১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের সায় থাকলেও এনভিডিয়ায় জেনসেনের ফেরা হচ্ছে না

হুয়াংয়ের বিদায়ের পর থেকে ১ লাখ ৭৫ হাজারেরও বেশি মানুষ এক খোলা চিঠিতে স্বাক্ষর করে এই প্রযুক্তি বিলিয়নেয়ারকে তার পদে পুনর্বহালের দাবি জানিয়েছেন।

ট্রাম্পের সায় থাকলেও এনভিডিয়ায় জেনসেনের ফেরা হচ্ছে না

এআই ও চীনের বিরুদ্ধে আধিপত্য বিস্তারের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে বিবেচিত হয় এনভিডিয়া। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 04:13 PM

Updated : 17 Nov 2026, 04:12 PM

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পসহ প্রভাবশালী মিত্রদের সমর্থনের পরও সহ-প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনার প্রচারণা নাকচ করে দিয়েছে চিপ নির্মাতা জায়ান্ট এনভিডিয়া।

সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, হুয়াংকে তার আগের পদে পুনর্বহাল করা হলে তিনি ‘নিশ্চিতভাবেই কিছু মনে করবেন না’।

স্পেসএক্স প্রধান ইলন মাস্কসহ আরও অনেকেই ‘ব্রিং জেনসেন ব্যাক’ বা জেনসেনকে ফিরিয়ে আনুন শিরোনামের প্রচারণায় সমর্থন দিয়েছেন।

তবে বিবিসি বলছে, এআই চিপ নির্মাতা কোম্পানিটির পরিচালনা পর্ষদ তাকে পুনরায় নিয়োগ দেওয়ার বিষয়ে মোটেও আগ্রহী নয়।

গেল সপ্তাহে দুটি বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য ফাঁস হওয়ার পর পদত্যাগ করেন হুয়াং, যার মধ্যে একটি সম্পর্ক চীনের এক সন্দেহভাজন গুপ্তচরের সঙ্গে ছিল বলে অভিযোগ রয়েছে।

একই দিনে হোয়াইট হাউস বলেছিল, এনভিডিয়ার মতো কোম্পানিগুলোর তৈরি এআই চিপ চীনের হাতে যাওয়া ঠেকাতে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

এ কেলেঙ্কারির ঘটনা বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানিটিকে বড় ধরনের সংকটে ফেলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও চীনের বিরুদ্ধে আধিপত্য বিস্তারের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে বিবেচিত হয় এনভিডিয়া।

হুয়াংয়ের বিদায়ের পর থেকে ১ লাখ ৭৫ হাজারেরও বেশি মানুষ এক খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন। অভ্যন্তরীণ তদন্ত চলাকালীন এই প্রযুক্তি বিলিয়নেয়ারকে তার পদে পুনর্বহাল করার দাবি জানানো হয়েছে ওই চিঠিতে।

ইলন মাস্ক ও ভিডিও গেইম ‘ফোর্টনাইট’-এর নির্মাতা কোম্পানি এপিক গেইমসের প্রধান নির্বাহী টিম সুইনির মতো শীর্ষ প্রযুক্তি নির্বাহীরাও হুয়াংয়ের প্রত্যাবর্তনের পক্ষে সমর্থন জানিয়েছেন।

এনভিডিয়ার বর্তমান ও সাবেক কর্মী, অংশীদার, শেয়ারহোল্ডার ও সমর্থকদের উদ্যোগে ‘স্ট্যান্ড উইথ জেনসেন’ প্রচারণাটি শুরু হয়েছে বলে দাবি করা হয়েছে। তারা সবাই সাবেক এই প্রধান নির্বাহীর প্রত্যাবর্তন দাবি করছেন।

প্রচারণাকারীরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, কোম্পানিটির সহ-প্রতিষ্ঠাতাকে ‘অর্থবহ কোনো যথাযথ প্রক্রিয়া ছাড়াই সরিয়ে দেওয়া হয়েছে’।

সোমবার ট্রাম্প বলেছেন, সাবেক এই শীর্ষ নির্বাহীকে তার চাকরি ফিরিয়ে দেওয়া হলে তিনি ‘নিশ্চিতভাবেই কিছু মনে করবেন না’।

