২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়াস কাঞ্চন কেমন আছেন? সর্বশেষ অবস্থা জানালেন রোজিনা

মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর ২০২৫ সালের এপ্রিল থেকে যুক্তরাজ্যের লন্ডনে মেয়ের বাসায় থাকছেন ইলিয়াস কাঞ্চন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 08:11 PM

Updated : 22 Nov 2026, 08:11 PM

ঢাকাই সিনেমার এক সময়ের নায়ক ইলিয়াস কাঞ্চন আগের চাইতে ‘ভালো আছেন’ বলে জানিয়েছেন চিত্রনায়িকা রোজিনা।

সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে মেয়ের বাসায় তার সঙ্গে দেখা করেছেন অভিনেত্রী।

ফেইসবুকে ইলিয়াসের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে অভিনেতার শারীরিক অবস্থার কথা জানিয়েছেন তার এক সময়ের সহকর্মী।

রোজিনা লিখেছেন, “আপনারা সবাই জানেন আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। অনেক অনেক মাস থেকেই অসুস্থ উনি চিকিৎসা করছেন লন্ডনে। কাঞ্চন আছেন লন্ডনে ওনার মেয়ের বাসায়।”

ইলিয়াস কাঞ্চন কবে ঢাকায় ফিরবেন, সেভাসও মিলেছে রোজিনার পোস্টে।

“আমি গিয়েছিলাম দেখতে। আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনাদের দোয়ায় আগের চেয়ে অনেক ভালো আছে আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করলাম। অতি শিগগিরই দেশে ফিরে আসবেন। আপনারা সবাই কাঞ্চনের জন্য দোয়া করবেন।”

মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর ২০২৫ সালের এপ্রিল থেকে যুক্তরাজ্যের লন্ডনে মেয়ের বাসায় থাকছেন ইলিয়াস কাঞ্চন। সেখানে হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচারের পর দুই ধাপে কেমোথেরাপি দেওয়া হয়।

১৫ মাসেরও বেশি সময় লন্ডনে চিকিৎসা নেওয়ার পর তিনি দেশে ফিরেছিলেন। সেসময়ও গুলশানের বাসায় তাকে দেখতে গিয়েছিলেন রোজিনা, সহশিল্পীর সঙ্গে সেদিন সময় কাটান ঘণ্টাখানেক তিনি।

এরপর এক সপ্তাহের বেশি সময় দেশে কাটিয়ে গত ১২ অগাস্ট চিকিৎসার জন্য ফের যুক্তরাজ্যে যান ইলিয়াস কাঞ্চন।

কিছুদিন আগে ইলিয়াস কাঞ্চনের সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) এর মহাসচিব লিটন এরশাদ বলেছিলেন, অভিনেতার শারীরিক অবস্থা অনেকটাই উন্নত ও স্থিতিশীল। এ দফায় দেশ থেকে যাওয়ার পর থেকেই তিনি সুস্থ আছে, মাঝে কয়েকটা কিছুটা অসুস্থতা দেখা দিলেও চিকিৎসকেরা তার ওষুধ পরিবর্তন করার পর বর্তমানে তিনি আবার স্থিতিশীল আছেন।

তিনি বলেছিলেন, “চিকিৎসকরা তার এমআরআইসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যবেক্ষণ করছেন। প্রয়োজনীয়তা বিবেচনায় তাকে ইমিউনোথেরাপি দেওয়া হতে পারে।”

তবে আপাতত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ওষুধের মাধ্যমেই চিকিৎসা চলছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার বিষয়টি নিয়ে তার ছোট ছেলে ও নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় জানিয়েছিলেন, টিউমারটির অবস্থান মস্তিষ্কের অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্নায়ুসংযোগে হওয়ায় চিকিৎসকেরা তা পুরোপুরি অপসারণ করতে পারেননি।

তিনি বলেন, “পুরো টিউমার কাটতে গেলে বাকশক্তি হারানো বা পক্ষাঘাতগ্রস্ত হওয়ার মত বড় ঝুঁকির আশঙ্কা ছিল। পরবর্তীতে বায়োপসি ও পরীক্ষা-নিরীক্ষায় চিকিৎসকরা নিশ্চিত করেন যে তিনি ব্রেইন ক্যানসারে আক্রান্ত। অস্ত্রোপচারের পর তাকে টানা তিন মাসেরও বেশি সময় কেমোথেরাপি এবং ওরাল থেরাপি নিতে হয়েছে।”

দীর্ঘমেয়াদী চিকিৎসার কারণে এই প্রবীণ অভিনেতার শারীরিক দুর্বলতা রয়ে গেছে এবং স্বাভাবিকভাবে গুছিয়ে কথা বলতে কিছুটা সমস্যা হচ্ছে।

১৯৭৭ সালে সুভাষ দত্তের ‘বসুন্ধরা’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন ইলিয়াস কাঞ্চন। প্রায় তিন দশকের অভিনয় জীবনে কয়েকশ সিনেমায় কাজ করেছেন তিনি। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘বেদের মেয়ে জোসনা’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান।

১৯৯৩ সালের ২২ অক্টোবর এক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারানোর পর থেকে তিনি দেশে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেন এবং গড়ে তোলেন সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’।

পুরনো খবর:

লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন, শুরু হবে চিকিৎসার নতুন ধাপ
ইলিয়াস কাঞ্চন ভালো আছেন, মৃত্যুর খবরে নিসচার ক্ষোভ
ইলিয়াস কাঞ্চনের অবস্থা ‘স্থিতিশীল’, ঠিক হয়নি ফেরার তারিখ
ইলিয়াস কাঞ্চন এখনো ‘পুরোপুরি সুস্থ নয়’, দেখা করলেন রোজিনা