শ্রমিক ইউনিয়নের ভোট ঘিরে চা বাগানে উৎসবের আমেজ
সারাদেশের ২৩০টি চা বাগানে একযোগে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন। এ নির্বাচন ঘিরে মৌলভীবাজারের চা বাগানগুলোয় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
শনিবার সকাল ৮টা থেকে এ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে, বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে সকাল থেকেই চা শ্রমিকরা দল বেঁধে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
ফলে দুপুরের মধ্যেউ ৬০ শতাংশের বেশি ভোট প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন বুরবুরিয়া চা বাগান কেন্দ্রের প্রিজাইডিং অফিসার অনুপ দত্ত।
দীর্ঘদিন পর নিজেদের পছন্দের নেতৃত্ব নির্বাচনের সুযোগ পেয়ে চা শ্রমিকদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিভিন্ন ভোটকেন্দ্রগুলোর বাইরে দেখা গেছে উৎসুক জনতা, প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকদের উপস্থিতি।
সকাল থেকেই মৌলভীবাজারে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল ও মৌলভীবাজার জেলার প্রধান রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।
সারাদেশের ২৩০টি চা বাগানে একযোগে অনুষ্ঠিত এ নির্বাচনে কেন্দ্রীয় সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পংকজ কন্দ ও রাজু গোয়ালা। সাধারণ সম্পাদক পদে লড়ছেন পরেশ কালিন্দী, নিপেন পাল ও মুকেশ কর্মকার।
১ লাখ ৪৮ হাজার চা শ্রমিক ভোটাধিকার প্রয়োগ করে তাদের মধ্য থেকে নির্বাচিত করবেন নিজেদের পরবর্তী নেতৃত্ব।
চা শ্রমিকদের প্রত্যাশা, নির্বাচনের মাধ্যমে এমন নেতৃত্ব নির্বাচিত হবে, যারা তাদের সুখে-দুঃখে পাশে থেকে শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করবেন।
