এনভিডিয়া প্রধানের বান্ধবী কে এই অ্যালিস হুয়াং?
অ্যালিস চীনা গোয়েন্দা সংস্থার একজন এজেন্ট ও এনভিডিয়া সিইওর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে তিনি বেইজিংয়ের কাছে গোপন তথ্য পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে।
চীন সরকারের আর্থিক খাতে ক্যারিয়ার গড়ার পর হঠাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের আধুনিক চিপের বৈশ্বিক প্রতিযোগিতায় উঠে আসা রহস্যময় নাম অ্যালিস হুয়াং।
রয়টার্স লিখেছে, মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞা পেরিয়ে প্রযুক্তি পাচারের অভিযোগ থেকে শুরু করে এনভিডিয়ার প্রধান নির্বাহীর সঙ্গে ঘনিষ্ঠতা ও চীনা গোয়েন্দা সংস্থা হয়ে তথ্য ফাঁসকারী সন্দেহে এখন তাকে ঘিরে বিশ্বজুড়ে তোলপাড় চলছে।
রয়টার্সের পর্যালোচনা করা ৩০টিরও বেশি সরকারি আর্থিক রেকর্ড, কর্পোরেট নথি ও প্রাতিষ্ঠানিক তথ্য অনুসারে, ‘হুয়াং লে’ নামেও পরিচিত এই চীনা ব্যবসায়ী সিঙ্গাপুরভিত্তিক ক্লাউড-কম্পিউটিং কোম্পানি ‘মেগাস্পিড ইন্টারন্যাশনাল’-এর নিয়ন্ত্রক শেয়ারহোল্ডার হওয়ার আগে সাংহাইয়ের এক বিনিয়োগকারী কোম্পানিতে জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেছেন।
বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়ার অফিশিয়াল ডিরেক্টরিতে ক্লাউড পার্টনার হিসেবে মেগাস্পিডের নাম রয়েছে।
২০২৫ সালের অক্টোবরে মেগাস্পিড প্রথমবারের মতো নজরে আসে।
এ সময় নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলেছিল, ওয়াশিংটনের রপ্তানি নিষেধাজ্ঞা এড়িয়ে চীনের গ্রাহকদের কাছে এনভিডিয়ার উন্নত চিপ পৌঁছাতে সাহায্য করার অভিযোগে যুক্তরাষ্ট্রের তদন্তের মুখে পড়েছে কোম্পানিটি।
এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে সরাসরি যোগসূত্রের খবরের পর অ্যলিস বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। তবে নামের পদবি এক হলেও তাদের মধ্যে কোনো পারিবারিক সম্পর্ক নেই।
গেল মাসে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, মার্কিন কর্তৃপক্ষ তদন্ত শেষে বলেছে, অ্যালিস চীনা গোয়েন্দা সংস্থার একজন এজেন্ট। এনভিডিয়া সিইওর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে তিনি বেইজিংয়ের কাছে বিভিন্ন গোপন তথ্য পাচার করেছেন।
তবে গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে ওঠা এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
অন্যদিকে, চীন সরকারও এই অভিযোগ অস্বীকার করেছে। বক্তব্য নেওয়ার জন্য অ্যালিসের অবস্থানও জানতে পারেনি রয়টার্স।
বিবৃতিতে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ বলেছে, তাদের সিইও বিদেশি গোয়েন্দা অভিযানের লক্ষ্যবস্তু হয়েছিলেন এমন খবরের পর তারা এক স্বাধীন তদন্ত শুরু করেছেন।
তবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য বা কোম্পানির ব্যবসায়িক প্রাইভেসি লঙ্ঘন বা হাতবদল হয়েছে বলে বিশ্বাস করার মতো কোনো প্রমাণ এখনও মেলেনি।
সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, এফবিআই বিষয়টির তদন্ত করছে। তবে এ নিয়ে তিনি বিস্তারিত আর কিছু বলেননি।
অ্যালিসকে নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও রোববার স্ত্রীর সঙ্গে প্রতারণার কথা স্বীকার করেছেন জেনসেন হুয়াং। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্তও করেছেন।
