তরঙ্গ নবায়নে আরও ১ মাস সময় পেল তিন মোবাইল অপারেটর
এই বাড়তি সময়ের তরঙ্গের দাম পরিশোধ করতে হবে পরবর্তী সময়ে নির্ধারিত হওয়া মূল্য ধরে।
তরঙ্গ নবায়নে তিন মোবাইল ফোন অপারেটরকে আরও এক মাস সময় দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
দেশের বেসরকারি এই তিন অপারেটরের ৭৯ দশমিক ২ মেগাহার্টজ তরঙ্গের (স্পেক্ট্রাম) মেয়াদ শেষ হওয়ার কথা ছিল বুধবার।
তবে তরঙ্গমূল্য নির্ধারণ ও যথাসময়ে নিলাম না হওয়ায় মঙ্গলবার তিন অপারেটরকে চিঠি দিয়ে এক মাস করে সময় বাড়িয়ে দেয় নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
১৫ বছর আগে নিলামের মাধ্যমে দেশের তিন বেসরকারি মোবাইল অপারেটর— গ্রামীণফোন, রবি ও বাংলালিংককে ওই তরঙ্গ বরাদ্দ দেয় বিটিআরসি। এবার তরঙ্গের দাম কমানো নিয়ে সরকারের ওপর চাপ তৈরি করতে চায় অপারেটরগুলো।
তাদের ভাষ্য, সরকার ১৫ বছরের দামে ২০ বছরের সুবিধা দিতে পারে অথবা দাম কমিয়ে বেশি পরিমাণে তরঙ্গ বরাদ্দ নেওয়ার সুযোগ দিতে পারে, যেন আগামী বছরগুলোতে এআইয়ের বিষয়টি মাথায় রেখে মাত্রাতিরিক্ত চাহিদা সামলানো যায়।
বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী মঙ্গলবার বলেন, “ওদের মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু এখনও তরঙ্গের দাম চুড়ান্ত না হওয়ায় নিলাম করা যায়নি। যার কারণে মঙ্গলবারই তাদের চিঠি দিয়ে একমাস করে মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে। এই বাড়তি মেয়াদে তরঙ্গের দাম তারা পরিশোধ করবেন পরবর্তীতে নির্ধারিত হওয়া তরঙ্গমূল্য ধরে।”
বর্তমানে গ্রামীণফোনের ৮ কোটি ৪৪ লাখ গ্রাহকের জন্য রয়েছে ১৩৭ দশমিক ৪ মেগাহার্টজ (প্রতি লাখে ০ দশমিক ১৬ মেগাহার্টজ), রবির ৫ কোটি ৭৪ লাখ গ্রাহকের জন্য ১২৪ মেগাহার্টজ (০.২২ মেগাহার্টজ) এবং বাংলালিংকের ৩ কোটি ৭৪ লাখ গ্রাহকের জন্য ৮০ মেগাহার্টজ (০.২১ মেগাহার্টজ) স্পেকট্রাম রয়েছে। আর সরকারি অপারেটর টেলিটকের হাতে ৭০০, ৯০০, ১৮০০, ২১০০ ও ২৩০০ মেগাহার্টজ ব্যান্ড মিলিয়ে মোট ৬৫ দশমিক ২ মেগাহার্টজ স্পেকট্রাম রয়েছে। তাদের গ্রাহক সংখ্যা প্রায় ৬৮ লাখ।
এর মধ্যে গ্রামীণফোনকে ৩২ দশমিক ৪ মেগাহার্টজ, রবিকে ২৯ দশমিক ৪ ও বাংলালিংকে ২১ মেগাহার্টজ তরঙ্গ নবায়ন করতে হবে।
আর এবারই প্রথম তরঙ্গের দাম নির্ধারণের জন্য গবেষণা করে সরকারকে একটি প্রস্তাব দিয়েছে বিটিআরসি। তবে গত ৫ নভেম্বর দেশের তিনটি শীর্ষ মোবাইল অপারেটর সংবাদ সম্মেলন করে বলেছে, নিলামের আগে তারা আরও আলোচনা চায়। পাশাপাশি সামনের দিনগুলোতে দেশে মোবাইল ইন্টারনেটের চাহিদা এখনকার চেয়ে কয়েক গুণ বাড়বে। এ যুক্তিতে অপারেটররা অনেকটা পাইকারি দরে বেশি পরিমাণে তরঙ্গের বরাদ্দ চাইছেন। ১৫ বছর মেয়াদে বিটিআরসি যে দাম ধরেছে, সেই দামে ২০ বছর সুবিধা পাওয়ার দাবিও তুলেছে অপারেটররা।
৫ নভেম্বরের সংবাদ সম্মেলনে অপারেটরদের পক্ষ থেকে রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম একটি হিসাব দিয়ে বলেন, “১৮০০ ব্যান্ডের প্রতি মেগাহার্জ স্পেকট্রাম ১৫ বছরের জন্য বরাদ্দের দর ১৯৮ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। আন্তর্জাতিকভাবে এটা অনেক বেশি। স্পেক্ট্রামের অতিরিক্ত দাম ছাড়াও টেলকো খাতের অন্যান্য কর ও শুল্কও অনেক অনেক বেশি। দেখা যাচ্ছে, টেলিকম অপারেটরদের প্রতি ১০০ টাকা আয়ে ৫৬ টাকা সরকারের কাছেই চলে যায়।”
