০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

কুয়েতে নিরাপত্তাপ্রহরী হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

খবর পাওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়।

কুয়েতে নিরাপত্তাপ্রহরী হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

ছবি: দ্য টাইমস কুয়েত

আ হ জুবেদ, কুয়েত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Nov 2026, 01:40 PM

Updated : 02 Nov 2026, 01:40 PM

কুয়েতের আল মুতলায় নির্মাণাধীন একটি ভবনে নিরাপত্তাপ্রহরীকে হত্যার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ঘটনার খবর পাওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার দেশটির গণমাধ্যম ‘দ্য টাইমস কুয়েত’-এর একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। তবে নিহত ব্যক্তি ও সন্দেহভাজনের নাম-পরিচয় উল্লেখ করা হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকালে আল মুতলায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে এক নিরাপত্তাপ্রহরীর লাশ উদ্ধারের খবর পায় কর্তৃপক্ষ। পরে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও তদন্ত শুরু করেন।

জাহরা অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তারা জননিরাপত্তা বিভাগের সঙ্গে সমন্বয় করে তদন্ত চালান। এতে ওই ভবনের সাবেক এক নিরাপত্তাপ্রহরীর সংশ্লিষ্টতা উঠে আসে। ঘটনার একদিন আগে চাকরি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল। নিহত প্রহরীর স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি।

প্রতিবেদনে বলা হয়, আবাসিক ভিসার মেয়াদ শেষ হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ওই ব্যক্তি রাজধানীর শার্ক থানায় আত্মসমর্পণ করেছিলেন। হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা প্রকাশ পাওয়ার আগেই দেশ থেকে বহিষ্কৃত হওয়ার উদ্দেশ্যে তিনি থানায় আত্মসমর্পণ করে থাকতে পারেন বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিহত প্রহরীর সঙ্গে বিরোধের জেরে তিনি এ হত্যাকাণ্ড ঘটান।

নিহত ব্যক্তি তার স্থলাভিষিক্ত হওয়ায় তাদের মধ্যে বিরোধ তৈরি হয়েছিল। একপর্যায়ে কাঠের একটি বস্তু ও ছুরি দিয়ে হামলা চালিয়ে তাকে হত্যা করেন বলে স্বীকারোক্তিতে জানিয়েছেন সন্দেহভাজন।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সন্দেহভাজনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।