২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতে অবৈধভাবে পশু জবাই, আবারও বাংলাদেশি আটক

এর আগে তিন বাংলাদেশিকে আটক করেছিল দেশটির নিরাপত্তা বাহিনী।

কুয়েতে অবৈধভাবে পশু জবাই, আবারও বাংলাদেশি আটক

প্রতিবেদনে আটক ব্যক্তির নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি, ছবি: আরব টাইমস কুয়েত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 11:51 AM

Updated : 25 Nov 2026, 11:51 AM

কুয়েতের কাবদ এলাকায় তাঁবুর ভেতর অনুমোদনহীন কসাইখানা পরিচালনার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

মঙ্গলবার আরব টাইমস কুয়েতের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে আটক ব্যক্তির নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়, কুয়েতের অপরাধ তদন্ত বিভাগের জাহরা গভর্নরেট শাখার কাবদ তদন্ত কার্যালয় গোপন তথ্যের ভিত্তিতে নজরদারি চালিয়ে ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করে।

তদন্তে কর্মকর্তারা দেখতে পান, ওই ব্যক্তি তাঁবুর ভেতর গবাদিপশু জবাই করে ক্রেতাদের কাছে মাংস বিক্রি করছেন। সেখানে পশু জবাই ও মাংস বিক্রির জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য ও নিরাপত্তাব্যবস্থার কোনো ব্যবস্থা ছিল না।

জবাই ও বিক্রির কাজ চলার সময়ই তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিক্রির অর্থ বলে ধারণা করা হচ্ছে, এমন কিছু নগদ টাকাও উদ্ধার করা হয়।

তদন্তে আরও জানা যায়, ওই বাংলাদেশি কুয়েতের আবাসন আইনও লঙ্ঘন করেছেন।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে। অবৈধ কর্মকাণ্ড বন্ধ এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

এর আগে গত ২৫ অক্টোবর জাহরার বার রাহিয়া এলাকায় দুটি অবৈধ কসাইখানা পরিচালনার অভিযোগে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছিল কুয়েতের নিরাপত্তা বাহিনী। ওই দুটি স্থাপনায় প্রয়োজনীয় অনুমোদন ও স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই পশু জবাই করা হতো বলে অভিযোগ রয়েছে।