিআরসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. এমদাদ উল বারী, বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন, গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেন, চিফ স্ট্রাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার আন্দ্রেয়াস হগবার্গ উপস্থিত ছিলেন।