প্রথম বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশের পর হুয়াং পরিস্থিতি সামলে উঠবেন বলে ধারণা করা হয়েছিল। তবে তার অধীনস্থ এনভিডিয়ারই এক নির্বাহীর সঙ্গে দ্বিতীয় আরেকটি বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ সামনে আসার পর বৃহস্পতিবার তিনি পদত্যাগ করেন।

ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুসারে, কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া এই প্রযুক্তি প্রধান এনভিডিয়ায় সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে ঘনিষ্ঠজনদের সঙ্গে আলোচনা করছিলেন।

তবে কোম্পানিটির বোর্ড তাকে পুনরায় নিয়োগের বিষয়টি বিবেচনায় নিচ্ছে না।

এই প্রতিবেদনের বিষয়ে বিবিসির মন্তব্যের অনুরোধে সাড়া দেননি হুয়াংয়ের একজন প্রতিনিধি।

হোয়াইট হাউসের কাছ থেকেও তার পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে হুয়াংয়ের ঘনিষ্ঠদের গঠিত ‘ওয়ার রুম’।

কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর থেকে ট্রাম্প হুয়াংয়ের ভূয়সী প্রশংসা করে আসছেন। হুয়াং যখন তাকে বলেছিলেন যে ওই নারী একজন গুপ্তচর ছিলেন সে বিষয়ে তার ‘কোনো ধারণাই ছিল না’ তখন তিনি তা বিশ্বাস করেছিলেন।

তবে ট্রাম্পের এই অবস্থানের সঙ্গে তার অর্থমন্ত্রী স্কট বেসেন্টের মতের অমিল দেখা গেছে। বেসেন্ট এনভিডিয়াকে কোম্পানিটির বাইরে থেকে পরবর্তী প্রধান নির্বাহী নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে, অ্যালিস হুয়াংয়ের সাবেক কোম্পানি ‘মেগাস্পিড’-এ এনভিডিয়ার উচ্চক্ষমতাওয়ালা চিপ পাঠানো নিয়ে মার্কিন অর্থ ও বাণিজ্য দপ্তরের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে।

চীন অবশ্য অ্যালিস হুয়াংয়ের গুপ্তচর হওয়ার বিষয়টি অস্বীকার করেছে। মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞার পরওও এসব চিপ শেষ পর্যন্ত চীনে পৌঁছেছিল কি না এ ঘটনায় সেই প্রশ্নও সামনে এসেছে।

Image

ট্রাম্প বলেছেন, হুয়াং জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছেন বলে তিনি মনে করেন না। ছবি: রয়টার্স

নতুন বিধিনিষেধ

বিদেশি ডেটা সেন্টারগুলোতে চিপ রপ্তানির ওপর সোমবার নতুন বিধিনিষেধ আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।

অভিযোগ রয়েছে, এসব ডেটা সেন্টার ব্যবহার করে চীনা কোম্পানিগুলো এআই মডেল প্রশিক্ষণের জন্য উন্নত মানের চিপ সংগ্রহ করছিল।

এ সপ্তাহে ট্রাম্প ও চীনা নেতা শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠেয় বৈঠকের ঠিক আগেই এই পদক্ষেপ নিল ট্রাম্প প্রসাশন। এআই উন্নয়নে নেতৃত্ব দেওয়ার দৌড়ে দেশ দুটি বর্তমানে তীব্র প্রতিযোগিতার মধ্যে রয়েছে।

অন্তর্বর্তীকালীন এই বিধিনিষেধের আওতায় সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রাজিলের কোম্পানিগুলোকে সবচেয়ে উন্নত চিপ আমদানির জন্য রপ্তানি লাইসেন্সের আবেদন করতে হবে।

অবৈধভাবে এসব চিপ যেন চীনে পাচার না হতে পারে সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, সংবেদনশীল মার্কিন প্রযুক্তির ওপর থাকা বিধিনিষেধ যেন ‘তৃতীয় কোনো দেশের ডেটা সেন্টারের রিমোট কম্পিউটিং ব্যবস্থার মাধ্যমে এড়িয়ে যাওয়া না যায়’ তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ।

