২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ-পূর্ব এশিয়ায় এআই চিপ রপ্তানি বন্ধ করল এনভিডিয়া

সেমিকন্ডাক্টর রপ্তানিতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ আরও জোরদার করতে ও এআই চিপ যেন চীনে পাচার হতে না পারে তা ঠেকাতেই এ সিদ্ধান্ত নিয়েছে এনভিডিয়া।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় এআই চিপ রপ্তানি বন্ধ করল এনভিডিয়া

নতুন নীতিমালা যথাযথভাবে মেনে চলা হচ্ছে কি না তা নিশ্চিত করতে এনভিডিয়া বর্তমানে তার সহযোগী বিভিন্ন কোম্পানির সঙ্গে কাজ করছে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 02:15 PM

Updated : 28 Nov 2026, 02:15 PM

মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে সার্ভার বিক্রি বন্ধ করে দিয়েছে মার্কিন চিপ নির্মাতা জায়ান্ট এনভিডিয়া।

এ খবর প্রথম বৃহস্পতিবার প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস।

সেমিকন্ডাক্টর রপ্তানিতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ আরও জোরদার করতে ও আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ যেন চীনে পাচার হতে না পারে তা ঠেকাতেই এ সিদ্ধান্ত নিয়েছে এনভিডিয়া।

বিষয়টি সম্পর্কে অবগত তিনজন ব্যক্তির বরাতে ফাইন্যান্সিয়াল টাইমস প্রতিবেদনে লিখেছে, এনভিডিয়ার চিপ ব্যবহার করে সার্ভার তৈরি করা সহযোগী কোম্পানি ‘ডেল’ ও ‘সুপারমাইক্রো’ দক্ষিণ-পূর্ব এশিয়ার ওই চার দেশের ক্রেতাদের বলেছে, এনভিডিয়া তাদের অর্ডারগুলো শিপমেন্টের অনুমতি দেবে না।

নতুন নীতিমালা যথাযথভাবে মেনে চলা হচ্ছে কি না তা নিশ্চিত করতে এনভিডিয়া বর্তমানে তার সহযোগী বিভিন্ন কোম্পানির সঙ্গে কাজ করছে। তবে এই রপ্তানি স্থগিতাদেশ ঠিক কতদিন বহাল থাকবে তা স্পষ্ট নয়।

এ বিষয়ে ইন্ডিপেনডেন্টের মন্তব্যের অুনরোধে সাড়া দেয়নি এনভিডিয়া, ডেল ও সুপারমাইক্রো।

গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রের জারি করা নতুন এক বিধিনিষেধের পরপর এনভিডিয়ার পক্ষ থেকে এমন পদক্ষেপ এল বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।

নতুন ওই নিয়ম অনুসারে, দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে উন্নত মানের চিপ পাঠাতে হলে এখন থেকে রপ্তানি লাইসেন্স নিতে হবে।

এর আগে, এ সপ্তাহের শুরুতে মার্কিন বাণিজ্য বিভাগের ‘ব্যুরো অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি’ বা বিআইএস আনুষ্ঠানিকভাবে ‘মেগাস্পিড ইন্টারন্যাশনাল’ ও এর সঙ্গে সংশ্লিষ্ট আরও ছয়টি কোম্পানিকে যুক্তরাষ্ট্রের কালো তালিকায় অন্তর্ভুক্ত করে।

এ তালিকায় এমন সব বিদেশি ব্যক্তি, কোম্পানি, গবেষণা প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার নাম রাখা হয় যাদের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ বিধি প্রযোজ্য।

এনভিডিয়াকে ঘিরে তৈরি হওয়া সাম্প্রতিক কেলেঙ্কারির কেন্দ্রে রয়েছে সিঙ্গাপুরভিত্তিক এআই কোম্পানি মেগাস্পিড।

বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে মেগাস্পিডের নির্বাহী ও সন্দেহভাজন চীনা গুপ্তচর অ্যালিস হুয়াংয়ের বিয়েবহির্ভূত সম্পর্ক ছিল।

নিষিদ্ধ এআই সেমিকন্ডাক্টর চীনে পাচার সন্দেহে মেগাস্পিডের বিরুদ্ধে আগেই তদন্ত শুরু করেছিল মার্কিন সংস্থা বিআইএস।

সংস্থাটি বলেছে, “বাণিজ্য বিভাগের তদন্তের ভিত্তিতে বিভাগের ব্যুরো অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটির এজেন্টরা সিঙ্গাপুরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে যৌথভাবে ২০২৫ সালের জুনে মেগাস্পিডের কার্যালয়ে সরেজমিনে গিয়ে পণ্যগুলোর চূড়ান্ত ব্যবহার যাচাই ও প্রধান নির্বাহী অ্যালিসের সাক্ষাৎকার নিয়েছিলেন।”

সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসার পর এ মাসের শুরুতে জেনসেন তার পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন।

তবে তিনি জাতীয় নিরাপত্তার জন্য কোনো হুমকি নন– যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছ থেকে এমন আশ্বাস পাওয়ার পর সোমবার তাকে আবারও এই প্রযুক্তি জায়ান্টের প্রধান পদে পুনর্বহাল করা হয়।

বৃহস্পতিবার মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটি বলেছে, রপ্তানি বিধিনিষেধ থাকার পরও ট্রাম্প প্রশাসন চীনা সামরিক বাহিনীর সমর্থনপুষ্ট বলে অভিযোগ থাকা কোম্পানিগুলোর কাছে এনভিডিয়া ও এএমডি’র তৈরি প্রায় ৯ লাখ এআই চিপ পাঠানোর অনুমোদন দিয়েছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ ডেমোক্র্যাটিক সেনেট নেতা চাক শুমার জেনসেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে চীনে উন্নত মানের চিপ পাঠানোর অভিযোগ এনেছেন।

তিনি বিষয়টিকে ‘মহাকাশ প্রতিযোগিতার সময় সোভিয়েত ইউনিয়নের কাছে রকেট ইঞ্জিন বিক্রি করার শামিল’ বলে বর্ণনা করেছেন।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন, জেনসেন বেআইনি কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন এমন কোনো প্রমাণ নেই।

এ সপ্তাহের শুরুতে ট্রাম্প বলেছেন, “আমি কেবল এটুকুই বলব, আমার কাছে নিরাপত্তার ছাড়পত্র আছে। আর যদি তা না থাকত, তবে আমি জেনসেনের ফিরে আসার বিষয়ে এনভিডিয়ার পরিচালনা পর্ষদের সঙ্গে সমঝোতায় যেতাম না।”