২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জেনসেনের সঙ্গে সম্পর্কের সময়ই চীনা গোয়েন্দা সংস্পর্শে অ্যালিস

২০২৫ সালের বসন্ত থেকে এ বছরের শরৎকাল পর্যন্ত চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার সঙ্গে অ্যালিস হুয়াংয়ের যোগাযোগ ছিল।

জেনসেনের সঙ্গে সম্পর্কের সময়ই চীনা গোয়েন্দা সংস্পর্শে অ্যালিস

এই কেলেঙ্কারির জেরে চীনের ওপর ওয়াশিংটনের রপ্তানি নিয়ন্ত্রণ নীতির বিষয়টিও নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 04:13 PM

Updated : 23 Nov 2026, 04:13 PM

এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্ক চলাকালে এক বছরেরও বেশি সময় ধরে চীনের শীর্ষ গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন কোম্পানিটির সাম্প্রতিক কেলেঙ্কারির কেন্দ্রে থাকা অ্যালিস হুয়াং।

রোববার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসার কথা লিখেছে রয়টার্স।

গোয়েন্দা প্রতিবেদনের বিষয়ে অবগত ব্যক্তিদের বরাতে নিউ ইয়র্ক টাইমস লিখেছে, ২০২৫ সালের বসন্ত থেকে এ বছরের শরৎকাল পর্যন্ত চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার সঙ্গে অ্যালিসের যোগাযোগ ছিল।

এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে রাজি হননি জেনসেনের একজন মুখপাত্র। মন্তব্যের অনুরোধে সাড়া দেননি এনভিডিয়া ও ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্ররাও।

এদিকে, অ্যালিসের বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি রয়টার্স।

এর আগে, সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি ‘মেগাস্পিড ইন্টারন্যাশনাল’-এর নেতৃত্বে ছিলেন অ্যালিস। এনভিডিয়ার গুরুত্বপূর্ণ গ্রাহক কোম্পানিটি একসময় কোম্পানিটির কয়েক বিলিয়ন ডলারের চিপ বিক্রির পেছনে বড় ভূমিকা রেখেছিল।

এনভিডিয়ার উন্নত এআই চিপ চীনে পাচার করার সন্দেহে মার্কিন কর্তৃপক্ষ ২০২৪ সাল থেকেই মেগাস্পিডের বিরুদ্ধে তদন্ত চালিয়ে আসছে।

গেল মাসে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে অ্যালিস একজন ‘গুপ্তচর’ হতে পারেন বলে যে প্রাথমিক ইঙ্গিত দিয়েছিল, মার্কিন কর্মকর্তারা এরইমধ্যে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

এমন পরিস্থিতির মধ্যেই রোববার নতুন প্রতিবেদন প্রকাশ করল সংবাদমাধ্যমটি।

গত ২৯ অক্টোবরের সেই প্রতিবেদন থেকেই এই কেলেঙ্কারির সূত্রপাত। এর জেরে দুই সপ্তাহ পর জেনসেন পদত্যাগ করেন ও এনভিডিয়ার শেয়ার দরে বড় ধরনের পতন ঘটে।

এদিকে, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বারবারই বলে আসছেন, অ্যালিস চীনের হয়ে ‘গুপ্তচরবৃত্তি করেছেন’ এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্তে তারা এখনো পৌঁছাননি।

এ মাসে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেছেন, অ্যালিস চীনের গুপ্তচর ছিলেন কি না সে বিষয়ে বিচার বিভাগ এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।

রোববার মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটনও একই কথার পুনরাবৃত্তি করেছেন।

সিএনএন-এর ‘স্টেট অফ দ্য ইউনিয়ন’ শোতে ক্লেটন বলেছেন, “অ্যাটর্নি জেনারেল ব্ল্যাঞ্চ খুব স্পষ্টভাবেই বলেছেন, বিষয়টি এখনও তদন্তাধীন।

“বিভিন্ন বিষয়ে জেনসেন ও তার কোম্পানি উভয়ের বিরুদ্ধেই তদন্ত চলছে। আর আমি সেই তদন্তটি স্বাভাবিকভাবেই এগোতে দেব।”

এই কেলেঙ্কারির জেরে চীনের ওপর ওয়াশিংটনের রপ্তানি নিয়ন্ত্রণ নীতির বিষয়টিও নতুন করে খতিয়ে দেখা হচ্ছে।

মূল্যবান এসব সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন আইন প্রয়োগ ও নিয়ন্ত্রণে অতিরিক্ত শিথিলতা দেখিয়েছে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের আইনপ্রণেতারাই।

তবে দুজনের মধ্যকার এই ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আগ্রহ তুলনামূলক কম বলে এনবিসি’র ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে মন্তব্য করেছেন লুইজিয়ানার রিপাবলিকান সেনেটর জন কেনেডি।

রোববার কেনেডি বলেছেন, “আশা করি তিনি ভালো সময় কাটিয়েছেন। ‘হেলেন অফ ট্রয়’-এর পর এটাই ছিল সবচেয়ে ব্যয়বহুল শারীরিক সম্পর্ক।”