১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

হুয়াংয়ের বিদায়ে যে প্রভাব পড়তে পারে চিপ শিল্পের বাইরেও

এআই অবকাঠামো গড়ে তুলতে এনভিডিয়ার বিপুল বিনিয়োগ এবং বিভিন্ন প্রযুক্তি কোম্পানির সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্কের কারণে এই নেতৃত্ব সংকটের প্রভাব অন্য কোম্পানিগুলোর ওপরও পড়তে পারে।

হুয়াংয়ের বিদায়ে যে প্রভাব পড়তে পারে চিপ শিল্পের বাইরেও

এনভিডিয়া আগের মতো দ্রুত বিনিয়োগ ও সিদ্ধান্ত নিতে পারবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 03:34 AM

Updated : 13 Nov 2026, 03:34 AM

এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের পদত্যাগের প্রভাব শুধু বিশ্বের শীর্ষস্থানীয় চিপ নির্মাতা কোম্পানিটির নেতৃত্ব পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। তার বিদায়ের পর বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পের বিনিয়োগ, চিপ সরবরাহব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রের চীনবিষয়ক প্রযুক্তিনীতি নিয়েও নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিশেষ করে এআই অবকাঠামো গড়ে তুলতে এনভিডিয়ার বিপুল বিনিয়োগ এবং বিভিন্ন প্রযুক্তি কোম্পানির সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্কের কারণে এই নেতৃত্ব সংকটের প্রভাব অন্য কোম্পানিগুলোর ওপরও পড়তে পারে।

রয়টার্সের বৃহস্পতিবারের এক বিশ্লেষণে উঠে এসেছে, হুয়াংয়ের বিদায়ে বিনিয়োগকারীরা কেবল এনভিডিয়ার ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েই উদ্বিগ্ন নন, বরং পুরো এআই শিল্পে কোম্পানিটির প্রভাব নিয়েও নতুন করে হিসাব করছেন।

বিশ্ববাজারে শেয়ারের দরপতন

হুয়াংয়ের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার বৈশ্বিক এআই প্রযুক্তি সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারে দরপতন দেখা গেছে। তবে দিনের শুরুতে বড় পতন সামলে দিন শেষে কয়েকটি কোম্পানির শেয়ারের দাম কিছুটা ঘুরে দাঁড়ায়।

একপর্যায়ে এনভিডিয়ার শেয়ারের দাম ১৪ দশমিক ৩ শতাংশ পর্যন্ত কমে যায়। পরে মূল্য কিছুটা বেড়ে দরপতনের আকার ৫ দশমিক ৪ শতাংশে দাঁড়ায়। এক পর্যায়ে কোম্পানিটির বাজারমূল্য ৪ ট্রিলিয়ন ডলারের নিচে নেমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। গত এক মাসেই কোম্পানিটির বাজারমূল্য থেকে এক ট্রিলিয়ন ডলারের বেশি কমেছে।

শুধু এনভিডিয়া নয়, কোম্পানিটির বিনিয়োগ পাওয়া এআই ক্লাউড সেবাদাতা কোম্পানিগুলোর শেয়ারেও নেতিবাচক প্রভাব পড়েছে। কোরউইভের শেয়ারের দাম ৮ দশমিক ১ শতাংশ কমে গেছে। এআই কম্পিউটিং সেবা দেওয়া নেবিয়াসের শেয়ারের দাম কমেছে ১৮ শতাংশ।

অন্যদিকে এনভিডিয়ার প্রতিদ্বন্দ্বী এএমডি ও ব্রডকমের শেয়ারের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের একাংশ মনে করছেন, এনভিডিয়ার নেতৃত্বে অস্থিরতা তৈরি হওয়ায় প্রতিদ্বন্দ্বীরা বাজারে নিজেদের অবস্থান শক্ত করার সুযোগ পেতে পারে।

ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ড্যানিয়েলা হ্যাথর্ন বলেন, “এই মূল্য পুনরুদ্ধারের পেছনে ব্যাপক দরপতনের পর কম দামে শেয়ার কেনার প্রবণতা কিছুটা কাজ করেছে। কিছু বিনিয়োগকারী মনে করছেন, নেতৃত্বে পরিবর্তন এলেও এনভিডিয়ার প্রতিযোগিতামূলক সুবিধা, এআইয়ের শক্তিশালী চাহিদা এবং প্রতিষ্ঠিত গ্রাহক সম্পর্ক টিকে থাকবে।”

