২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে বসে বাংলাদেশকে অশান্ত করতে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ: প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে বিএন‌পির আ‌য়োজ‌নে নৈরাজ‌্য ও সন্ত্রাসবি‌রো‌ধী জনসভায় একথা ব‌লেন আলী নেওয়াজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 07:41 PM

Updated : 24 Nov 2026, 07:41 PM

আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে বসে বাংলাদেশকে অশান্ত করতে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

তিনি বলেছেন, “আওয়ামী লীগ ভারতে বসে বাংলাদেশকে অশান্ত করতে নানা প্রেসক্রিপশন দিচ্ছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে।”

মঙ্গলবার বিকা‌লে রাজবাড়ী জেলা বিএন‌পির আ‌য়োজ‌নে নৈরাজ‌্য ও সন্ত্রাসবি‌রো‌ধী জনসভায় একথা ব‌লেন তি‌নি।

বিএনপির নেতাকর্মী‌দের উদ্দেশে রাজবাড়ী-১ আস‌নের সংসদ সদস্য আলী নেওয়াজ ব‌লেন, “আপনারা চোখ কান খোলা রাখুন। ষড়যন্ত্র চল‌ছে, দেশ‌কে অস্তিত কর‌তে। য‌দি কেউ এরকম করে তা‌দের সঙ্গে আর নরম হ‌য়ে থাকার সু‌যোগ নেই।

“য‌দি কেউ এরকম করে আপনারা তার বাবার কা‌ছে, তার স্ত্রীর কা‌ছে, তার ভাইয়ের সঙ্গে কথা ব‌লেন। বল‌বেন, আওয়ামী লীগ আর কখ‌নো বাংলা‌দে‌শে ফি‌রে আস‌বে না। দুঃস্বপ্ন দেখ‌তে না ক‌রেন।”

জনসভা শুরুর আগে রাজবাড়ী-১ আসনের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা শহরের মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে জড়ো হতে থাকেন।

জনসভায় রাজবাড়ী জেলা প‌রিষ‌দের প্রশাসক আব্দুস সালাম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্যসচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, সাবেক যুগ্ম-সম্পাদক এ ম‌জিদ বিশ্বস এবং জেলা বিএন‌পির সাবেক সদস‌্য অর্ণব নেওয়াজ হৃষিত বক্তব‌্য দেন।