০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

কুমার বিশ্বজিৎ ও চিশতী বাউলের দেখা মিলবে ‘ইত্যাদিতে’

সোনারগাঁয়ে ধারণ করা এই মূল পর্বের পাশাপাশি বিগত কয়েকটি পর্বের নির্বাচিত কিছু অংশ নিয়ে সাজানো হয়েছে এবারের সংকলিত পর্বটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Nov 2026, 10:53 AM

Updated : 06 Nov 2026, 10:53 AM

মসলিন নগরী হিসেবে খ্যাত নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ধারণ করা ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি সংকলিত পর্ব নতুন করে আবারও প্রচারে আসছে।

শুক্রবার রাত ৮টার সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) পর্বটি দেখা যাবে।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

ফাগুন অডিও ভিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে,নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে বড় সর্দারবাড়ির সামনে ইত্যাদি’র এই পর্বটি ধারণ করা হয়েছিল।

শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম 'সংগ্রাম'-এর আদলে তৈরি ভাস্কর্যকে ঘিরে বসানো হয়েছিল আমন্ত্রিত কয়েক হাজার দর্শককে। সোনারগাঁয়ে ধারণকৃত এই মূল পর্বের পাশাপাশি বিগত কয়েকটি পর্বের নির্বাচিত কিছু অংশ নিয়ে সাজানো হয়েছে এবারের সংকলিত পর্বটি।

এবারের পর্বে থাকছে মূল তিনটি গান। মানুষের নিজের শিকড় খোঁজার আকুতি নিয়ে একটি বিশেষ গান গেয়েছেন দুই ধারার দুই জনপ্রিয় শিল্পী কুমার বিশ্বজিৎ ও চিশতী বাউল।

মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইবরাহীম টিপু।

সোনারগাঁয়ের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে মনিরুজ্জামান পলাশের লেখা একটি পরিচিতিমূলক গানের সঙ্গে স্থানীয় অর্ধশতাধিক নৃত্যশিল্পী পরিবেশন করেছেন চমৎকার নৃত্য।

এ ছাড়া ২০০৩ সালের জুন মাসে প্রচার হওয়া ইত্যাদি থেকে স্থান পেয়েছে লিটন অধিকারী রিন্টুর কথায় সান্টুর গাওয়া একটি কালজয়ী গান।

এবারের সংকলিত পর্বে রয়েছে বেশ কিছু হৃদয়ছুঁয়ে যাওয়া সামাজিক ও মানবিক প্রতিবেদন।

এর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ ও সোনারগাঁয়ের সমৃদ্ধ ইতিহাস এবং লোক ও কারুশিল্প ফাউন্ডেশন নিয়ে দুইটি তথ্যভিত্তিক প্রতিবেদন।

সোনারগাঁয়ের অবহেলিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া তরুণ শাহেদ কায়েসের ওপর রয়েছে একটি শিক্ষামূলক প্রতিবেদন।

পাশাপাশি স্থান পেয়েছে প্রকৃতিপ্রেমী বৃক্ষসেবক খাইরুল আলমের ওপর তৈরি পরিবেশ সচেতনতামূলক কাজ।

এ ছাড়া কিশোরগঞ্জের হাওরাঞ্চলে নির্মিত অভিনব একটি স্কুল নিয়ে ফলোআপ প্রতিবেদন এবং পানীয় জলের তীব্র সংকটে থাকা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্গম গাবুরা ইউনিয়নের মানুষের কষ্ট নিয়ে থাকছে একটি সংবেদনশীল মানবিক চিত্র।

নিয়মিত সামাজিক অসঙ্গতি নিয়ে বিদ্রূপাত্মক নাট্যাংশের পাশাপাশি পর্বটিতে থাকছে দর্শক পর্ব, নানি-নাতি, মামা-ভাগ্নে ও চিঠিপত্র বিভাগ।