হুয়াংয়ের প্রত্যাবর্তনে এআই বাজারে স্বস্তি, প্রশ্ন তবু থেকেই যাচ্ছে
প্রযুক্তির পালাবদল আগেভাগে আঁচ করতে পারার কৃতিত্ব হুয়াংকে দেওয়া হয়। তার কারণে এনভিডিয়ার উন্নত চিপ এআই জোয়ারের কেন্দ্রবিন্দুতে উঠে এসে কোম্পানিটির মুনাফা আকাশচুম্বী হয়েছে।
নাটকীয় পটপরিবর্তনের মধ্য দিয়ে এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তনে ধুঁকতে থাকা এআই শেয়ারবাজারে সাময়িক স্বস্তি ফিরেছে।
তবে, হুয়াংয়ের এই ফিরে আসায় কোম্পানির সুশাসন, নিয়ন্ত্রক জটিলতা ও চীনের সঙ্গে এনভিডিয়ার ব্যবসায়িক সম্পর্ক নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ পুরোপুরি কাটেনি বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
কয়েক ট্রিলিয়ন ডলারের এআই খাতের অনেকের কাছেই হুয়াংয়ের প্রত্যাবর্তনের বিষয়টি এমন বার্তা দিয়েছে যে, এআইয়ের জোয়ার ও এর কেন্দ্রবিন্দুতে থাকা মানুষটি এতটাই অপরিহার্য যে, তাদের বাদ দেওয়া অসম্ভব।
সেমিকন্ডাক্টর জায়ান্টটির শীর্ষ পদে হুয়াংয়ের পুনর্বহাল প্রযুক্তি খাতের শেয়ারের দরপতন থামিয়েছে। কারণ, বেঞ্চমার্ক ‘এসঅ্যান্ডপি ৫০০’ সূচক বড় ধরনের দরপতনের মুখে পড়েছিল।
তবে হুয়াংয়ের এই দ্বিতীয় দফা ফেরা কোম্পানি ও পুরো শিল্পের জন্য নতুন ঝুঁকি তৈরি করতে পারে।
বিয়েবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর এ মাসের শুরুতে হুয়াং পদত্যাগ করলে বিনিয়োগকারীদের মধ্যে তীব্র অস্থিরতা ছড়িয়ে পড়ে। এরপরই এনভিডিয়ার পরিচালনা পর্ষদ হঠাৎ সিদ্ধান্ত বদলে তাকে ফিরিয়ে আনল।
উদ্বেগ কেবল এনভিডিয়াকে ঘিরেই সীমিত ছিল না, বরং পুরো এআই ইকোসিস্টেমের ভবিষ্যৎ নিয়েও শঙ্কা দেখা দিয়েছিল। এ কাঠামোটি চিপ নির্মাতা কোম্পানিটি তার বড় গ্রাহকদের ঋণদাতা ও বিনিয়োগকারী হিসেবে তিলে তিলে গড়ে তুলেছে।
স্যান ফ্রান্সিসকোর বেকারঅ্যাভিনিউ ওয়েলথ ম্যানেজমেন্টের প্রধান কৌশলী কিং লিপ বলেছেন, “আপনারা অনিশ্চয়তার এক চরম ঝড়ের মধ্যে পড়েছিলেন, যা আস্থার সংকট তৈরি করেছিল।
“এনভিডিয়ার এই অস্থিরতা ছিল সেই অনিশ্চয়তারই একটি অংশ। ফলে জেনসেন ফিরে আসায় বেশ বড় একটি অনিশ্চয়তা দূর হল।”
সোমবার এনভিডিয়ার শেয়ারের দাম ৩১ শতাংশের বেশি বেড়েছে, যা কোম্পানিটির বাজারদরে ৯৫ হাজার কোটি ডলারের বেশি যোগ ও একদিনের লেনদেনেই এ বছরের শুরু থেকে হওয়া ক্ষতির দুই-তৃতীয়াংশ পুষিয়ে দিয়েছে।
এআই খাতের অন্যান্য কোম্পানির শেয়ারেও বড় উত্থান দেখা গেছে। ‘নাসডাক ১০০’ সূচক লাফিয়ে উঠেছে প্রায় ৭ শতাংশ। এশিয়ায় এনভিডিয়ার উৎপাদন সহযোগী বিভিন্ন কোম্পানিও বড় লাভে নেতৃত্ব দিয়েছে।
মঙ্গলবার তাইওয়ানের টিএসএমসি ও ফক্সকনের শেয়ারের দাম দৈনিক সর্বোচ্চ সীমা ১০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
টেক্সাসের অস্টিনে অবস্থিত ‘সেজ অ্যাডভাইজারি’র সহ-প্রধান বিনিয়োগ কর্মকর্তা টমাস উরানো বলেছেন, “প্রাথমিক প্রতিক্রিয়া হল সম্মিলিতভাবে এক বড় স্বস্তির নিশ্বাস। হয়ত জেনসেন এআই বাণিজ্যে আবার আস্থা ফিরিয়ে আনবেন।”
এনভিডিয়ার বিশাল বাজারমূল্য কতটা হুয়াংয়ের একক নেতৃত্বের ওপর নির্ভরশীল তা নিয়ে অনেক বিনিয়োগকারীই উদ্বিগ্ন ছিলেন।
প্রযুক্তির পালাবদল আগেভাগে আঁচ করতে পারার কৃতিত্ব হুয়াংকে দেওয়া হয়। তার কারণেই এনভিডিয়ার উন্নত চিপ এআই জোয়ারের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ও কোম্পানিটির মুনাফা আকাশচুম্বী হয়েছে।
উইসকনসিনের ম্যাডিসনে অবস্থিত প্লাম্ব ব্যালেন্সড ফান্ডের পোর্টফোলিও ম্যানেজার টম প্লাম্ব বলেছেন, “হুয়াংয়ের বিকল্প খোঁজার চেষ্টায় এমন কাউকে পাওয়া যাবে, যিনি অনায়াসে তার জায়গা নিতে পারবেন– এমন স্বস্তি কারও মধ্যেই ছিল না।
