২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তার চুরির অভিযোগে একজনের কারাদণ্ড

“সোহেল ওই এলাকায় কিছুদিন ধরে সংঘটিত চুরির ঘটনায় জড়িত ছিলেন।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 02:06 PM

Updated : 28 Nov 2026, 02:06 PM

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিদ্যুতের তার চুরির অভিযোগে সোহেল নামে একজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে বিমানবন্দরের প্রধান ফটক লাগোয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ বিদ্যুতের তার উদ্ধার করা হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নুর হোসেন জানান, প্রধান ফটক লাগোয়া এলাকায় দায়িত্ব পালনরত এক আনসার সদস্যের কাছে ওই ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তল্লাশি করে তার পাওয়া যায়।

তিনি বলেন, “তাকে আটক করে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা তারেক জিয়া উদ্দিনকে বিষয়টি অবহিত করা হয়। তিনি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের উপস্থিতিতে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তার নাম মো. সোহেল।”

বিমানবন্দর পরিচালক বলেন, সোহেল ওই এলাকায় কিছুদিন ধরে সংঘটিত চুরির ঘটনায় জড়িত ছিলেন। অতীতেও চুরির ঘটনায় করা মামলায় সাজা ভোগ করেছেন তিনি।

পরে পাওয়া তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত আইনে সোহেলকে ছয় মাসের কারাদণ্ড দেন।