০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

ব্যাংকে বিদেশি ‍মুদ্রা জমা রাখতে পারবে মানি চেঞ্জাররা

বাংলাদেশ ব্যাংক বলেছে, জমা রাখা গেলেও এর বিপরীতে কোনো সুদ বা লভ্যাংশ দেওয়া যাবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 09:08 PM

Updated : 04 Nov 2026, 09:08 PM

দেশের খোলা বাজারে বিদেশি মুদ্রা কেনাবেচা করা মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে কাস্টডিয়াল ও পরিবহন সুবিধা দিতে পারবে বাণিজ্যিক ব্যাংকগুলো।

এ সুবিধার আওতায় মানিচেঞ্জার প্রতিষ্ঠানগুলো এখন থেকে দিন শেষে সব ধরনের অনুমোদিত কাগুজে বৈদেশিক মুদ্রার নোট বাণিজ্যিক ব্যাংকে জমা রাখতে পারবে। দেশীয় মুদ্রার মতো উত্তোলন করার সুবিধাও থাকছে।

বুধবার এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক বলেছে, বিদেশি মুদ্রা রাখলেও এর বিপরীতে কোনো সুদ বা লভ্যাংশ দিতে পারবে না ব্যাংক। প্রচলিত ব্যাংক হিসাবের মতো লেজার সংরক্ষণ করে বৈদেশিক মুদ্রা তুলে নিতে চেক বা তুলে নেওয়ার স্লিপ ইস্যু করা যাবে।

উত্তোলনকারীকে শনাক্ত করতে প্রয়োজনীয় কাগজাদি ও প্রমাণ সংরক্ষণ করতে হবে ব্যাংকের। বিদেশি মুদ্রা পরিবহনের সময় পর্যাপ্ত নিরাপত্তা, সংরক্ষণে অস্থায়ী ভল্ট ও বীমা সুবিধা নিশ্চিত করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, নিরাপদে নগদ বিদেশি মুদ্রা ব্যবস্থাপনা ও পরিবহনের ঝুঁকি কমাতে এ সুযোগ দেওয়া হয়েছে।

কাস্টডিয়ালের আওতায় এসব হিসাবে শুধু বিদেশি মুদ্রার নোট সংরক্ষণ, জমা ও উত্তোলনের কাজে ব্যবহার করা যাবে। বিদেশি মুদ্রা থেকে কোনো ঋণ বা অন্য কোনো হিসাবে স্থানান্তর করা যাবে না।