২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

বীমা খাতে যখন হাত দিয়েছি, ‘পাওয়ারফুল’ লোকজন বাধা দিতে শুরু করেছে: অর্থমন্ত্রী

“আমি আগেও বলেছি, সাহস করে কিছু কথা বলতে হবেতো,” বলেন তিনি।

বীমা খাতে যখন হাত দিয়েছি, ‘পাওয়ারফুল’ লোকজন বাধা দিতে শুরু করেছে: অর্থমন্ত্রী

রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 01:30 PM

Updated : 28 Nov 2026, 01:30 PM

দেশের বীমা খাত নিয়ে কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, তা তুলে ধরে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এটি ব্যাংকিং ব্যবস্থার চেয়ে ‘ভালো কিছু নয়’।

তিনি বলেন, বীমা খাতে যখন হাত দিয়েছেন, সব ‘পাওয়ারফুল’ লোকজন বাধা দিতে শুরু করেছে।

শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে বীমা ও ব্যাংকিং ব্যবস্থা ছাড়াও কাস্টমস, জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর নিয়ে কথা বলেন অর্থমন্ত্রী।

বীমা খাতের অবস্থা ‘ব্যাংকিং ব্যবস্থার মতোই ভালো কিছু নয়’ মন্তব্য করে আমির খসরু বলেন, “ব্যাংকিং সিস্টেমটা যে জায়গায় গিয়েছে, ইনস্যুরেন্সও কিন্তু একই জায়গায় গিয়েছে।”

তিনি বলেন, “কিন্তু আমি যখনই ইনস্যুরেন্স সেক্টরে হাত দিলাম, দেখলাম যে একই অবস্থা। ইনস্যুরেন্স কোম্পানিগুলো মিসইউজ করেছে। আপনার ক্লেইম পেমেন্ট করছে না, কিন্তু নিজেরা প্রপার্টি কিনেছে।

“নিজেরা বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করছে, পার্সোনালি ইনভেস্টমেন্ট করছে, আবার ইনস্যুরেন্সের টাকাও ইনভেস্টমেন্ট করছে। মানে, কী যে একটা অবস্থা।”

অর্থমন্ত্রী বলেন, “এখন এইখানে আমরা যখন হাত দিয়েছি, সব পাওয়ারফুল লোকজন আবার রেজিস্ট করতে আরম্ভ করছে। কারণ তারা অনেক দিন ধরেই অতিরিক্ত সুবিধা নিচ্ছে। আপনি যেখানে হাত দেবেন, সেখানেই সমস্যা।”

বীমা খাতে অনিয়মের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, একটি আমদানি চালানের বিপরীতে ২০ লাখ টাকা প্রিমিয়াম পাওয়ার কথা থাকলেও তা পরিশোধ করা হয়নি। অথচ বীমা সুরক্ষা ব্যবহার করে পণ্য আমদানি করা হয়েছে।

“পণ্য দেশে আসার পরও প্রিমিয়াম জমা না দেওয়ার ঘটনা ঘটছে। এতে সরকারের রাজস্ব আসছে না, বীমা কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সামগ্রিক আর্থিক ব্যবস্থায় অনিয়মের সুযোগ তৈরি হচ্ছে।”

আমির খসরু বলেন, “আমরা যখন এসব বিষয়ে হাত দিচ্ছি, তখন অনেক সমস্যা সামনে আসছে। শুধু বীমা খাত নয়, ব্যাক-টু-ব্যাক এলসিসহ বিভিন্ন ক্ষেত্রেও তথ্যের সমন্বয় ও স্বচ্ছতার ঘাটতি রয়েছে। এসব সমস্যা দূর করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে একই ব্যবস্থার আওতায় আনতে হবে।”

কাস্টমস ও এনবিআর নিয়ে তিনি বলেন, দেশ-বিদেশের যেখানে যান সেখানেই আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত কাস্টমস এবং জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর সম্বন্ধে ‘নেতিবাচক’ কথা শুনতে হয়।

মন্ত্রী ভাষ্য, “আমি শুধুমাত্র একটা বিষয় আপনাদের সবাইকে বলব যে, আমি নিজেও চেষ্টা করছি, প্রাইম মিনিস্টার চেষ্টা করছেন, গভর্নর চেষ্টা করছেন। যেটা হচ্ছে, যেকোনো প্রক্রিয়া অংশীজনদের সঙ্গে পরামর্শ করে করতে হবে। আমরা সকল স্টেকহোল্ডারদের সঙ্গে প্রতিনিয়ত আলোচনা করতে আগ্রহী।”

শুধু এনবিআর না, সবকিছুর বিষয়ে পরামর্শ গ্রহণ প্রক্রিয়া চালিয়ে যেতে চান তুলে ধরে আমির খসরু বলেন, “আমি আগেও বলেছি, সাহস করে কিছু কথা বলতে হবেতো। সংস্কার নিয়ে সরকার যতই জোরালো উদ্যোগ বা আগাম প্রস্তুতি নিক না কেন, অংশীজনরা এগিয়ে না এলে তা হবে না।”

সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার সংস্কার করতে প্রস্তুত আছে, ‘বেদনাদায়ক’ সিদ্ধান্ত নিতে প্রস্তুত আছে।

অর্থমন্ত্রী বলেন, সেই ‘বেদনাদায়ক’ সিদ্ধান্ত নিয়ে যদি দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, দেশের মানুষ ভালো থাকে, সেটাকে রাজনৈতিক সরকারের কর্তব্য মনে করেন তিনি।

দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে ‘লোকাল এলসির’ তথ্য আদান প্রদান আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করার প্লাটফর্ম ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট-বার্তা’ এর উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।