সাংহাইয়ের আর্থিক খাত থেকে এনভিডিয়ার চিপ সাম্রাজ্য
অর্থবিষয়ক চীনা সাময়িকী ‘কাইশিন’-এর তথ্য অনুসারে, অ্যালিসের বয়স প্রায় ৪২ বছর।
চীনের তহবিল সংক্রান্ত বিভিন্ন রেকর্ড ও বেসরকারি তহবিল ডেটাবেইস ‘সিমুওয়াং’-এ তার যে প্রোফাইল রয়েছে তাতে আগে তিনি ব্যাংকিং ও বিনিয়োগ ব্যবস্থাপনায় কাজ করেছেন বলে উল্লেখ রয়েছে।
পাশাপাশি তার ক্যারিয়ারের শুরুর দিকে টেলিভিশন সাংবাদিকতায় যুক্ত থাকার তথ্যও সেখানে রয়েছে।
মেগাস্পিডের মালিকানায় আসার আগে অ্যালিস চীনের বিনিয়োগ প্রতিষ্ঠান ‘সাংহাই হেক্সি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট’-এ জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেন।
২০১৬ ও ২০১৭ সালের মধ্যে ‘হেক্সি’র অফিশিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে পোস্ট করা বেশ কয়েকটি বিজ্ঞপ্তিতে তাকে কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার, এক্সিকিউটিভ ডিরেক্টর ও বিনিয়োগ সিদ্ধান্ত কমিটির সদস্য হিসেবে পরিচয় দেওয়া হয়েছিল।
সেখানে বলা হয়েছে, তিনি এর আগে হংকংয়ে ‘এইচএসবিসি’র প্রাইভেট ব্যাংক ও ‘সিআইটিআইসি সিকিউরিটিজ’-এ কাজ করেছেন।
রয়টার্সের মন্তব্যের অনুরাধে সাড়া দেয়নি এইচএসবিসি ও সিআইটিআইসি।
রয়টার্সের হাতে আসা হেক্সি কোম্পানির এক বিজনেস কার্ডে অ্যালিসকে পার্টনার ও জেনারেল ম্যানেজার হিসেবে উল্লেখ করা হয়েছে, যেখানে তার অফিসের ঠিকানা ছিল সাংহাইয়ের লুজিয়াজুই অর্থনৈতিক অঞ্চলের অরোরা প্লাজায়।
তবে ওই ঠিকানায় সরেজমিনে গিয়ে সেখানে কোনো অফিস বা কর্মী পায়নি রয়টার্স, পুরো চত্বরজুড়ে সংস্কার কাজ চলছিল। কার্ডে দেওয়া ফোন নম্বরে কল করলেও কেউ ধরেনি এবং ইমেইল ঠিকানায় পাঠানো বার্তাও পৌঁছায়নি।
ওয়াশিংটনভিত্তিক গবেষণা কোম্পানি ‘সিফোরএডিএস’-এর কর্পোরেট রেকর্ড পর্যালোচনার তথ্য অনুসারে, ২০২৩ সালের মার্চে অ্যালিস মেগাস্পিডের নিয়ন্ত্রক শেয়ারহোল্ডার হন।
২০১৫ সালে সিঙ্গাপুরে ‘সেভেন রোডস ইন্টারন্যাশনাল’ নামে নিবন্ধিত এই মেগাস্পিড কোম্পানিটি ক্লাউড-কম্পিউটিং পরিষেবা দেয়। নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে তারা এশিয়া-প্যাসিফিক অঞ্চলে এনভিডিয়ার ব্যবসায়িক পার্টনার হিসেবে পরিচয় দিয়েছে।
সিফোরএডিএস বলেছে, ২০২৩ সালের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত অ্যালিস মেগাস্পিডের ইন্দোনেশীয় সহযোগী কোম্পানির পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রয়টার্সের মন্তব্যের অনুরোধে মেগাস্পিডও সাড়া দেয়নি।
২০২৪ সালের ‘কম্পিউটেক্স’ প্রযুক্তি বাণিজ্য মেলার সময় তাইওয়ানিজ সার্ভার নির্মাতা কোম্পানি ‘গিগাবাইট’ আয়োজিত এক অনুষ্ঠানে অ্যালিস ও জেনসেন উভয়েই উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন সেখানে অংশগ্রহণকারী একজন ব্যক্তি।
পেশাদারদের সামাজিক মাধ্যম লিংকডইনে পোস্ট করা এক ছবিতে তাদের পাশাপাশি বসে থাকতেও দেখা গেছে।
এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি গিগাবাইট।
নজরে ব্যবসায়িক সম্পর্ক
ওয়াশিংটনের কড়া রপ্তানি নিষেধাজ্ঞা এড়িয়ে চীনের বিভিন্ন কোম্পানিকে এনভিডিয়ার আধুনিক এআই চিপ সরবরাহ করার বিষয়ে সহায়তার সন্দেহে মার্কিন কর্তৃপক্ষের কড়া নজরদারিতে রয়েছে ‘মেগাস্পিড’।