“কিন্তু এমন একজন দূরদর্শী মানুষকে ফিরে পাওয়া, যিনি এই খাতের সবচেয়ে মেধাবী মানুষদের আকৃষ্ট করতে পেরেছিলেন তা নিঃসন্দেহে কোম্পানির জন্য ইতিবাচক বিষয়।”
প্রশ্ন তবু থেকেই যাচ্ছে
এআই অবকাঠামো সম্প্রসারণের বিশাল কর্মযজ্ঞে যুক্ত একগুচ্ছ কোম্পানির সঙ্গে এনভিডিয়ার নাম জড়িয়ে রয়েছে।
চিপ নির্মাতা কোম্পানিটি ডেটা সেন্টার পরিচালনাকারী কোরউইভ, দক্ষিণ কোরিয়ার ইন্টারনেট ও ক্লাউড সেবাদাতা ‘নেভার’সহ আরও বেশ কিছু কোম্পানির শেয়ার কিনেছে।
হুয়াংয়ের প্রত্যাবর্তনের খবরে ওইসব কোম্পানির শেয়ারের দাম কিছুটা বাড়লেও তা তার পদত্যাগের পর থেকে হওয়া লোকসান পুষিয়ে নেওয়ার জন্য যথেষ্ট নয়।
এর থেকে ইঙ্গিত মেলে, গ্রাহকদের অর্থায়নে এনভিডিয়ার ভূমিকা ও বৃহত্তর এআই বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীরা এখনও উদ্বিগ্ন।
হুয়াংয়ের এই ফিরে আসা নতুন কিছু নিয়ন্ত্রক জটিলতাও তৈরি করতে ও কোম্পানির পরিচালনা পর্ষদের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলতে পারে।
হুয়াংকে ফিরিয়ে আনার সমঝোতাটি নিজেই সম্পন্ন করেছেন বলে দাবি করা মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, হুয়াংয়ের পদত্যাগের পর শেয়ারবাজারের প্রতিক্রিয়া তাকে পুনর্বহালের উদ্যোগ নেওয়ার পেছনে ‘সম্ভবত’ কিছুটা ভূমিকা রেখেছে।
তবে কোম্পানির নেতৃত্বে হুয়াংকে রাখার দীর্ঘমেয়াদী সুফলের বিষয়টিকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।
ট্রাম্প বলেছেন, হুয়াংয়ের প্রত্যাবর্তনে কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে বলে বিশ্বাস করার মতো কারণ যুক্তরাষ্ট্রের কাছে নেই। তবে এক ‘চীনা গুপ্তচরের’ সঙ্গে সম্পর্কের বিষয়ে আগামী সপ্তাহে মার্কিন কংগ্রেসের প্রশ্নের মুখে পড়তে পারেন হুয়াং।
ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলের দপ্তর বলেছে, হুয়াংকে পুনর্বহাল করা হলেও চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে এনভিডিয়া বিনিয়োগকারীদের কী তথ্য দিয়েছিল তা নিয়ে তদন্তের প্রয়োজনীয়তা কমে যায়নি। এনভিডিয়ার প্রধান কার্যালয় ক্যালিফোর্নিয়াতেই অবস্থিত।
লন্ডনের ‘কাউন্টারপয়েন্ট রিসার্চ’-এর প্রধান বিশ্লেষক ইয়াং ওয়াং বলেছেন, “সিইও সংক্রান্ত প্রশ্নের সমাধান হয়েছে। তবে প্রাতিষ্ঠানিক সুশাসন ও ভূরাজনৈতিক প্রশ্নগুলোর কোনো সমাধান হয়নি।”
মঙ্গলবার এশিয়ার অন্যান্য বাজারের তুলনায় চীনের এআই-সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারের দর কম বেড়েছে। হংকংয়ের এআই সূচক ছিল প্রায় অপরিবর্তিত।
ব্যবসায়ীরা বলছেন, চীনের সঙ্গে এনভিডিয়ার সম্পৃক্ততার ওপর কর্তৃপক্ষ নজরদারি আরও বাড়াতে পারে– এমন ঝুঁকির কারণেই এই পরিস্থিতি।
এ ছাড়া, এনভিডিয়ার নেতৃত্ব সংকটের আগে থেকেই এআই খাতে অর্থায়ন, মুনাফা, নীতিমালা ও ডেটা সেন্টার নির্মাণে জনগণের বিরোধিতা নিয়ে বাজারে যেসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, সেগুলোও অব্যাহত থাকার শঙ্কা রয়েছে।
ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকার ‘ওশান পার্ক অ্যাসেট ম্যানেজমেন্ট’-এর প্রধান বিনিয়োগ কর্মকর্তা জেমস সেন্ট অবিন বলেছেন, “স্বস্তির এই সাময়িক উত্থানের রেশ কেটে যাওয়ার পর আমরা আবারও শেয়ার বিক্রির বড় চাপ দেখতে পারি।
“বিনিয়োগকারীরা যেসব বড় প্রশ্নের উত্তর খুঁজছিলেন, জেনসেনের প্রত্যাবর্তনে সেগুলোর কোনো সমাধান হয়নি।”
