০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

ইতালিতে স্কুটারের চাপায় কুকুরছানার মৃত্যু, বাংলাদেশি যুবক শনাক্ত

অভিযোগ প্রমাণিত হলে ছয় মাস থেকে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

ইতালিতে স্কুটারের চাপায় কুকুরছানার মৃত্যু, বাংলাদেশি যুবক শনাক্ত

ইতালির সংবাদমাধ্যম ‘লা গাজ্জেত্তা’ প্রকাশিত প্রতিবেদন।

সাইফুল ইসলাম, ইতালি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Nov 2026, 01:51 AM

Updated : 07 Nov 2026, 01:51 AM

ইতালির মেস্ত্রে শহরে ইলেকট্রিক স্কুটারের (মনোপাত্তিনো) চাপায় তিন মাস বয়সি ‘চোকো’ নামের একটি কুকুরছানার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চালককে শনাক্ত করেছে পুলিশ।

৩০ বছর বয়সি ওই যুবক বাংলাদেশি বংশোদ্ভূত। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রাণী হত্যার অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে।

বৃহস্পতিবার ইতালির সংবাদমাধ্যম ‘লা গাজ্জেত্তা’ প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার দুপুরে ভেনিসের মেস্ত্রে এলাকার পার্কো ত্রা ভিয়া কোস্তা ও ভিয়া আলেয়ার্দির মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। ওই সময় কুকুরটির মালিক সিলভিয়া তার তিন মাস বয়সি ডাচহাউন্ড প্রজাতির কুকুরছানা চোকোকে নিয়ে হাঁটছিলেন।

হাঁটার একপর্যায়ে একটি ইলেকট্রিক স্কুটারে থাকা দুই ব্যক্তি কুকুরছানাটিকে ধাক্কা দেন। স্কুটারটির পেছনের চাকা কুকুরছানাটির ওপর দিয়ে চলে যায়। এতে আহত হয় চোকো।

পরে পশুচিকিৎসাকেন্দ্রে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। দুর্ঘটনার পর স্কুটারচালক ও তার সঙ্গে থাকা ব্যক্তি ঘটনাস্থলে না থেমে চলে যান।

ঘটনার পর কুকুরটির মালিকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ভেনিসের স্থানীয় পুলিশ। শহরের বিভিন্ন স্থানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে স্কুটারটির চলাচলের পথ শনাক্ত করা হয়। পরে কয়েক ঘণ্টার তদন্তে চালকের পরিচয় নিশ্চিত করেন পুলিশের ফরেনসিক তদন্ত বিভাগের সদস্যরা। শনাক্ত হওয়ার পর ওই যুবকের বিরুদ্ধে প্রাণী হত্যার অভিযোগ আনা হয়।

ইতালির দণ্ডবিধির ৫৪৪-বিস ধারা অনুযায়ী, নিষ্ঠুরতা বা প্রয়োজন ছাড়া কোনো প্রাণীর মৃত্যুর কারণ হলে ছয় মাস থেকে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড এবং ৫ হাজার থেকে ৩০ হাজার ইউরো পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। ২০২৫ সালের পহেলা জুলাই থেকে কার্যকর হওয়া সংশোধিত আইনে এ শাস্তি নির্ধারণ করা হয়েছে।

এদিকে, চোকোর মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মেস্ত্রের মেয়র সিমোনে ভেন্তুরিনি। তিনি বলেছেন, “ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ইলেকট্রিক স্কুটার চলাচলের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ ও নজরদারি প্রয়োজন।” অভিযুক্তের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় পৌরসভা বাদী পক্ষ হিসেবে অংশ নেওয়ারও আগ্রহ প্রকাশ করেছে তিনি।

কুকুরটির মালিক সিলভিয়াও ঘটনার বিচার দাবি করেছেন। তার ভাষ্য, এ ধরনের ঘটনা শহরের নিরাপত্তা ও নাগরিক দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছে। তিনি বলেন, “স্কুটারচালক ও তার সঙ্গী কুকুরছানাটিকে চাপা দেওয়ার পরও থামেননি বা কোনো সহায়তা করেননি।”

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ভেনেতো অঞ্চলের সাবেক গভর্নর লুকা জাইয়াও চোকোর মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়েছেন। তিনি ঘটনার যথাযথ তদন্ত, দায়ী ব্যক্তির বিচার এবং ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।