তবে কোম্পানিটি প্রচলিত কোনো নিয়ম বা আইন লঙ্ঘন করেছে এমন কোনো আনুষ্ঠানিক প্রমাণ এখন পর্যন্ত সামনে আসেনি।
বাণিজ্যিক তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম ‘ইম্পোর্টজিনিয়াস’-এর শিপিং রেকর্ড পর্যালোচনা করে রয়টার্স জানতে পেরেছে, ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে মেগাস্পিডের ইন্দোনেশীয় সহযোগী কোম্পানিটি এনভিডিয়ার ‘এইচ ১০০’ প্রসেসরসহ অন্যান্য সরঞ্জাম আমদানি করেছে।
তাইওয়ানের গিগাবাইটের সহযোগী কোম্পানি ‘গিগা কম্পিউটিং’সহ একাধিক সরবরাহকারীর মাধ্যম থেকে এসব চালান ইন্দোনেশিয়ায় পৌঁছায়।
এনভিডিয়ার ‘এইচ১০০’ প্রসেসরটি সেইসব উন্নত প্রযুক্তির অংশ, যা চীনে রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। তবে ইন্দোনেশিয়ায় এসব পণ্যের চালান পৌঁছানোর বিষয়টি সরাসরি মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের চূড়ান্ত প্রমাণ দেয় না।
ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংগঠন ‘সিফোরএডিএস’-এর তথ্য অনুসারে, ২০২৩ সালের শেষদিকে মেগাস্পিডের শেয়ার সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি ‘সুইফটডেটা’র কাছে হস্তান্তর করা হয়।
বর্তমানে মেগাস্পিডের ১ কোটি শেয়ারের সবগুলোরই মালিক সুইফটডেটা। তবে, কোম্পানিটির সঙ্গে যোগাযোগ করতে পারেনি রয়টার্স।
এদিকে, সুইফটডেটার প্রকৃত নিয়ন্ত্রক কে তা সুনির্দিষ্টভাবে নিশ্চিত করা যায়নি, বলেছে সিফোরএডিএস।
তবে শেয়ার হস্তান্তরের পরও অ্যালিসকে বিভিন্ন কোম্পানিতে মেগাস্পিডের চেয়ারম্যান হিসেবে পরিচয় দিতে দেখা গেছে। এতে ধারণা করা হচ্ছে, তিনি নেপথ্যে থেকে কোম্পানিটির ওপর প্রভাব বিস্তার করেছেন।
উত্তর খুঁজছে মার্কিন প্রশাসন
অ্যালিস ও জেনসেনের মধ্যে সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে এনভিডিয়া প্রধানের কাছে ব্যাখ্যা দাবি করার উদ্যোগ নিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা।
আন্তর্জাতিক বিষয়ক পরামর্শক কোম্পানি ‘এশিয়া গ্রুপ’-এর পার্টনার জর্জ চেন বলেছেন, মূল প্রশ্ন হল জেনসেন কি কোনো ধরনের সন্দেহজনক গোয়েন্দা তৎপরতার কথা আগে থেকে জানতেন ও এর ফলে কোনো স্পর্শকাতর তথ্য হাতবদল বা ঝুঁকির মুখে পড়েছে কি না।
“যদি তার অজান্তে ও ওই নারীর প্রকৃত পরিচয় বা উদ্দেশ্য গোপন রেখে জেনসেনকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু বা ব্যবহার করা হয়ে থাকে তবে অনেক দিক থেকে তাকেও এই ঘটনার একজন সম্ভাব্য ভুক্তভোগী হিসেবে দেখার সুযোগ রয়েছে।”
এনভিডিয়া বলেছে, প্রতি বছর তাদের সিইও হাজার হাজার গ্রাহক ও কোম্পানির শীর্ষ নির্বাহীর সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া এশিয়ায় তাদের ক্লাউড পার্টনাররা কেবলই ব্যবসায়িক তথ্য পান, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত স্পর্শকাতর তথ্য তাদের সঙ্গে শেয়ার করা হয় না।
সোমবার ডনাল্ড ট্রাম্প বলেছেন, সিলিকন ভ্যালিতে তার অন্যতম ঘনিষ্ঠ মিত্র জেনসেনকে কেন্দ্র করে ওঠা এই অভিযোগে তিনি বিস্মিত’।
তিনি এনভিডিয়া সিইওর সঙ্গে কথা বলেছেন ও জেনসেন তাকে স্পষ্ট বলেছেন, ওই নারী যে কোনো দেশের স্পাই বা গোয়েন্দা ছিলেন সে বিষয়ে তার বিন্দুমাত্র ধারণা ছিল না।
