২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 08:14 PM

Updated : 22 Nov 2026, 08:14 PM

কার্যক্রমে নিষিদ্ধ থাকা সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরের বেনাপোল স্থলবন্দরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন হ্যান্ডলিং শ্রমিকরা।

রোববার সকালে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সকালে বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শ্রমিকরা সমাবেশে মিলিত হন।

সমাবেশে বক্তারা বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এ বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে কোনো কার্যক্রম নিষিদ্ধ থাকা সংগঠন সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে শ্রমিক সমাজ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।

বন্দরের শান্তিপূর্ণ পরিবেশ ও স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে শ্রমিকরা সবসময় সচেষ্ট থাকবেন বলেও জানান তারা। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে আমদানি-রপ্তানি কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

কর্মসূচিতে নেতৃত্ব দেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সভাপতি তবিবুর রহমান তবি, সাধারণ সম্পাদক শহিদ আলী, ইউনিয়ন ৮৯১-এর সভাপতি মাকছুদুর রহমান রেন্টু ও সাধারণ সম্পাদক লিটন হোসেন।

এ সময় দুই শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।