১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

জেনসেন হুয়াংবিহীন এনভিডিয়া: কী হবে এশিয়ার চিপ নির্মাতাদের?

বিনিয়োগ ও সরবরাহকারীদের এখন বড় প্রশ্ন এআই চিপের বাজারে একচ্ছত্র আধিপত্য গড়তে জেনসেন যে উদ্ভাবনী গতি ও পার্টনারদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছিলেন এনভিডিয়া তা ধরে রাখতে পারবে কি না।

জেনসেন হুয়াংবিহীন এনভিডিয়া: কী হবে এশিয়ার চিপ নির্মাতাদের?

জেনসেনের প্রস্থানে সেমিকন্ডাক্টর শিল্পের স্বল্পমেয়াদী অবস্থায় তেমন কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 10:08 AM

Updated : 14 Nov 2026, 10:08 AM

এনভিডিয়ার শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের ফলে এশিয়ার প্রধান সেমিকন্ডাক্টর সরবরাহকারী কোম্পানিগুলোর দীর্ঘমেয়াদী পণ্য কৌশল ও সরবরাহ চেইনের ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে।

জেনসেন হুয়াংয়ের বিদায়ের পর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক চিপের বাজারে এনভিডিয়ার উদ্ভাবনী গতি ও পার্টনারদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আগের মতো থাকবে কি না তা এখন পর্যবেক্ষণ করছেন বিশ্লেষক ও বিনিয়োগকারীরা।

এনভিডিয়ার নেতৃত্বে পরিবর্তনের ফলে ‘স্যামসাং ইলেকট্রনিকস’ ও ‘তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি’ বা টিএসএমসি’র মতো এশিয়ার শীর্ষ সেমিকন্ডাক্টর সরবরাহকারীদের ওপর তাৎক্ষণিক কোনো নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা কম।

তবে কোম্পানিটির প্রধান জেনসেনের বিদায়ের পর তাদের দীর্ঘমেয়াদী পণ্য কৌশল ও সরবরাহ চেইনের সম্পর্ক কেমন হবে তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।

বিনিয়োগকারী ও সরবরাহকারীদের কাছে এখন বড় প্রশ্ন এআই চিপের বাজারে একচ্ছত্র আধিপত্য গড়তে জেনসেন যে উদ্ভাবনী গতি ও মূল পার্টনারদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছিলেন জেনসেন পরবর্তী এনভিডিয়া তা ধরে রাখতে পারবে কি না।

শুক্রবার প্রকাশ পাওয়া এক গবেষণা প্রতিবেদনে দক্ষিণ কোরিয়ার কোম্পানি ‘দাওল ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ’-এর বিশ্লেষক ন্যাম দে-জং ও কিম ইয়ন-মি বলেছেন, জেনসেনের প্রস্থানে সেমিকন্ডাক্টর শিল্পের স্বল্পমেয়াদী অবস্থায় তেমন কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই।

তবে তারা এনভিডিয়ার মধ্যম থেকে দীর্ঘমেয়াদী পণ্য পরিকল্পনা বা রোডম্যাপ নিয়ে অনিশ্চয়তার কথা বলেছেন, বিশেষ করে এআই ইকোসিস্টেমের পার্টনারদের সঙ্গে নতুন নেতৃত্ব কীভাবে সমন্বয় করবে তা নিয়ে সংশয় রয়েছে তাদের।

Image

স্যামসাং ও টিএসএমসির মতো এশিয়ার শীর্ষ চিপ সরবরাহকারীদের ওপর তাৎক্ষণিক কোনো নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা কম। ছবি: রয়টার্স

এশিয়ার চিপ নির্মাতাদের পরিস্থিতি

এশিয়ার চিপ নির্মাতা কোম্পানিগুলোর জন্য অন্যতম প্রধান প্রশ্ন হল, নতুন নেতৃত্বের অধীনে উৎপাদনকারী পার্টনারদের সঙ্গে এনভিডিয়ার সম্পর্কের কোনো পরিবর্তন ঘটবে কি না।

বিশ্লেষক ন্যাম ও কিম ধারণা করছেন, দীর্ঘদিনের প্রতিষ্ঠিত অংশীদারিত্বের কারণে ‘টিএসএমসি’র সঙ্গে এনভিডিয়ার চিপ উৎপাদন সংক্রান্ত সম্পর্ক অপরিবর্তিত থাকবে।

এ ছাড়া, স্যামসাংয়ের চিপ উৎপাদন ব্যবসার সঙ্গেও এনভিডিয়ার সম্পর্ক অব্যাহত থাকবে।

এর পেছনে তারা দুই কোম্পানির মধ্যকার ক্রমাগত সহযোগিতার কথা বলেছেন, যার মধ্যে স্যামসাংয়ের ৪-ন্যানোমিটার প্রযুক্তিতে চিপ উৎপাদন ও পরবর্তী প্রজন্মের হাই-ব্যান্ডউইথ মেমোরি প্রযুক্তি নিয়ে যৌথ কাজের বিষয়টি রয়েছে।