শেয়ারদরের পতনের মধ্যেও ব্যক্তিগত বিনিয়োগকারীদের একাংশ এনভিডিয়ার শেয়ার কিনেছেন। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ভান্ডা রিসার্চের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টায় ব্যক্তিগত বিনিয়োগকারীরা নিট ১১ কোটি ১০ লাখ ডলারের এনভিডিয়া শেয়ার কেনেন। কোম্পানিটির শেয়ারবাজারে প্রবেশের পর প্রথম আধা ঘণ্টায় এটাই ছিল সর্বোচ্চ কেনাকাটার রেকর্ড।

এআই খাতে বিনিয়োগের পাশাপাশি প্রযুক্তি কোম্পানিগুলোর ঋণ ও নিয়ন্ত্রণসংক্রান্ত উদ্বেগও বাজারে চাপ তৈরি করছে। ফলে এনভিডিয়ার নেতৃত্ব পরিবর্তনের ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন এআই ব্যবসার ভবিষ্যৎ মুনাফা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আগে থেকেই প্রশ্ন রয়েছে।

এনভিডিয়ার অর্থায়ন বন্ধ হলে বিপাকে পড়তে পারে ছোট কোম্পানি

এআই শিল্পে এনভিডিয়ার ভূমিকা শুধু চিপ বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়। কোম্পানিটি নিজস্ব চিপ ব্যবহার করে ক্লাউড কম্পিউটিং অবকাঠামো গড়ে তোলা বিভিন্ন কোম্পানি, সরবরাহকারী এবং বড় এআই গবেষণাগারেও অর্থ বিনিয়োগ করেছে।

এ কারণে এনভিডিয়াকে অনেক সময় ‘এআই শিল্পের ব্যাংক’ বলেও অভিহিত করা হয়। কোম্পানিটি যদি নেতৃত্বের সংকট সামাল দিতে গিয়ে নতুন বিনিয়োগ কমিয়ে দেয়, তাহলে এআই অবকাঠামো গড়ে তোলার কাজে থাকা ছোট কোম্পানিগুলো অর্থসংকটে পড়তে পারে।

থেমিস ট্রেডিংয়ের অংশীদার ও ইকুইটি লেনদেন বিভাগের সহপ্রধান জো সালুজ্জি বলেন, “এনভিডিয়াকে এআইয়ের ব্যাংক বলা হয়। তারা আপনার কাছে চিপ বিক্রি করবে, ঋণও দেবে। চলমান পরিস্থিতির কারণে তাদের যদি কিছুটা পিছিয়ে আসতে হয়, তাহলে যেসব ছোট কোম্পানির অর্থায়ন প্রয়োজন, তাদের অর্থের জোগান বন্ধ হয়ে যাবে কি না, এটি এখন একটি খোলা প্রশ্ন।”

এনভিডিয়ার বিনিয়োগ পাওয়া নেবিয়াসের ক্ষেত্রেও পরিস্থিতির প্রভাব দেখা গেছে। থার্ড পার্টির অবকাঠামো সক্ষমতা বাড়ানোর কাজে বিলম্বের কারণে কোম্পানিটি ২০২৬ সালের আয়ের পূর্বাভাস কমিয়েছে। এরপর তাদের শেয়ারের দাম ১৮ শতাংশ কমে যায়।

এদিকে এআই সার্ভার নির্মাতা সুপার মাইক্রো কম্পিউটারের শেয়ারের দাম ১২ শতাংশ কমেছে। অ্যালিস হুয়াংয়ের সংশ্লিষ্টতা নিয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কোম্পানিটির বিরুদ্ধে তদন্ত করতে পারে, এমন খবরের পর এ দরপতন ঘটেছে।

এশিয়ার চিপ সরবরাহকারীদেরও দুশ্চিন্তা

এনভিডিয়ার ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এশিয়াজুড়ে কোম্পানিটির অংশীদার ও সরবরাহকারীরাও নিজেদের ব্যবসায়িক পরিকল্পনা নতুন করে পর্যালোচনা করছেন।

রয়টার্সের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার মেমোরি চিপ নির্মাতা থেকে শুরু করে তাইওয়ানের উন্নত চিপ উৎপাদনকারী কোম্পানিগুলো পর্যন্ত এনভিডিয়ার সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভাবছে।

বিশেষ করে হুয়াংয়ের মতো দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং বড় পরিসরে বিনিয়োগের উদ্যোগ নেওয়ার সক্ষমতা নতুন প্রধান নির্বাহীর থাকবে কি না, তা নিয়ে উদ্বেগ রয়েছে।

