এনভিডিয়া প্রধানের পরকীয়ার মধ্যেই চীনে ৭৫০ কোটি ডলারের চিপ
স্বামী ও বোনকে সঙ্গে নিয়ে চীন ও সিঙ্গাপুর জুড়ে একাধিক কোম্পানির শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলেন অ্যালিস। সেই নেটওয়ার্ককে কাজে লাগিয়ে এনভিডিয়ার এসব চিপ দখলে নিয়েছেন।
এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং ও চীনের গোয়েন্দা সন্দেহের মুখে থাকা এক ব্যবসায়ীর মধ্যে তৈরি হওয়া সম্পর্ককে কাজে লাগিয়ে অন্তত ৭৫০ কোটি ডলারের আধুনিক এআই চিপ চীনে পাচার হয়েছে।
মঙ্গলবার বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইনফরমেশন।
এদিকে, গোয়েন্দা কেলেঙ্কারি ও অভ্যন্তরীণ তদন্তের জোড়া ধাক্কায় এবার এনভিডিয়ার শেয়ারেও ধস নামল বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
ইনফরমেশন প্রতিবেদনে লিখেছে, অ্যালিস তার স্বামী ও বোনকে সঙ্গে নিয়ে চীন ও সিঙ্গাপুর জুড়ে একাধিক কোম্পানির শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলেন। সেই নেটওয়ার্ককে কাজে লাগিয়েই তারা এনভিডিয়ার নিষেধাজ্ঞাভুক্ত উন্নত এসব চিপ নিজেদের দখলে নিয়েছেন।
এই পুরো প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে ছিল ‘সাংহাই সেঞ্চুরি লিটং’ নামের এক চীনা কোম্পানি।
২০২৩ সালের জুনে প্রতিষ্ঠার পর কেবল চার মাসের মাথায় ২০২৩ সালের অক্টোবরেই কোম্পানিটি এনভিডিয়ার ‘প্রেফার্ড ক্লাউড পার্টনার’ বা অগ্রাধিকারপ্রাপ্ত ব্যবসায়িক পার্টনারদের সুবিধা বাগিয়ে নিয়েছে।
এতে করে এনভিডিয়ার তৈরি চিপ সহজে ও দ্রুত পাওয়ার সুবিধা তৈরি হয়েছে তাদের জন্য।
মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞার কারণে চীনে যখন এনভিডিয়ার চিপ সরবরাহ আটকে যেত তখন অ্যালিস এনভিডিয়ার শীর্ষ পর্যায় ও তাদের বিতরণকারীদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগিয়ে চিপের চালান নিশ্চিত করতেন।
এই নেটওয়ার্কের মাধ্যমে এনভিডিয়ার সবচেয়ে চাহিদাপূর্ণ ‘এইচ১০০’, ‘এইচ২০০’ ও কিছু ‘এ১০০’ প্রসেসরসহ মোট প্রায় ২ লাখ ৪০ হাজার চিপ চীনে নেওয়া সম্ভব হয়েছে।
এ নিয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি এনভিডিয়া। সাড়া দেয়নি আলিবাবা, টেনসেন্ট, মেগাস্পিড ও সাংহাই সেঞ্চুরি লিটং’ও।
বিদেশি গোয়েন্দা সংস্থার গোপন অভিযানের লক্ষ্যবস্তু হয়েছিলেন ৬৩ বছর বয়সি জেনসেন এমন খবর সামনে আসার পর এনভিডিয়ার পরিচালনা পর্ষদ অভ্যন্তরীণ তদন্ত শুরু করতেই বড় ধরনের দরপতনের মুখে পড়েছে কোম্পানিটি।
সোমবার লেনদেন শেষে মার্কিন চিপ নির্মাতা এ বহুজাতিক কোম্পানির শেয়ারের দাম ৪ শতাংশেরও বেশি কমেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই’ও বিষয়টি খতিয়ে দেখছে।
চলমান এ পরিস্থিতির মধ্যে এনভিডিয়ার কর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় জেনসেন স্ত্রীর সঙ্গে প্রবঞ্চনার কথা স্বীকার করেছেন।
তবে অ্যালিসের সঙ্গে সম্পর্কের বিষয়ে কিছু বলেননি জেনসেন।
