সংকট আরও ঘনীভূত: এনভিডিয়া ও সিইও জেনসেনের বিরুদ্ধে মামলা
চীনা গোয়েন্দা নজরদারি ও পরকীয়া প্রেমের খবর প্রকাশের পর গত দুদিনে এনভিডিয়ার বাজারদর ৪৭ হাজার কোটি ডলারেরও বেশি হারানোর ঝুঁকিতে পড়েছে।
এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের পরকীয়া ও সেই নারী চীন সরকারের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন এমন অভিযোগকে কেন্দ্র করে এবার আইনি অধ্যায় শুরু হতে যাচ্ছে।
কম্পিউটিং জায়ান্ট এনভিডিয়া ও সিইও জেনসেনের বিরুদ্ধে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার অভিযোগে মামলা করেছেন কোম্পানিরই একজন বিনিয়োগকারী। মার্ক কিস্টেনমেকার নামের ওই বিনিয়োগকারী আদালতে এ অভিযোগ দায়ের করেছেন।
প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট লিখেছে, মামলার কেন্দ্রবিন্দুতে থাকা অ্যালিস হুয়াং তাইওয়ানিজ কোম্পানি ‘মেগাস্পিড’-এর সাবেক নির্বাহী, যাকে বর্তমানে চীনের জন্য গুপ্তচরবৃত্তির অংশ হিসেবে সন্দেহ করা হচ্ছে।
জেনসেন হুয়াং ও অ্যালিস হুয়াংয়ের নামের শেষাংশ এক হলেও এই দুজনের মধ্যে কোনো পারিবারিক সম্পর্ক নেই।
৯ অক্টোবর থেকে ৮ নভেম্বরের মধ্যে যারা এনভিডিয়ার শেয়ার কিনেছেন তাদের সকলের পক্ষে এ মামলাকে ক্লাস অ্যাকশন মামলা হিসেবে গ্রহণ করার আবেদন জানিয়েছেন বাদী কিস্টেনমেকার।
মামলায় বলা হয়, এ বছরের ৯ অক্টোবর নিউ ইয়র্ক টাইমসে এনভিডিয়া ও মেগাস্পিডকে নিয়ে এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ পায়। ওই প্রতিবেদনে জেনসেন ও অ্যালিসের সম্পর্কের যোগসূত্র তুলে ধরা হয়েছিল।
তবে ওই সময় ওই অভিযোগকে স্রেফ এক ‘রুটিন ব্যবসায়িক সম্পর্ক’ বলে উড়িয়ে দিয়েছিল এনভিডিয়া।
এর ঠিক এক মাস পর, ৮ নভেম্বর অ্যালিসের সঙ্গে নিজের সম্পর্কের কথা স্বীকার করেন এনভিডিয়ার প্রতিষ্ঠাতা জেনসেন।
কোম্পানির শীর্ষ নির্বাহী কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার টার্গেট হয়েছিলেন কি না, তা খতিয়ে দেখতে কোম্পানি নিজস্ব উদ্যোগে এক তদন্ত শুরুর কথাও জানিয়েছেন জেনসেন।
২৯ অক্টোবর নিউ ইয়র্ক টাইমস আরও বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে, যেখানে দাবি করা হয়, এনভিডিয়ার সিইও চীনের সম্ভাব্য এক গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হয়ে উঠেছেন।
ওই প্রতিবেদনে এনভিডিয়ার একজন মুখপাত্র জন রিজোর বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, “অ্যালিসের সঙ্গে জেনসেনের মেলামেশা বা দ্বিপাক্ষিক আলোচনা অস্বাভাবিক বা অপ্রত্যাশিত কিছু ছিল না।
“গ্রাহকদের সঙ্গে বৈঠক করা একজন সিইওর স্বাভাবিক দায়িত্বের মধ্যেই পড়ে। কারণ, জেনসেন প্রতি বছর হাজার হাজার গ্রাহক ও কোম্পানি নির্বাহীর সঙ্গে কথা বলেন।”
তবে মামলায় অভিযোগ তোলা হয়েছে, এনভিডিয়ার এই দাবি ‘সত্য নয়’।
এসব বিস্ফোরক ঘটনার প্রভাবে শেয়ারবাজারে বড় ধরনের ধসের মুখে পড়েছে এনভিডিয়া। খবর প্রকাশের পর গত দুদিনে কোম্পানিটি তার বাজারদর থেকে ৪৭ হাজার কোটি ডলারেরও বেশি হারানোর ঝুঁকিতে পড়েছে।
আদালতে দায়ের করা অভিযোগপত্রে বলা হয়েছে, “এনভিডিয়া ও সিইও বেআইনি কর্মকাণ্ড, তথ্য গোপন ও এর ফলশ্রুতিতে কোম্পানির বাজারদরে তীব্র পতন ঘটেছে। এ কারণে বাদী ও অন্যান্য বিনিয়োগকারীরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।”
আরও পড়ুন…
হুয়াংয়ের কেলেঙ্কারি: দুই দিনেই ৪০০ বিলিয়ন ডলার হারাতে বসেছে এনভিডিয়া
এনভিডিয়া প্রধানের পরকীয়ার মধ্যেই চীনে ৭৫০ কোটি ডলারের চিপ
এনভিডিয়া প্রধানের বান্ধবী কে এই অ্যালিস হুয়াং?
এনভিডিয়া প্রধানের কেলেঙ্কারি: হুয়াংয়ের কিছু হবে না, আশাবাদী ট্রাম্প
চীনা গোয়েন্দা নজরদারি ও পরকীয়া: তদন্তের মুখে এনভিডিয়া প্রধান