তাইওয়ানের এক সরবরাহকারী কোম্পানির একজন নির্বাহী রয়টার্সকে বলেন, “এনভিডিয়ার যতটুকু উৎপাদন সক্ষমতা প্রয়োজন, আমরা তা দিতে প্রস্তুত। তবে নতুন প্রধান নির্বাহী জেনসেনের মতো আগ্রাসী নাও হতে পারেন।”

নাম প্রকাশ না করার শর্তে ওই নির্বাহী বলেন, নতুন নেতৃত্ব উৎপাদন সক্ষমতা নিশ্চিত করতে দ্রুত উদ্যোগ না নিলে তার কোম্পানির সম্প্রসারণ পরিকল্পনাও ধীর হয়ে যেতে পারে।

দীর্ঘদিন ধরে তাইওয়ানের চিপ উৎপাদনকারী ও প্রযুক্তি সরবরাহকারী কোম্পানিগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন হুয়াং। নিয়মিত তাইওয়ান সফর করে টিএসএমসি, ফক্সকন ও উইস্ট্রনের মতো কোম্পানির সঙ্গে সম্পর্ক জোরদার করেছেন তিনি।

চলতি বছরের মে মাসে হুয়াং জানিয়েছিলেন, তাইওয়ানে বছরে প্রায় ১৫ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে এনভিডিয়ার।

Image

হুয়াংয়ের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর বৈশ্বিক এআই প্রযুক্তি সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারে দরপতন দেখা গেছে। ছবি: রয়টার্স

কাউন্টারপয়েন্ট রিসার্চের গবেষণা বিভাগের ভাইস প্রেসিডেন্ট নিল শাহ মনে করেন, হুয়াংয়ের বিদায়ে এআই শিল্পে বড় পরিসরের নতুন বিনিয়োগ কমে যেতে পারে।

তার ভাষায়, “তার অনুপস্থিতিতে এনভিডিয়ার পক্ষ থেকে এআই শিল্পের বিভিন্ন পর্যায়ে বড় ও আগ্রাসী বিনিয়োগ এবং লাভজনক দ্বিপক্ষীয় অবকাঠামো চুক্তির গতি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।”

দক্ষিণ কোরিয়ার মেমোরি চিপ নির্মাতা এসকে হাইনিক্স ও স্যামসাংয়ের জন্যও বিষয়টি গুরুত্বপূর্ণ। এনভিডিয়ার এআই চিপ তৈরিতে ব্যবহৃত ‘হাই ব্যান্ডউইডথ’ মেমোরি সরবরাহে দেশটির কোম্পানিগুলোর বড় ভূমিকা রয়েছে।

এনভিডিয়ার সঙ্গে এসকে হাইনিক্সের মূল কোম্পানি এসকে গ্রুপ প্রায় ৫০ হাজার কোটি ডলারের একটি এআই উদ্যোগ নিয়ে কাজ করছে। এর আওতায় বড় পরিসরের ডেটা সেন্টার ও পরবর্তী প্রজন্মের চিপ তৈরির পরিকল্পনা রয়েছে।

দক্ষিণ কোরিয়ার এক চিপ কোম্পানির নির্বাহী বলেন, “বছরের পর বছর ধরে হুয়াংয়ের সঙ্গে আমাদের দৃঢ় সম্পর্ক তৈরি হয়েছে। ব্যবসায়িক বিষয়ে আলোচনার প্রয়োজন হলে তিনি সহজেই যোগাযোগের সুযোগ দিতেন।”

তিনি বলেন, “আমাদের সবচেয়ে বড় প্রশ্ন হলো, সম্ভাব্য নতুন উত্তরসূরি আমাদের সঙ্গে একই ধরনের ভালো সম্পর্ক বজায় রাখবেন কি না।”

তবে সব বিশ্লেষকই তাৎক্ষণিক বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন না। তাদের মতে, আগামী এক থেকে দুই বছরে এনভিডিয়া যেসব চিপ সরবরাহ করবে, সেগুলোর নকশা ও উৎপাদন এরইমধ্যে নির্ধারিত রয়েছে। একইভাবে ২০২৭ সালের জন্য গ্রাহকদের ব্যয়ের পরিকল্পনাও শুধু কোম্পানির প্রধান নির্বাহী পরিবর্তনের ওপর নির্ভর করছে না।

