নওগাঁর জ্যেষ্ঠ সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনি মারা গেছেন
তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনি আর নেই।
রোববার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
স্বজনরা বলেন, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিশ্বজিৎ সরকার মনি দীর্ঘদিন দৈনিক জনকণ্ঠ পত্রিকায় নওগাঁ প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। পেশাগত জীবনের পাশাপাশি তিনি নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি ছিলেন।
বিশ্বজিৎ সরকার মনির ছেলে পার্থ সরকার বলেন, বিকালে নওগাঁ পৌরসভার পিরোজপুর এলাকায় তার শেষকৃত্যানুষ্ঠান হয়েছে।
জ্যেষ্ঠ এই সাংবাদিকের প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি সাদেকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ।
তারা তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
পৃথক শোকবার্তায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্র সরকার এবং পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পিযুষ কান্তি সরকার গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
এ ছাড়া জেলার সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
