২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে, নীতি সুদহার কমানোর চিন্তা করতেই পারি: গভর্নর

নিলাম প্রক্রিয়ায় বিদেশি মুদ্রা লেনদেনের ব্যবস্থা এক মাসের মধ্যে চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 01:57 PM

Updated : 28 Nov 2026, 01:57 PM

চার বছরের বেশি সময় ধরে দেশের মূল্যস্ফীতি ৯ শতাংশের আশপাশে থাকার পর গত কয়েক মাস ধরে তা ৮ শতাংশের ঘরে থাকার কথা জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেছেন, মূল্যস্ফীতি ‘নিয়ন্ত্রণে আসায়’ ভবিষ্যতে নীতি সুদহার আরও কমানোর চিন্তা করা যেতে পারে।

তিনি বলেছেন, “আমরা চেষ্টা করছি ফাইন্যান্সিং কস্ট কমানোর। পলিসি রেট ইতোমধ্যে আপনারা জানেন, ফিফটি বেসিস পয়েন্ট কমানো হয়েছে।

“ইনফ্লেশন যেহেতু একটু কন্ট্রোলে, আমরা ভবিষ্যতে আরেকটু কমানোর চিন্তা করতেই পারি।”

শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে লোকাল এলসির তথ্য আদান-প্রদানের অনলাইন প্লাটফর্ম ‘বার্তা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ৮ দশমিক ৩৪ শতাংশ থাকার পর অক্টোবরে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৭ শতাংশে।

পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে অক্টোবরে ৮ দশমিক ২৭ শতাংশ মূল্যস্ফীতির অর্থ, ২০২৫ সালের অক্টোবরে যে পণ্য বা সেবা ১০০ টাকায় পাওয়া যেত, চলতি বছরের অক্টোবরে তা কিনতে খরচ হয়েছে ১০৮ টাকা ২৭ পয়সা।

জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছিল। পরের মাসেই তা কমার তথ্য দিয়েছে বিবিএস।

২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩২ শতাংশ। আগস্টে তা কমে ৮ দশমিক ২৬ শতাংশে নেমে আসে।

এর আগে ২০২৫-২৬ অর্থবছরের শেষ মাস জুনে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১৬ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেন, দায়িত্ব নেওয়ার পর যেসব অগ্রাধিকার নিয়ে কাজ শুরু করেছেন, তার মধ্যে ব্যবসা পরিচালনার ব্যয় কমানো অন্যতম। অর্থমন্ত্রীও এ বিষয়ে বারবার গুরুত্ব দিচ্ছেন।

তিনি বলেন, ব্যবসা পরিচালনার ব্যয় কমলে শুধু ব্যবসায়ী বা ব্যাংকাররাই লাভবান হবেন না, শেষ পর্যন্ত সাধারণ মানুষও কম দামে পণ্য ও সেবা পাবেন।

গভর্নর বলেন, ঋণের সুদ বেড়ে গেলে ব্যবসায়ীরা সাধারণত সেই বাড়তি খরচ নিজেরা বহন করেন না। পণ্যের দামের সঙ্গে তা যুক্ত করেন। ফলে শেষ পর্যন্ত এর চাপ পড়ে ভোক্তার ওপর।

“উদ্দেশ্য হচ্ছে—জনগণকে কম দামে পণ্য এবং সেবা দেওয়া। এই মূল উদ্দেশ্য সরকারের। তো সেই কারণে আমাদের দায়িত্ব হচ্ছে যে ট্রানজ্যাকশন কস্ট এবং অন্যান্য কস্ট কত কমানো যায়।”

বিদেশি মুদ্রার লেনদেনে নতুন ব্যবস্থা

বিদেশি মুদ্রার বিনিময় হার নির্ধারণে বাজারভিত্তিক ব্যবস্থা চালুর উদ্যোগের কথাও জানিয়েছেন গভর্নর মোস্তাকুর রহমান।

তিনি বলেন, গত ১০ বছরে প্রতিবেশী ও সমপর্যায়ের দেশগুলোর তুলনায় বাংলাদেশের মুদ্রার অবমূল্যায়ন বেশি হয়েছে। এসব দেশে গড়ে ৪০ শতাংশ অবমূল্যায়নের বিপরীতে বাংলাদেশে হয়েছে ৬০ শতাংশ।

গভর্নর বলেন, মুক্তবাজার ব্যবস্থায় বিশ্বাস করে কেন্দ্রীয় ব্যাংক। এ লক্ষ্যে বিদেশি মুদ্রার লেনদেন স্বয়ংক্রিয় করতে একটি সফটওয়্যার তৈরি করা হচ্ছে।

মোস্তাকুর রহমান বলেন, “আমরা একটা সফটওয়্যার করছি যাতে পুরো লেনদেনটা স্বয়ংক্রিয় হয়। কেউ দেখবে না বিক্রেতা কে, ক্রেতা কে, যাতে এখানে কারসাজির সুযোগ না থাকে।”

নিলাম প্রক্রিয়ায় বিদেশি মুদ্রার লেনদেনের এ ব্যবস্থা এক মাসের মধ্যে চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এর মাধ্যমে বাজারে বিদেশি মুদ্রার প্রকৃত বিনিময় হার পাওয়া যাবে বলে মনে করছেন গভর্নর।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন এফবিসিসিআই প্রশাসক ফজলুল হক, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাসান ও. রশিদ।