২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিতে বাঁধনের ওপর হামলা: তিন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ

এ নিয়ে প্রবাসীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ইতালিতে বাঁধনের ওপর হামলা: তিন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ

ঘটনার পরপরই ফেইসবুক লাইভে এসে এ বিষয়ে অভিযোগ করেন বাঁধন।

সাইফুল ইসলাম, ইতালি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 01:28 PM

Updated : 28 Nov 2026, 01:28 PM

ইতালির ভেনিসে বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির পুলিশ।

তারা হলেন ইলিয়াস হোসেন, মুহাম্মদ বিপুল ও মনির হাওলাদার। এসময় একজন বাংলাদেশি দোভাষীও উপস্থিত ছিলেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার ভেনিসে পুলিশের একটি কার্যালয়ে তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

তদন্ত চলমান থাকায় এবং বিষয়টি নিয়ে ইতালির আইনি বিধিনিষেধের কথা বিবেচনায় নিয়ে পুলিশ কিংবা ইতালিপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির কেউ এ বিষয়ে মন্তব্য বা তথ্য দিতে রাজি হননি।

তবে বিডিনিউজ টোয়েন্টিফোরের পাওয়া তথ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদের সময় তিনজনের ব্যবহৃত মোবাইল ফোন পুলিশের হেফাজতে নেওয়া হয়। তবে কী কারণে ফোনগুলো নেওয়া হয়েছে এবং সেগুলো আনুষ্ঠানিকভাবে জব্দ করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গত সেপ্টেম্বর মাসে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালি যান আজমেরী হক বাঁধন। ৮ সেপ্টেম্বর গভীর রাতে ভেনিসের মেস্ত্রে এলাকায় স্বজনদের সঙ্গে অবস্থানকালে একদল বাংলাদেশির বিরুদ্ধে তাকে শারীরিকভাবে হেনস্তা ও হামলার অভিযোগ ওঠে।

ঘটনার পরপরই ফেইসবুক লাইভে এসে এ বিষয়ে অভিযোগ করেন বাঁধন। পরে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তিন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ এবং তাদের মোবাইল ফোন পুলিশের হেফাজতে নেওয়ার খবর প্রকাশ্যে আসার পর ঘটনাটি নিয়ে ইতালিপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।