চীনা গোয়েন্দা নজরদারি ও পরকীয়া: তদন্তের মুখে এনভিডিয়া প্রধান
চীনা নাগরিক অ্যালিস এনভিডিয়া প্রধানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন ও সংগৃহীত তথ্য সরাসরি বেইজিংয়ের কাছে পাচার করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
পরকীয়ার কথা স্বীকার ও চীনা গোয়েন্দা সংস্থার চক্রান্তে জড়িয়ে পড়ার খবরের জেরে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং কোম্পানিটির পরিচালনা পর্ষদের তদন্তের মুখে পড়েছেন।
চীনা গোয়েন্দা সংস্থার কাছে তথ্য পাচারের অভিযোগে অভিযুক্ত ওই চীনা নারীর সঙ্গে এনভিডিয়া প্রধানের নাম জড়িয়ে সংবাদ প্রকাশের পর তার বিরুদ্ধে কোম্পানিটির পরিচালনা পর্ষদের তদন্ত শুরু করল।
তিনি কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার লক্ষ্যবস্তু ছিলেন কি না তা খতিয়ে দেখতেই এ তদন্ত বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
গেল মাসে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে লিখেছিল, ৬৩ বছর বয়সি হুয়াংয়ের সঙ্গে সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি ‘মেগাস্পিড’-এর সাবেক নির্বাহী অ্যালিস হুয়াংয়ের যোগাযোগ ছিল।
হুয়াংয়ের সঙ্গে পারিবারিক সম্পর্কের বাইরে থাকা এই নারীকে মার্কিন কর্তৃপক্ষ তদন্তের পর চীনা গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে শনাক্ত করেছে।
মার্কিন চিপ নির্মাতা জায়ান্ট এনভিডিয়া’তে হুয়াংয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং মেগাস্পিড ও অ্যালিস হুয়াংয়ের বিষয়ে যুক্তরাষ্ট্রের কঠোর নজরদারির বিষয় নিয়ে যা জানা গেল তা এখানে তুলে ধরা হল–
কে এই জেনসেন হুয়াং?
১৯৯৩ সালে ক্রিস মালাচোভস্কি ও কার্টিস প্রিয়েমকে সঙ্গে নিয়ে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন হুয়াং।
প্রতিষ্ঠার পর থেকে তিনিই ধারাবাহিকভাবে কোম্পানিটি পরিচালনা করে আসছেন, যা তাকে সিলিকন ভ্যালির ইতিহাসে অন্যতম দীর্ঘস্থায়ী প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী বা সিইও হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
তাইওয়ানে জন্ম নেওয়া ও যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা হুয়াং ভিডিও গেইমের জন্য গ্রাফিক্স চিপ তৈরির ছোট কোম্পানিকে বিশ্বজুড়ে এআই প্রসেসরের প্রধান সরবরাহকারীতে রূপান্তর করেছেন। এর মধ্য দিয়েই তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিপ্লবের অন্যতম শক্তিশালী ব্যক্তিত্বে পরিণত হন।
নিজের সিগনেচার চামড়ার জ্যাকেট পরার অভ্যাস ও পণ্য উন্মোচনের জমকালো উপস্থাপনার কারণে বিশ্ব করপোরেট জগতে খুব অল্পসংখ্যক নেতৃত্ব পর্যায়ের ব্যক্তির মতো তিনিও তার নিজের প্রতিষ্ঠানের সমার্থক হয়ে উঠেছেন।
প্রকৌশল বিদ্যায় পড়ার সময়ে লরি হুয়াংয়ের সঙ্গে পরিচয় ও প্রেম, পরবর্তীতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। কয়েক দশক ধরে সংসার করা এ দম্পতির দুই সন্তান রয়েছে, যারা দুজনেই এনভিডিয়াতে কর্মরত।
তাদের মেয়ে ম্যাডিসন হুয়াং কোম্পানিটির ফিজিক্যাল এআই প্ল্যাটফর্মের ‘প্রোডাক্ট অ্যান্ড টেকনিক্যাল মার্কেটিং’ বিভাগের সিনিয়র ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, ছেলে স্পেন্সর হুয়াং রোবোটিক্স সফটওয়্যার পণ্য ব্যবস্থাপনার কাজে যুক্ত আছেন।
রোববার কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় হুয়াং স্বীকার বলেছেন, তিনি তার স্ত্রীর সঙ্গে প্রতারণা করেছেন এবং নিজের এই কাজের ‘সম্পূর্ণ দায়িত্ব’ নিচ্ছেন।
এনভিডিয়া আসলে কী কাজ করে?
