রয়্যাল এনফিল্ড কিনতে পুলিশ সদস্যদের ঋণ দেবে কমিউনিটি ব্যাংক
এর আওতায় সর্বোচ্চ আড়াই লাখ টাকা ঋণ নেওয়া যাবে। সুদ ৯ শতাংশ; পরিশোধের সময় সর্বোচ্চ ১০ বছর।
রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কিনতে পুলিশের সদস্যদের জন্য বিশেষ ঋণ সুবিধা চালু করতে ইফাদ মটরস লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
বৃহস্পতিবার কমিউনিটি ব্যাংক ও ইফাদ মটরস লিমিটেডের মধ্যে এই সমঝোতা হয় বলে ব্যাংকটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,‘‘ এ সুবিধার আওতায় যোগ্য পুলিশ সদস্যরা সর্বোচ্চ আড়াই লাখ টাকা ঋণ নিতে পারবেন। ঋণের সুদের হার ৯ শতাংশ এবং পরিশোধের মেয়াদ সর্বোচ্চ ১০ বছর। প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামিক ব্যাংকিং সেবার মাধ্যমেও এ ঋণ নেওয়া যাবে।‘‘
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি বাংলাদেশ পুলিশের সদস্যদের প্রয়োজনভিত্তিক আর্থিক সেবা দিয়ে আসছে। ইফাদ মটরসের সঙ্গে এ সমঝোতার মাধ্যমে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় অর্থায়নের সুযোগ তৈরি হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান তাসকীন আহমেদ ও প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মোহাম্মদ আফছার উদ্দিন উপস্থিত ছিলেন।
