২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

নান্দাইল দীঘির পাড়ে ‘ইত্যাদি’, কী থাকছে এবারের পর্বে?

জেলার তিন বাকপ্রতিবন্ধী ভাইকে নিয়ে অনুপ্রেরণামূলক প্রতিবেদন রয়েছে এ পর্বে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Nov 2026, 02:11 PM

Updated : 27 Nov 2026, 02:11 PM

সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে ধারণ করা দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব প্রচার হচ্ছে শুক্রবার রাতে।

কালাই উপজেলার সপ্তদশ শতাব্দীতে খনন করা ঐতিহাসিক নান্দাইল দীঘির কোল ঘেঁষে নান্দাইল দীঘি কলেজ প্রাঙ্গণে নির্মিত মঞ্চে পর্বটি ধারণ করা হয়েছে।

বাংলাদেশ টেলিভিশন-বিটিভির পর্দায় রাত ৮টার বাংলা সংবাদের পর দেখা যাবে এই পর্বটি। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

ফাগুন অডিও ভিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবারের পর্বে জয়পুরহাটকে বেছে নেয় ‘ইত্যাদি’। আয়োজনকে ঘিরে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে শৃঙ্খলার সঙ্গে দর্শকদের মধ্যে আমন্ত্রণপত্র বিতরণ করা হলেও নির্ধারিত সময়ের আগেই মূল প্রাঙ্গণ দর্শকে পূর্ণ হয়ে যায়।

কালাই ছাড়াও জেলার অন্যান্য উপজেলা ও আশপাশের জেলা থেকে হাজারো মানুষ অনুষ্ঠানে অংশ নেন। ভেতরে জায়গা না হওয়ায় অনেক দর্শক আশপাশের ভবনের ছাদ, সংলগ্ন সড়ক, দেয়াল এবং গাছের ডালে বসে অনুষ্ঠান উপভোগ করেন।

এবারের পর্বে রয়েছে তিনটি গান। জয়পুরহাটের সন্তান সংগীতশিল্পী খুরশীদ আলমের দর্শকপ্রিয় তিনটি গানের সমন্বয়ে একটি সংকলিত গান থাকছে।

‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি গান নতুন সংগীতায়োজনে গেয়েছেন জয়পুরহাটের সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা ও নওগাঁর ইয়াসমিন মুশতারি।

দুইটি গানেরই সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।

এ ছাড়া জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতি নিয়ে মনিরুজ্জামান পলাশের লেখা দ্বৈতকণ্ঠের গানে কণ্ঠ দিয়েছেন রাশেদ ও স্বীকৃতি। এর সুর ও সংগীতায়োজনও করেছেন উজ্জ্বল সিনহা। গানটির সঙ্গে স্থানীয় নৃত্যশিল্পীরা নৃত্যে অংশ নেন এস কে জাহিদের পরিচালনায়।

দর্শকপর্বে প্রশ্নোত্তরের মাধ্যমে চারজনকে নির্বাচন করা হয়, যারা দ্বিতীয় পর্বে জয়পুরহাটের পরিচিত পণ্য ‘লতিরাজ কচু’ ও ‘সোনালি মুরগি’ নিয়ে রচিত একটি নাট্যাংশে স্থানীয় ভাষায় অভিনয় করেন।

অনুষ্ঠানে জয়পুরহাটের কৃষি, পোল্ট্রি শিল্প, ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থান নিয়ে একটি তথ্যভিত্তিক প্রতিবেদন রাখা হয়েছে।

পাশাপাশি রয়েছে জেলার তিন বাকপ্রতিবন্ধী ভাইকে নিয়ে অনুপ্রেরণামূলক প্রতিবেদন, সদর উপজেলার দোগাছী ইউনিয়নের শিল্পী প্রসেনজিৎ বর্মনের ওপর প্রতিবেদন যিনি মাটির ক্যানভাসে ছাই দিয়ে প্রকৃতির দৃশ্য ফুটিয়ে তোলেন এবং যশোরের কেশবপুরের ক্ষুদ্র কৃষক ও মুদি ব্যবসায়ী লিয়াকত আলীর চিকিৎসাসেবা দেওয়ার মানবিক উদ্যোগ নিয়ে প্রতিবেদন।

নিয়মিত চিঠিপত্র, ‘কাকেম টিভির রিপোর্টার ও নাতীর প্রাণবন্ত আলাপ’ এবং সামাজিক অসংগতি ও সমসাময়িক বিষয় নিয়ে বেশ কয়েকটি বিদ্রূপাত্মক নাট্যাংশও থাকছে এবারের পর্বে।

বিভিন্ন অংশে অভিনয় ও অংশগ্রহণ করেছেন সোলায়মান খোকা, মাসুম বাসার, মীর নাসিমুল ইসলাম সেলিম, শুভাশীষ ভৌমিক, আব্দুল আজিজ, মিলি বাসার, বড়দা মিঠু, জিল্লুর রহমান, তারেদ ইমরুল চন্দন, আমিন আজাদ, আনোয়ার শাহী, শাহেদ আলী, মামুনুল হক টুটু, নিপু, মুকুল সিরাজ, সুবর্ণা মজুমদার, আশরাফুল আলম সোহাগ, সুমন পাটোয়ারী, রাজীব সাইনাইন, আনন্দ খালেদ, তারিক স্বপন, আবু হেনা রনি, এমএমবি রাজু, নূর এ আলম নয়ন, সাবরিনা নিসা, শাওন মজুমদার, সুজাত শিমুল, নজরুল ইসলাম, আনোয়ারুল আলম সজল, হানিফ পালোয়ান ও বেলাল আহমেদ মুরাদসহ অনেকে।

‘ইত্যাদি’র শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকুল আনোয়ার মুকুল, সহকারী পরিচালক হিসেবে ছিলেন রানা সরকার ও মোহাম্মদ মামুন।