মিনোটর ক্যাপিটালের পোর্টফোলিও ব্যবস্থাপক ও সহপ্রতিষ্ঠাতা আরমিনা রোজেনবার্গ বলেন, “এনভিডিয়া আগামী এক বা দুই বছরে যেসব চিপ সরবরাহ করবে, সেগুলোর নকশা তৈরি এবং উৎপাদন শুরু হয়ে গেছে। কোম্পানির নেতৃত্বে কে থাকছেন, তার ওপর গ্রাহকদের ২০২৭ সালের ব্যয়ের পরিকল্পনা নির্ভর করছে না।”

চীনে চিপ রপ্তানিতে আরও কঠোর বিধিনিষেধের আশঙ্কা

হুয়াংয়ের পদত্যাগের পর চীনের কাছে উন্নত এআই চিপ বিক্রির ওপর যুক্তরাষ্ট্রের আরও কঠোর বিধিনিষেধ আরোপের দাবি জোরালো হয়েছে। এ ক্ষেত্রে রিপাবলিকান ও ডেমোক্র্যাট, দুই দলের আইনপ্রণেতারাই নতুন নিয়ন্ত্রণের পক্ষে অবস্থান নিচ্ছেন।

বৃহস্পতিবার রয়টার্সের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, হুয়াংয়ের সঙ্গে চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার সন্দেহে থাকা এক নারীর সম্পর্কের খবর প্রকাশের পর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় এনভিডিয়ার ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

বিশেষ করে এনভিডিয়ার উন্নত চিপ চীনের হাতে পৌঁছানো ঠেকাতে বিদ্যমান রপ্তানি নিয়ন্ত্রণ কতটা কার্যকর, তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন বৃহস্পতিবার বলেন, চীনে চিপ রপ্তানি সীমিত করার বিষয়ে কংগ্রেসে ক্রমবর্ধমান ঐকমত্য তৈরি হচ্ছে।

বর্তমানে উন্নত চিপ রপ্তানির অনুমতি দেওয়া বা আটকে রাখার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের ব্যাপক ক্ষমতা রয়েছে। তবে নতুন প্রস্তাবগুলো পাস হলে এ বিষয়ে কংগ্রেসের ভূমিকা বাড়তে পারে।

ম্যাসাচুসেটসের ডেমোক্র্যাট সেনেটর এলিজাবেথ ওয়ারেন এবং ইন্ডিয়ানার রিপাবলিকান সেনেটর জিম ব্যাংকসের প্রস্তাবিত ‘এআই ওভারসাইট অ্যাক্ট’-এ চিপ রপ্তানি নীতির পরিবর্তন পর্যালোচনায় কংগ্রেসের ক্ষমতা বাড়ানোর কথা বলা হয়েছে। এটি কার্যকর হলে ভবিষ্যতে কোনো প্রশাসনের পক্ষে চীনে উন্নত চিপ বিক্রির ওপর বিধিনিষেধ শিথিল করা কঠিন হতে পারে।

আরেকটি প্রস্তাব ‘চিপ সিকিউরিটি অ্যাক্ট’-এ উন্নত এআই প্রসেসর কোথায় যাচ্ছে, তা শনাক্ত করার ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। কোনো চিপ নিষিদ্ধ ব্যবহারকারীর কাছে পৌঁছেছে বলে সন্দেহ হলে সংশ্লিষ্ট কোম্পানিকে সরকারকে জানাতে হবে।

এ ধরনের নিয়ম কার্যকর হলে এনভিডিয়াকে চিপের অবস্থান শনাক্ত করা এবং এ বিষয়ে নিয়মিত প্রতিবেদন দেওয়ার জন্য বাড়তি অর্থ ব্যয় করতে হতে পারে।

এ ছাড়া ‘ম্যাচ অ্যাক্ট’ নামে আরেকটি প্রস্তাবে চীনে সেমিকন্ডাক্টর তৈরির যন্ত্রপাতি বিক্রি ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপর চাপ তৈরির কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে নেদারল্যান্ডস ও জাপানের মতো দেশগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। এসব দেশে এএসএমএল ও টোকিও ইলেকট্রনের মতো চিপ তৈরির যন্ত্রপাতি উৎপাদনকারী কোম্পানি রয়েছে।

