৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

কুয়েতে চার গাড়ির সংঘর্ষে বাংলাদেশি ডেলিভারি কর্মী নিহত

আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও পরে তিনি মারা যান।

কুয়েতে চার গাড়ির সংঘর্ষে বাংলাদেশি ডেলিভারি কর্মী নিহত

প্রতীকী ছবি, আরব টাইমস, কুয়েত।

আ হ জুবেদ, কুয়েত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 31 Oct 2026, 12:09 PM

Updated : 31 Oct 2026, 12:09 PM

পশ্চিম এশিয়ার পারস্য উপসাগরের তীরের দেশ কুয়েতে চার গাড়ির সংঘর্ষে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

পেশায় ডেলিভারি কর্মী এ প্রবাসীর জন্মসাল ২০০২। তার বিস্তারিত পরিচয় এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি।

বুধবার কুয়েতের আদান এলাকায় একটি অভ্যন্তরীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সংবাদ প্রকাশ করেছে ‘আরব টাইমস, কুয়েত’।

প্রতিবেদন অনুযায়ী, চারটি গাড়ির সংঘর্ষে এক বাংলাদেশি ডেলিভারি কর্মী নিহত হয়েছেন। ওই প্রবাসী যুবক একটি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনার শিকার হন।

আহত অবস্থায় তাকে আদান হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হলেও পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপারেশনস রুমের বরাত দিয়ে প্রকাশিত সংবাদে আরও বলা হয়, এই সংঘর্ষের ঘটনায় ১৯৮১ সালে জন্ম নেওয়া এক কুয়েতি নাগরিকও আহত হয়েছেন। মেডিকেল রিপোর্ট অনুযায়ী তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এছাড়া চার গাড়ি সংঘাতের কারণে রাস্তার পাশে পার্ক করে রাখা দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।