চীনের ওপর চিপ রপ্তানির বিধিনিষেধ শিথিল করার বিষয়ে হুয়াং বরাবরই সোচ্চার ছিলেন। তার যুক্তি ছিল, যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখার জন্য বিশ্ববাজারে অবাধ প্রবেশাধিকার জরুরি।

২০২৫ সালে তিনি বলেছিলেন, চীনে এআই চিপের বাজার শেষ পর্যন্ত ৫ হাজার কোটি ডলারে পৌঁছাবে। ওই অংকের তুলনা করে হুয়াং বলেছিলেন, “এটা বোয়িংয়ের মতো কোনো একটি উড়োজাহাজ নয়, বরং পুরো বোয়িং কোম্পানির সমান।”

ওয়াশিংটনে হুয়াংয়ের দফায় দফায় তদবিরের পর ২০২৫ সালে এনভিডিয়া চীনে কিছু উন্নত এআই চিপ বিক্রির অনুমোদন পেয়েছিল।

সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার কোম্পানি ‘মেগাস্পিড’-এর সাবেক পরিচালক অ্যালিস হুয়াংয়ের সঙ্গে এনভিডিয়ার সাবেক প্রধানের সম্পর্কের ঘটনা বিদেশের বিভিন্ন চুক্তির ওপর নজরদারি আরও বাড়িয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার ছোট এই বাণিজ্যিক কেন্দ্রটি গোটা বিশ্বের বিভিন্ন কোম্পানির জন্য আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে ও অনেক কোম্পানিই সিঙ্গাপুরে তাদের সদর দপ্তর বসিয়েছে।

অ্যানথ্রপিক, ওপেনএআই ও গুগলের মতো শীর্ষ মার্কিন কোম্পানির পাশাপাশি টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স ও টেনসেন্টের মতো চীনা কোম্পানিগুলোও ব্যবসাবান্ধব এই দেশটিতে তাদের কার্যালয় খুলেছে।

তবে ব্যবসার ক্ষেত্রে সিঙ্গাপুরের এই উন্মুক্ত পরিবেশ নিষিদ্ধ ঘোষিত উন্নত সেমিকন্ডাক্টরের ক্রয়াদেশ দেওয়ার জন্যও আদর্শ ঠিকানায় পরিণত হয়েছে।

গেল বছর বিশ্বজুড়ে এনভিডিয়ার দ্বিতীয় বৃহত্তম বিলিং কেন্দ্র ছিল সিঙ্গাপুর, যেখান থেকে চিপ জায়ান্টটির মোট আয়ের প্রায় এক-পঞ্চমাংশ এসেছিল।

এশিয়ার অনেক কোম্পানির জন্য ক্রয়াদেশ দেওয়া ও সেখান থেকে অন্যত্র চিপ পাঠানোর একটি কেন্দ্র হিসেবে কাজ করে সিঙ্গাপুর।

বিদেশি কোম্পানিগুলোর কাছে উন্নত এআই চিপ হস্তান্তরে সরাসরি নিষেধাজ্ঞা না দিলেও সিঙ্গাপুরের এ ধরনের পদক্ষেপ মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ আইনের লঙ্ঘন হতে পারে।

এআই মডেল তৈরির জন্য গুরুত্বপূর্ণ এই উন্নত সেমিকন্ডাক্টরগুলোই বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিগত প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

মার্কিন কর্মকর্তারা দীর্ঘদিন ধরে দেশের প্রযুক্তিগত আধিপত্যকে জাতীয় নিরাপত্তার বিষয় হিসেবে দেখে আসছেন। তাদের উদ্বেগ, সেরা চিপগুলো হাতে পেলে তা চীনের অর্থনীতি ও সামরিক বাহিনীকে শক্তিশালী করে তুলতে পারে।

এদিকে, হুয়াং কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন।

‘হাউস সিলেক্ট কমিটি অন চায়না’র সামনেও তিনি উপস্থিত হবেন, যেখানে তার এই সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছিল কি না তা নিয়ে আলোচনা হবে।