তবে এনভিডিয়ার ব্যবসায় সরাসরি প্রভাব ফেলতে পারে ‘রিমোট অ্যাকসেস সিকিউরিটি অ্যাক্ট’। এর লক্ষ্য চীনা কোম্পানিগুলোর এমন একটি বিকল্প ব্যবস্থা বন্ধ করা, যেখানে তারা সরাসরি উন্নত চিপ না কিনে বিদেশের ডেটা সেন্টারে থাকা এনভিডিয়ার চিপের কম্পিউটিং ক্ষমতা দূর থেকে ব্যবহার করে।

প্রস্তাবটি কার্যকর হলে এ ধরনের দূরবর্তী ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আরোপের ক্ষমতা পাবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে পাস হওয়া প্রস্তাবটি এখন সেনেটে বিবেচনার অপেক্ষায় রয়েছে।

এনভিডিয়া আগেই জানিয়েছে, আইনটি কার্যকর হলে তাদের ব্যবসায় ‘উল্লেখযোগ্য প্রভাব’ পড়তে পারে।

চীনা কোম্পানিগুলোর বিকল্প পথ খোঁজার তৎপরতা

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন বিধিনিষেধের আশঙ্কায় চীনা এআই কোম্পানিগুলোও দেশের বাইরে এনভিডিয়ার চিপ ব্যবহার করে তৈরি কম্পিউটিং সক্ষমতা নিশ্চিত করার চেষ্টা করছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, হুয়াংকে ঘিরে বিতর্কের পর ওয়াশিংটন দূরবর্তীভাবে উন্নত চিপ ব্যবহারের সুযোগও সীমিত করতে পারে, এমন আশঙ্কায় চীনা কোম্পানিগুলো বিদেশে থাকা এনভিডিয়ার চিপভিত্তিক কম্পিউটিং সেবা পাওয়ার চেষ্টা বাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণের কারণে চীনের ডেটা সেন্টারগুলোতে এনভিডিয়ার চিপ বিক্রি বর্তমানে প্রায় শূন্যের কাছাকাছি। কোম্পানিটি অগাস্টে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছিল। তৃতীয় প্রান্তিকেও এ পরিস্থিতির পরিবর্তন হবে না বলে জানিয়েছিল তারা।

এদিকে হুয়াংয়ের বিদায়ে এনভিডিয়ার দীর্ঘমেয়াদি ব্যবসায়িক দিকনির্দেশনা এবং পণ্য তৈরির পরিকল্পনা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে এআই চিপের বাজারে প্রতিযোগীদের সঙ্গে ব্যবধান ধরে রাখতে কোম্পানিটি আগের মতো দ্রুত বিনিয়োগ ও সিদ্ধান্ত নিতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

তবে বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, নেতৃত্বে পরিবর্তন এলেও এনভিডিয়ার তাৎক্ষণিক ব্যবসায় বড় ধাক্কা লাগার আশঙ্কা কম। কারণ, কোম্পানিটির পরবর্তী কয়েক বছরের চিপ উৎপাদন ও সরবরাহ পরিকল্পনার বড় অংশ ইতোমধ্যে নির্ধারিত।

ফলে হুয়াংয়ের বিদায়ের পর এনভিডিয়ার সামনে এখন দুটি বড় চ্যালেঞ্জ। একদিকে নতুন নেতৃত্বের অধীনে আগের প্রবৃদ্ধি ও অংশীদারদের আস্থা ধরে রাখা, অন্যদিকে চীনে চিপ রপ্তানি এবং এআই প্রযুক্তি ব্যবহারের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কঠোর নিয়ন্ত্রণ সামাল দেওয়া।

পুরনো খবর:

কেলেঙ্কারির জেরে এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ
এনভিডিয়া সিইও হুয়াংয়ের ভাগ্য নির্ধারণে বৈঠকে বোর্ড
সংকট আরও ঘনীভূত: এনভিডিয়া ও সিইও জেনসেনের বিরুদ্ধে মামলা
হুয়াংয়ের কেলেঙ্কারি: দুই দিনেই ৪০০ বিলিয়ন ডলার হারাতে বসেছে এনভিডিয়া
এনভিডিয়া প্রধানের পরকীয়ার মধ্যেই চীনে ৭৫০ কোটি ডলারের চিপ
এনভিডিয়া প্রধানের বান্ধবী কে এই অ্যালিস হুয়াং?
এনভিডিয়া প্রধানের কেলেঙ্কারি: হুয়াংয়ের কিছু হবে না, আশাবাদী ট্রাম্প
চীনা গোয়েন্দা নজরদারি ও পরকীয়া: তদন্তের মুখে এনভিডিয়া প্রধান