ভিডিও গেইম থেকে শুরু করে স্বয়ংক্রিয় গাড়ি চালনা, ক্লাউড কম্পিউটিং ও এআইয়ের মতো আধুনিক প্রযুক্তির প্রায় প্রতিটি বড় পদক্ষেপে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এনভিডিয়ার ডিজাইন করা চিপ।
হুয়াংয়ের বলিষ্ঠ নেতৃত্বে অনেক আগেই এআইয়ে বড় ধরনের বিনিয়োগ করেছিল এনভিডিয়া। ফলে ২০২২ সালের শেষদিকে চ্যাটজিপিটি বিশ্বজুড়ে উন্মুক্ত হওয়ার পর এআই কম্পিউটিংয়ের চাহিদা রাতারাতি বেড়ে গেলে বাজারের কেন্দ্রবিন্দুতে নিজেদের অবস্থান আগেই নিশ্চিত করে রেখেছিল কোম্পানিটি।
বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর মূল সরবরাহকারী হিসেবে এনভিডিয়া বর্তমানে সবচেয়ে মূল্যবান ব্যবসায়িক কোম্পানি পরিণত হয়েছে।
২০২২ সালের শেষ দিকে কোম্পানিটির অর্থমূল্য ছিল ৪২ হাজার কোটি ডলার, যা পরবর্তীতে বেড়ে বিপুল অংকে পৌঁছেছে।
অ্যালিস হুয়াং কে? মেগাস্পিড কী?
মেগাস্পিড হচ্ছে সিঙ্গাপুরভিত্তিক ক্লাউড কম্পিউটিং কোম্পানি ও এনভিডিয়ার অন্যতম বড় গ্রাহক।
ওয়াশিংটনের বেইজিং-বিরোধী নিষেধাজ্ঞার কারণে চীনে এনভিডিয়ার যেসব আধুনিক এআই চিপ সরাসরি রপ্তানি করা নিষিদ্ধ, মেগাস্পিডের মাধ্যমে বেইজিং সেগুলোর নাগাল পাচ্ছিল কি না এই সন্দেহে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের অনুসন্ধানের তালিকায় রয়েছে কোম্পানিটি।
গেল মাসে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়, চীনা নাগরিক অ্যালিস হুয়াং এনভিডিয়া প্রধানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন ও সংগৃহীত তথ্য সরাসরি বেইজিংয়ের কাছে পাচার করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
প্রতিবেদনে আনা এসব দাবির সত্যতা বা মেগাস্পিডে অ্যালিস হুয়াংয়ের বর্তমান চাকরির স্থিতি সম্পর্কে রয়টার্স স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য যাচাই করতে পারেনি।
মেগাস্পিডের ওয়েবসাইটের তথ্য অনুসারে, মেগাস্পিড এশিয়া-প্যাসিফিক অঞ্চলে এনভিডিয়ার স্বীকৃত এক ক্লাউড পার্টনার। তারা গ্রাহকদের জন্য এনভিডিয়ার ‘জবি২০০ এনভিএল৭২’ ও ‘এইচজিএক্স এইচ১০০’ মডেলের চিপের সুবিধা দেয়।
এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে মেগাস্পিড বা অ্যালিস হুয়াংয়ের কাছ থেকে কোনো সাড়া মেলেনি ।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার কোন বিষয়গুলো এতে জড়িত?
বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার প্রযুক্তিগত প্রতিযোগিতার একেবারে কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে এনভিডিয়া।
এর প্রেক্ষাপটে ২০২২ সাল থেকে চীনের কাছে যে কোনো ধরনের উন্নত এআই চিপ রপ্তানির ওপর কড়া বিধিনিষেধ আরোপ করে আসছে ওয়াশিংটন।
অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের যোগাযোগ নিয়ে তৈরি এই বিতর্ক এনভিডিয়ার জন্য সংবেদনশীল সময়ে সামনে এল।
কারণ, যেসব বিষয়কে কেন্দ্র করে এনভিডিয়ার অভাবনীয় সাফল্য ও উত্থান হয়েছিল সেই এআই খাতের এই আকস্মিক গতিশীলতা কত দিন টিকবে তা নিয়ে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা এরইমধ্যে দুশ্চিন্তায় রয়েছেন।
তার ওপর পরিচালনা পর্ষদের এই তদন্ত এনভিডিয়ার সাফল্যের মূল কারিগর হিসেবে পরিচিত এই শীর্ষ নির্বাহীর ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটি প্রকাশ্যে আসার পর মার্কিন প্রতিনিধি পরিষদের জ্যেষ্ঠ রিপাবলিকান সদস্যরা জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে জেনসেন হুয়াংয়ের বিষয়ে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ব্রিফিং চেয়েছেন।
এনভিডিয়া বলেছে, তাদের যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়া বা কোম্পানির গোপন কোনো ব্যবসায়িক তথ্য ফাঁস হওয়ার বিষয়ে ‘বিশ্বাস করার মতো কোনো কারণ মেলেনি’।
তবে পরিস্থিতি পর্যালোচনা করতে স্বাধীন পরিচালকদের সমন্বয়ে বিশেষ এক কমিটি গঠিত হয়েছে, যারা সার্বিক তথ্য খতিয়ে দেখবে।
এনভিডিয়া কীভাবে এই তদন্ত পরিচালনা করবে?
কোম্পানিটি বলেছে, স্বাধীন পরিচালকদের নিয়ে গঠিত কমিটি বাইরের একজন স্বাধীন আইনি পরামর্শকের সহায়তা নিয়ে এ তদন্তের কাজ তদারকি করবে।
এনভিডিয়া বিবৃতিতে বলেছে, সিইও জেনসেন হুয়াং পরিচালনা পর্ষদের এই রিভিউ বা পর্যালোচনার সিদ্ধান্তকে পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন ও তদন্তের পুরো প্রক্রিয়ায় সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।