বিশ্লেষকরা বলেছেন, এনভিডিয়ার ‘গ্রাফিক্স প্রসেসিং ইউনিট’ বা জিপিইউ বিকল্প হিসেবে কাস্টম এআই চিপ বা ‘অ্যাপ্লিকেশন-স্পেসিফিক ইন্টিগ্রেটেড সার্কিট’ বা এএসআইসি উঠে আসছে, যা এআই চিপের বাজারে বৈচিত্র্য আনার প্রক্রিয়াকে আরও বাড়াতে পারে।

তবে বাজারে ক্রমাগত এই প্রতিযোগিতাকে মেমোরি সেমিকন্ডাক্টর, বিশেষ করে হাই-ব্যান্ডউইথ মেমোরির চাহিদা কমে যাওয়ার লক্ষণ হিসেবে না দেখার জন্য সতর্ক করেছেন তারা।

এরপরও কোম্পানির ব্যবসায়িক কৌশল নির্ধারণ ও সম্পদ বণ্টনে জেনসেনের কেন্দ্রীয় ভূমিকার কথা বিবেচনা করলে এনভিডিয়ার দীর্ঘমেয়াদী পণ্য পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

এনভিডিয়ার আরেক অন্যতম প্রধান সরবরাহকারী কোম্পানি ‘এসকে হাইনিক্স’-এর শেয়ারের দাম শুক্রবার শুরুর দিকের ঊর্ধ্বগতি ধরে রাখতে পারেনি। দিনের শেষে তা ৩ দশমিক ০৩ শতাংশ কমে লেনদেন শেষ করেছে।

এর আগে, দিনের শুরুতে প্রকাশ পাওয়া এক গবেষণা প্রতিবেদনে ‘শিনহান সিকিউরিটিজ’ বলেছিল, বিনিয়োগকারীরা প্রাথমিকভাবে এনভিডিয়ার নেতৃত্ব পরিবর্তনের উদ্বেগ পাশ কাটিয়ে এআই শিল্পের সার্বিক সম্ভাবনার দিকেই বেশি নজর দিয়েছিলেন।

দক্ষিণ কোরিয়ার প্রধান শেয়ারবাজার সূচক ‘কসপি’ও শুক্রবার শুরুর দিকের উত্থান হারিয়ে নিম্নমুখী হয়ে দিন শেষ করেছে।

‘আইএম সিকিউরিটিজ’ এক গবেষণা প্রতিবেদনে বলেছে, সার্বিক সেমিকন্ডাক্টর খাতে এনভিডিয়ার নেতৃত্ব পরিবর্তনের প্রভাব সীমিত বলেই মনে হচ্ছে।

এর পক্ষে তারা আগের সেশনে যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিদ্বন্দ্বী কোম্পানি ‘এএমডি’ ও ‘ব্রডকম’-এর শেয়ারের দরবৃদ্ধি এবং এআই কোম্পানিগুলোর প্রতি অব্যাহত বিনিয়োগ চাহিদার বিষয়টি তুলে ধরেছে।

এনভিডিয়ার ভবিষ্যৎ নিয়ে আসুসের ভাষ্য

তাইওয়ানিজ প্রযুক্তি কোম্পানি ‘আসুস’-এর সহ-প্রধান নির্বাহী এস ওয়াই সু বলেছেন, এনভিডিয়ার নেতৃত্বে এই পরিবর্তনের ফলে স্বল্পমেয়াদে তাদের প্রতিযোগিতামূলক সুবিধায় কোনো হেরফের হওয়ার সম্ভাবনা কম।

তবে পণ্যের মান, সেবার খরচ ও পণ্য সরবরাহের ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়ে কি না তা আসুস পর্যবেক্ষণ করবে বলে জানান তিনি।

“আমি মনে করি এনভিডিয়ার পণ্য ও সার্বিক এআই ইকোসিস্টেমের যে সুবিধা রয়েছে তা রাতারাতি বদলে যাবে না।”

গ্রাফিক্স কার্ড ও এআই সার্ভার নিয়ে এনভিডিয়ার সঙ্গে কাজ করা আসুস এখনও কোম্পানিটির অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কোলেট ক্রেসের সঙ্গে কোনো যোগাযোগ করেনি বলে জানান সু।

তবে কৌশলগত সম্ভাব্য পরিবর্তনগুলো আরও ভালোভাবে বুঝতে তারা একটি বৈঠকের চেষ্টা করছেন বলেও তিনি উল্লেখ করেছেন।

সু বলেছেন, এনভিডিয়া ও এর অংশীদারদের উদ্ভাবনী গতি বাড়াতে হুয়াং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এখন তাকে ছাড়া কোম্পানিটি সেই গতি ধরে রাখতে পারে কি না তা-ই দেখার বিষয়।