অস্ট্রেলিয়া সফর করল এআইইউবির প্রতিনিধি দল
অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল এডুকেশন কনফারেন্স উপলক্ষে তারা এ সফরে যান।
অস্ট্রেলিয় সফর করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রতিনিধি দল।
অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল এডুকেশন কনফারেন্স (এআইইসি) উপলক্ষে তারা এ সফরে যান বলে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সফরের অংশ হিসেবে সিডনিতে অস্ট্রেলিয়ার শিক্ষা বিভাগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন এআইইউবি প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান এবং অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদীন ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একাডেমিক সহযোগিতা, যৌথ গবেষণা, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় এবং দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক অংশীদারত্বের সম্ভাবনা উঠে আসে। এসব উদ্যোগের মাধ্যমে দুই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণে কাজ করছে এআইইউবি।
অস্ট্রেলিয়ার বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক সরকারি সংস্থা অস্ট্রেলিয়ান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনের (অস্ট্রেড) কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
এ ছাড়া অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের (এবিবিএফ) প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে উচ্চশিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতার সুযোগ নিয়ে মতবিনিময় করেন ইশতিয়াক আবেদীন। অস্ট্রেডের এলোদি জুরনে, ভিক সিং, মোস্তাফিজুর রহমান ও স্যান্ডি সেনেভিরত্নের সঙ্গে মতবিনিময় হয়।
