২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় যাওয়ার পথে ইন্দোনেশিয়ায় আটক তিন বাংলাদেশি

ফেরত পাঠায় অস্ট্রেলীয় কর্তৃপক্ষ।

অস্ট্রেলিয়ায় যাওয়ার পথে ইন্দোনেশিয়ায় আটক তিন বাংলাদেশি

ছবি: আন্তারা নিউজ, ইন্দোনেশিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 02:00 PM

Updated : 24 Nov 2026, 02:00 PM

ইন্দোনেশিয়ায় অস্ট্রেলিয়াগামী একটি পতাকাবিহীন নৌযান থেকে তিন বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। অবৈধভাবে সমুদ্রপথে অস্ট্রেলিয়ায় প্রবেশের চেষ্টার অভিযোগে তাদের সঙ্গে নৌযানের দুই ইন্দোনেশীয় ক্রুকেও আটক করা হয়েছে।

সোমবার সকালে ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের রোতে নদাও জেলার ওবেউ বন্দরে তাদের আটক করা হয়। ইন্দোনেশিয়ার সংবাদসংস্থা আন্তারা নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তবে আটক বাংলাদেশিদের পরিচয় প্রকাশ করা হয়নি। রোতে নদাও পুলিশের জনসংযোগ বিভাগের প্রধান সেকেন্ড ইন্সপেক্টর নোফ্রিয়াদি বি তাল্লো জানান, সোমবার সকালে বন্দরে পতাকাবিহীন একটি নৌযান অবস্থান করছে এমন তথ্য পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পরে নৌযানটিতে থাকা পাঁচজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নৌযানের এক ক্রু জানান, গত ১৩ নভেম্বর ওয়াকাতোবি বন্দর থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন তারা। যাত্রার সময় নৌযানটিতে চার বাংলাদেশি ছিলেন।

পথে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ নৌযানটি আটকায়। এ সময় চার বাংলাদেশির একজনকে স্থানীয় কর্মকর্তারা নিজেদের হেফাজতে নেন। বাকি তিন বাংলাদেশি ও দুই ইন্দোনেশীয় ক্রুকে অন্য একটি নৌযানে করে ইন্দোনেশিয়ায় ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে নৌযানটি ওবেউ বন্দরে পৌঁছালে তাদের আটক করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে দুই ইন্দোনেশীয় ক্রু স্বীকার করেছেন, বাংলাদেশিদের অস্ট্রেলিয়ায় পৌঁছে দেওয়ার জন্য তারা প্রত্যেকে ৩০ লাখ ইন্দোনেশীয় রুপিয়া (প্রায় ১৬৫ মার্কিন ডলার) পেয়েছিলেন। সবাইকে অস্ট্রেলিয়ায় পৌঁছে দিতে পারলে প্রত্যেককে আরও এক কোটি রুপিয়া (প্রায় ৫৪৯ ডলার) দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

পুলিশ জানায়, এই সমুদ্রপথে মানব পাচারের ঘটনায় অর্থায়নকারী ব্যক্তি এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য রোতে নদাও পুলিশ সদর দপ্তরে রাখা হয়েছে। এ ছাড়া পতাকাবিহীন নৌযানটি আরও তদন্তের জন্য বাতুতুয়া বন্দরে নেওয়ার কথা রয়েছে।