১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

যুক্তরাজ্যে অভিবাসন অভিযানে বাংলাদেশি গ্রেপ্তার, পরে মুক্তি

ভারতীয় একটি রেস্তোরাঁয় খাবার প্যাকেট করার কাজ করেন তিনি।

যুক্তরাজ্যে অভিবাসন অভিযানে বাংলাদেশি গ্রেপ্তার, পরে মুক্তি

ছবি: দ্য গার্ডিয়ান।

আনসার আহমেদ উল্লাহ

লন্ডন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 02:33 PM

Updated : 10 Nov 2026, 02:33 PM

যুক্তরাজ্যে অভিবাসনবিরোধী অভিযানে বৈধভাবে কাজ করার অনুমতি থাকা এক বাংলাদেশি কর্মীকেও গ্রেপ্তার করেছিল দেশটির অভিবাসন কর্মকর্তারা। পরে তার বোন পরিচয়পত্র নিয়ে রেস্তোরাঁয় পৌঁছালে যাচাই শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।

নানু মিয়া নামের ওই বাংলাদেশি কর্নওয়ালের ক্যামবোর্ন শহরের ‘সুলতানজ’ নামের ভারতীয় একটি রেস্তোরাঁয় খাবার প্যাকেট করার কাজ করেন।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ সোমবার প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে এ ঘটনা তুলে ধরেছে।

ব্যুরো অব ইনভেস্টিগেটিভ জার্নালিজমের সঙ্গে যৌথভাবে করা এ অনুসন্ধানে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (হোম অফিস) কাছে তথ্য অধিকার আইনে করা আবেদনের জবাবে পাওয়া তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের শেষ সপ্তাহে ক্যামবোর্নের ওই রেস্তোরাঁয় অভিযান চালান অভিবাসন কর্মকর্তারা। ক্রেতারা যখন সেখানে বসে খাবার খাচ্ছিলেন, তখন সাধারণ পোশাকের একটি ভ্যানে করে হাজির হন কর্মকর্তারা।

রেস্তোরাঁটির মালিক সামসু আলী বলেন, ছয় বছর ধরে ব্যবসা পরিচালনা করা প্রতিষ্ঠানটিতে কর্মকর্তাদের এ অভিযান তার কাছে একধরনের ‘অনুপ্রবেশ’ বলে মনে হয়েছে। কর্মকর্তারা ভেতরে ঢোকার পর কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ রান্নাঘরের দিকে, কেউ সামনের বা পেছনের দরজার দিকে ছুটতে থাকেন।

সামসু আলীর ভাষ্য অনুযায়ী, কর্মকর্তাদের কাছে কোনো পরোয়ানা ছিল না। তারা রেস্তোরাঁয় ঢুকে কর্মীদের পরিচয় জানতে চান। এ সময় খাবার প্যাকেট করার কাজে নিয়োজিত নানু মিয়াও নিজের পরিচয় দেন। তবে তার কথা বুঝতে কর্মকর্তাদের অসুবিধা হচ্ছিল। একপর্যায়ে তাকে হাতকড়া পরিয়ে ভ্যানে তুলে নেওয়া হয়।

পরে নানু মিয়ার বোন তার পরিচয়পত্র নিয়ে রেস্তোরাঁয় পৌঁছান। সেটি যাচাই করে কর্মকর্তারা জানতে পারেন, যুক্তরাজ্যে কাজ করার বৈধ অনুমতি রয়েছে নানু মিয়ার। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়।

রেস্তোরাঁর মালিকের অভিযোগ, অভিবাসন আইন লঙ্ঘনের কোনো ঘটনা না পাওয়া গেলেও অভিযানের নেতিবাচক প্রভাব পড়েছে তাদের ব্যবসায়। অভিযানের পর থেকে ক্রেতার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এ ঘটনা নিয়ে স্থানীয় একটি ফেইসবুক গ্রুপে আলোচনার সময় বর্ণবাদী ও হুমকিমূলক মন্তব্যও করা হয়েছে।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, গত বছর যুক্তরাজ্যে কর্মস্থল, বাসাবাড়িসহ বিভিন্ন স্থানে আকস্মিক তল্লাশির মাধ্যমে মোট ২৩ হাজার ৫৩৮টি অভিবাসনবিষয়ক অভিযান চালানো হয়। অর্থাৎ দিনে গড়ে প্রায় ৬০টি অভিযান পরিচালিত হয়েছে।

এসব অভিযানের ১৫ হাজার ৫৭৮টিতে কাউকে গ্রেপ্তার করা হয়নি। মোট অভিযানের ৬৬ দশমিক ১ শতাংশ ক্ষেত্রে গ্রেপ্তারের ঘটনা ঘটেনি।

প্রতিবেদনে আরও বলা হয়, যেসব অভিযানে কোনো স্থাপনায় প্রবেশ করা হয়েছে, সেগুলোর মাত্র ২৫ দশমিক ৮১ শতাংশ ক্ষেত্রে পরোয়ানা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ প্রায় তিন-চতুর্থাংশ অভিযান পরিচালিত হয়েছে পরোয়ানা ছাড়াই।

যুক্তরাজ্যের সাবেক অভিবাসন কর্মকর্তা কেভিন বার্কার বলেন, দুর্বল তথ্য কিংবা যাচাই করা হয়নি- এমন অভিযোগের ভিত্তিতেও অনেক সময় অভিযান চালানো হয়। তার ভাষায়, “এ ধরনের তথ্যের ভিত্তিতে তল্লাশির পরোয়ানা চাওয়ার কথা নয়। কিন্তু বাস্তবে কর্মকর্তারা অনেক সময় তা উপেক্ষা করেন।”

যুক্তরাজ্যের গ্রিন পার্টির উপনেতা মোথিন আলী এসব তথ্যকে ‘উদ্বেগজনক’ বলে উল্লেখ করেছেন। তার মতে, “অভিবাসন নিয়ন্ত্রণের নামে এ ধরনের অভিযান মানুষের অধিকার ক্ষুণ্ন করছে এবং বর্ণবাদী হয়রানির পরিবেশ তৈরি করছে।” পরোয়ানা ব্যবহারের হার কমে যাওয়ায় এসব অভিযানের বৈধতা নিয়েও প্রশ্ন উঠছে বলে মন্তব্য করেন তিনি।

তবে নির্বিচারে তল্লাশি চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের দাবি, অভিযান পরিচালনার আগে গোয়েন্দা তথ্য যথাযথভাবে যাচাই করা হয়।

প্রতিবেদনে বলা হয়, শ্রমিকদের অবৈধভাবে নিয়োগের অভিযোগে অভিযান ও গ্রেপ্তারের সংখ্যা বাড়িয়েছে যুক্তরাজ্য সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে লেবার পার্টি সরকার গঠনের পর থেকে অবৈধভাবে কাজ করার অভিযোগে বিদেশি নাগরিকদের গ্রেপ্তারের সংখ্যা আগের দুই বছরের তুলনায় ১২২ শতাংশ বেড়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্রের দাবি, সাধারণ নির্বাচনের পর থেকে যুক্তরাজ্যের ইতিহাসে সর্বোচ্চ মাত্রায় অভিবাসনবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এ সময়ে অবৈধভাবে কাজ করার অভিযোগে গ্রেপ্তারের সংখ্যা ১২২ শতাংশ এবং অভিযানের সংখ্যা ১১১ শতাংশ বেড়েছে। ২০২৬ সালে অভিবাসন অভিযান ও গ্রেপ্তারের সংখ্যাও রেকর্ড পর্যায়ে পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।