ট্রাম্প বলেছেন, হুয়াং জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছেন বলে তিনি মনে করেন না। তিনি বলেছেন, “আপনারা তো জানেন, চীন আমাদের সঙ্গে নানা খেলা খেলে। তাই আমরাও চীনের সঙ্গে খেলা খেলি।”

ট্রাম্পের ভাষ্য, এনভিডিয়ার সাবেক এই প্রধান ও অ্যালিস হুয়াংয়ের মধ্যকার সম্পর্কের বিষয়টি এফবিআই’ও তদন্ত করছে।

Image

মাস্ক বলেছেন, “জেনসেনকে ছাড়া গুরুত্বপূর্ণ চুক্তিগুলোর কিছু তো হাতছাড়া হবেই।” ছবি: রয়টার্স

‘জেনসেনের সঙ্গে হ্যান্ডশেইক’

মাস্ক দাবি করেছেন, হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়ার প্রযুক্তিসংশ্লিষ্ট ‘গুরুত্বপূর্ণ চুক্তিগুলো’ হাতছাড়া হয়ে যাবে।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ মাস্ক লিখেছেন, “জেনসেন এনভিডিয়ায় দক্ষতার সঙ্গে সাপ্লাই চেইন পরিচালনা করতেন। তবে সেসব চুক্তির অনেকগুলোই ছিল জেনসেনের সঙ্গে স্রেফ হ্যান্ডশেইক বা মৌখিক সমঝোতার ভিত্তিতে, কোনো লিখিত চুক্তি নয়।

“জেনসেনকে ছাড়া অন্তত ওই গুরুত্বপূর্ণ চুক্তিগুলোর কিছু তো হাতছাড়া হবেই।”

অন্যদিকে, ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এক সম্মেলনে হুয়াংয়ের ফিরে আসার প্রশ্নটি এড়িয়ে গিয়ে বলেন, “আমার মনে হয় না এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো যথেষ্ট তথ্য আমার জানা আছে।”

তবে ২০২৩ সালে ওপেনএআইয়ের সিইও পদ থেকে বরখাস্ত হওয়ার পর পুনরায় পদে ফিরে আসা অল্টম্যান বলেছেন, হুয়াং তার কাছে একজন ‘হিরো’।

এনভিডিয়ার বিনেয়োগকারীরাও কোম্পানির নেতৃত্বে হুয়াংকে ফিরিয়ে আনতে চান।

সাম্প্রতিক দিনগুলোতে কোম্পানিটির শেয়ারবাজার মূল্য থেকে কয়েক হাজার কোটি পাউন্ড কমে গেলেও এর বর্তমান বাজারমূল্য প্রায় ৩ দশমিক ৮৭ ট্রিলিয়ন ডলার। সোমবারের লেনদেনেও কোম্পানিটির শেয়ারের দর নিম্নমুখী ছিল।

বোর্ডকে লেখা এক খোলা চিঠিতে কর্তৃপক্ষকে ‘জেনসেন হুয়াংয়ের সম্ভাব্য প্রত্যাবর্তনসহ সব বিকল্প খোলা রাখার’ আহ্বান জানিয়েছেন ‘অ্যালটিমিটার ক্যাপিটাল’-এর প্রতিষ্ঠাতা ব্র্যাড গার্স্টনার ও ‘অ্যাট্রেইডস ম্যানেজমেন্ট’-এর প্রধান গ্যাভিন বেকার।

যুক্তরাজ্যের হাউস অফ লর্ডসের সদস্য লর্ড সরফরাজও এনভিডিয়ার নতুন চেয়ারম্যান হার্ভে জোনসকে চিঠি লিখেছেন।

তদন্ত শেষে হুয়াংকে ফিরিয়ে আনার বিষয়টি ‘গুরুত্বের সঙ্গে বিবেচনা’ জন্য তিনি কোম্পানিটির পরিচালকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

বর্তমানে এনভিডিয়ার প্রধান আর্থিক কর্মকর্তা কোলেট ক্রেস কোম্পানিটির নেতৃত্ব দিচ্ছেন ও মঙ্গলবার তিনি কোম্পানির আর্থিক ফলাফল উপস্থাপন করবেন।