২২ অক্টোবর ২০২৬, ০৭ কার্তিক ১৪৩৩

ভারতে যাওয়ার পথে তামাবিল সীমান্তে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পুলিশের একটি দল তাকে জৈন্তাপুর থানায় নিয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Oct 2026, 04:40 PM

Updated : 22 Oct 2026, 05:18 PM

সিলেটের তামাবিল ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় ‘কার্যক্রম নিষিদ্ধ’ জৈন্তাপুর উপজেলায় আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরের দিকে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান।

তিনি বলেন, কামাল আহমেদের বিরুদ্ধে থানায় চার থেকে পাঁচটি মামলা রয়েছে। সবশেষ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা বলছে, বৃহস্পতিবার বেলা ১২টা ৫ মিনিটে ভারতে যাওয়ার উদ্দেশে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে উপস্থিত হন কামাল আহমেদ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর গোয়াইনঘাট থানার অধীন তামাবিল পুলিশ ফাঁড়ির চার সদস্য সেখানে উপস্থিত হন।

ওসি মাহবুবুর রহমান বলেন, ভারতে যাওয়ার উদ্দেশে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে উপস্থিত হলে কামাল আহমেদকে ১২টা ৫০ মিনিটের দিকে গ্রেপ্তার করে পুলিশ। তার পাসপোর্ট ব্লক করা ছিল। পরে তাকে জৈন্তাপুর থানায় নেওয়া হয়।